ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ কথা ঠিক যে, হত্যাকাণ্ড বা অস্বাভাবিক মৃত্যুর তদন্তকাজের দায়িত্ব প্রাথমিকভাবে পুলিশের। কিন্তু ময়নাতদন্তের জন্য পুলিশ যখন সিভিল সার্জন বা অন্য বিশেষজ্ঞ চিকিৎ​সকের সহায়তা চায়, তখন তাঁকে সত্য তথ্য প্রকাশ থেকে বিরত রাখতে পারে না। ময়নাতদন্তের রিপোর্টকে ‘গোপন দলিল’ বলে একটা নিরঙ্কুশ নিষেধাজ্ঞা চাপানোটা আমাদের দেশের অভিজ্ঞতার আলোকে গ্রহণযোগ্য নয়। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে বিবেচ্য হলো, ভুক্তভোগী বা তার পরিবারের মর্মপীড়া বা সুবিধা হ্রাস-বৃদ্ধি, তথ্য ইতিমধ্যে জনগণ জ্ঞাত কি না, নিহত ব্য​িক্তর মর্যাদা ইত্যাদি।

ময়নাতদন্ত প্রতিবেদনের তথ্য বিস্তারিতভাবে আগেই প্রকাশিত হলে মামলার বাদী বা বিবাদীর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশের ভিত্তি কী, তা স্পষ্ট নয়। ময়নাতদন্তকারী চিকিৎ​সক যে তথ্য সংবাদমাধ্যমকে দেবেন, সেই তথ্যই তো তিনি নথিভুক্ত করবেন। তাহলে মামলা ক্ষতিগ্রস্ত হবে কীভাবে? বরং অনিয়মের আশ্রয় নিয়ে করা ময়নাতদন্তের উদাহরণ আমাদের দেশে কোনো বিরল ঘটনা নয়। কুমিল্লার সোহাগী জাহান তনুর ময়নাতদন্ত প্রতিবেদনের ‘গোপনীয়তা’ বজায় রাখা হলে ভুক্তভোগী পরিবারের স্বার্থরক্ষা একেবারেই হতো না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত ব্যক্তিদের মৃত্যুর কারণ ও ধরন এবং তাঁর শরীরে কতটি গুলির চিহ্ন, কতটি গুলি পেছন দিক দিয়ে এবং কতটি সামনে থেকে শরীরে বিদ্ধ হয়েছে, তার সবিস্তার বর্ণনা মিডিয়ায় তুলে ধরার বিষয়টি দেশের সামগ্রিক বাস্তবতার আলোকেই যাচাই করা জরুরি।

সরকারি চিঠিতে ‘নিহত ব্যক্তির মৃত্যুর কারণ’ সম্পর্কে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংক্ষিপ্ত বক্তব্য না দিতে বলা হয়েছে। যেভাবে ঢালাওভাবে ‘মৃত্যুর কারণ’ প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা উদ্বেগজনক। তথ্য অধিকার আইনের ৭ ধারায় গোপনীয়তার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, আর সেখানে মৃত্যুর কারণ গোপন রাখার কর্তৃপক্ষীয় ধারণা সমর্থিত নয়।