বাংলাদেশে লাশের ময়নাতদন্ত-সংক্রান্ত যুগোপযোগী কোনো আইন ও বিধিবিধান না থাকা একটা বিরাট শূন্যতা তৈরি করে রেখেছে। ময়নাতদন্ত-প্রক্রিয়ায় ন্যূনতম কোনো অবশ্যপালনীয় নিয়মরীতি নেই। চলতি সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশের মানবাধিকার ও ফৌজদারি অপরাধ বিচারব্যবস্থা শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে অধ্যাপক মোযাহেরুল ইসলামসহ বক্তারা সর্বসম্মতভাবে অবিলম্বে আইনি শূন্যতা পূরণের আহ্বান জানিয়েছেন। আইন কমিশনের সদস্য ড. শাহ আলম ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান নতুন আইনের সপক্ষে মত দিয়েছেন। এই আইনের আওতায় প্রতি জেলায় দক্ষ জনবল নিয়োগ করাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
ব্রিটিশ ভারতে ১৮৭১ সালের করোনারস অ্যাক্ট চালু ছিল। করোনার অর্থ হলো অপঘাতজনিত বা সন্দেহজনক মৃত্যুর কারণ তদন্তকারী বিচারক। ওই আইনটির মূল নীতিসমূহ যথেষ্ট আদর্শস্থানীয় এবং এই আইনের আদলে আমরা খুব শিগগিরই দেশে ময়নাতদন্ত-বিষয়ক একটি আইন পেতে পারি। ভারতের সর্বত্র ১৮৭১ সালের করোনার আইন সচল না থাকলেও দেশটির সুপ্রিম কোর্ট এ বিষয়ে একটি গাইডলাইন করে দিয়েছেন। তাতে বলা আছে, অচিহ্নিত লাশের বাধ্যতামূলক ভিডিওগ্রাফি, ডিএনএ পরীক্ষার জন্য ২০ মিলিলিটার রক্ত, ১০০ গ্রাম মাংস, একটি সম্পূর্ণ হাড়, চুল বা নখ রাখতে হবে। ভিসেরায় ব্যবহার করা যকৃত ও পাকস্থলীর ৫০ মিলিলিটার সংরক্ষণ করতে হবে। আর ময়নাতদন্ত প্রতিবেদন হবে এতটাই বিস্তারিত, যা পড়ে সাধারণ মানুষও বুঝতে পারে।
প্রশ্ন উঠেছে, ময়নাতদন্তে ভুল হলে দায় কার? এর উত্তর হলো, এটা ‘মেডিকেল নেগলিজেন্স’ এবং এর প্রতিকার প্রচলিত আইনে আছে। কিন্তু ময়নাতদন্তের আইন না থাকার কারণে ‘ভুল’ সংজ্ঞায়িত ও চিহ্নিত করাতেই সমস্যা হচ্ছে। এর আশু অবসান হওয়া দরকার। তবে তার আগ পর্যন্ত আমরা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে (বিএমডিসি) ময়নাতদন্ত-সংক্রান্ত গুরুতর অনিয়ম ও কর্তব্যে অবহেলাজনিত অপরাধ মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানাব।