ময়নাতদন্তের তদন্ত হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর লাশের প্রথম ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন ওঠায় দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয়। কিন্তু দ্বিতীয়বারের ময়নাতদন্তেও অনেক প্রশ্নের উত্তর মেলেনি।
তনু নিহত হওয়ার পর ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতর থেকে তনুর লাশ উদ্ধার করে প্রথম ময়নাতদন্ত করেন কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের এক চিকিৎসক। ওই ময়নাতদন্তের প্রতিবেদনে তনুর মাথার জখমের কথা গোপন রাখা হয়। পরে আদালতের নির্দেশে দ্বিতীয় দফা মেডিকেল বোর্ড গঠন করা হলেও তারা ময়নাতদন্ত প্রতিবেদন দিতে কালক্ষেপণ করে আসছিল। দীর্ঘ বিলম্বের পর গত শনিবার মেডিকেল বোর্ড যে প্রতিবেদন দিয়েছে, তাকে শাক দিয়ে মাছ ঢাকার অপপ্রয়াস হিসেবেই বিবেচনা করতে হচ্ছে।
তনুর শরীরে আঘাতের চিহ্নসহ নানা আলামত থাকা সত্ত্বেও ময়নাতদন্তে মৃত্যুর কারণ উদ্ঘাটন করতে না পারা দুর্ভাগ্যজনক। লাশ বিকৃত হওয়ায় মৃত্যুর কারণ উদ্ঘাটন করা যায়নি বলে দাবি করেছেন মেডিকেল বোর্ডের প্রধান। কিন্তু ফরেনসিক বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোজাহেরুল হক আমাদের নিশ্চিত করেছেন যে, লাশ বিকৃত হলেও পারিপার্শ্বিক অবস্থা ও আলামত থেকে মৃত্যুর কারণ বের করা অসম্ভব নয়।
সিআইডির ফরেনসিক প্রতিবেদনে হত্যার আগে তনুকে ধর্ষণ করা হয়েছে বলে জানানো হয়। অথচ মেডিকেল বোর্ড তাকে ‘যৌনসংসর্গ’ বলে চালিয়ে দিয়েছে। মেডিকেল বোর্ড প্রধানের দাবি, চিকিৎসাশাস্ত্রে ‘ধর্ষণ’ বলে কিছু নেই। হত্যা ও ধর্ষণের মতো একটি স্পর্শকাতর বিষয়ে এ ধরনের দায়িত্বহীন মন্তব্য কাম্য নয় বলে অভিমত প্রকাশ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান বলেছেন, ধর্ষণের ঘটনা হলে ময়নাতদন্ত প্রতিবেদনে জোরপূর্বক যৌনসংসর্গের কথাই লেখা হয়। যৌনসংসর্গ ও জোরপূর্বক যৌনসংসর্গের ফারাকটা মেডিকেল বোর্ড প্রধানের না জানার কথা নয়।
যেকোনো হত্যা ও ধর্ষণের ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে সঠিক ও নির্ভুল ময়নাতদন্ত জরুরি। তনুর মা ময়নাতদন্তের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন। সমালোচনা করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যানও। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, তনু হত্যার ময়নাতদন্তেরই তদন্ত হওয়া প্রয়োজন। তনু হত্যার বিচার নিয়ে এই টালবাহানা কেন?