ময়মনসিংহ যুবলীগের জবরদস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন বলেই ময়মনসিংহ যুবলীগের কর্মীদের এই দুঃসাহস হয়েছে এবং এ রকম ঘটনা যে এই প্রথম ঘটছে, তা-ও নয়। যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, প্রতিপক্ষের ওপর সহিংস আক্রমণ, নিজেদের মধ্যে মারামারি এমনকি খুনোখুনির ঘটনা এত বেশি ঘটেছে যে সরকারকে অত্যন্ত বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

কিন্তু যা করা প্রয়োজন তা কখনোই আন্তরিকতার সঙ্গে ও যথেষ্ট মাত্রায় করা হয়নি: আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মী ও সদস্যরা কোনো অন্যায়-অপরাধ করলে সাধারণভাবে তাঁদের বিরুদ্ধে আইন প্রয়োগের দায়িত্ব এড়িয়ে যাওয়া হয়। কোনো কোনো বিশেষ ঘটনায় জনমত ও সংবাদমাধ্যমের প্রবল চাপের মুখে মামলা দায়ের, আসামি গ্রেপ্তার এবং দুয়েকটি ঘটনায় বিচার ও শাস্তির দৃষ্টান্ত দেখা গেছে বটে, কিন্তু সামগ্রিকভাবে ক্ষমতাসীন দল ও তার সহযোগী বা অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীদের জন্য একধরনের দায়মুক্তির পরিবেশ বজায় থেকেছে। ফলে এসব দল ও সংগঠনের নেতা-কর্মীরা নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করার সুযোগ পেয়েছেন। ক্ষমতাসীন দল বা তার সহযোগী সংগঠনের ছত্রচ্ছায়ায় যেকোনো অপরাধ করে পার পাওয়া সম্ভব—এমন ঔদ্ধত্যমূলক ও নীতিহীন মানসিকতার জোরে তাঁরা নানা রকমের অন্যায়-অপরাধে উৎসাহিত হয়ে থাকেন।

অন্যদিকে এসব সংগঠনের কোনো নেতা, কর্মী, সমর্থকের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে আইনানুগ পন্থা বাধাগ্রস্ত করা হয় রাজনৈতিক চাপ বা প্রভাবের দ্বারা। ফলে আইন প্রয়োগকারী সংস্থার উচ্চপর্যায় থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের থানা-পুলিশ পর্যন্ত এমন এক সংস্কৃতি গড়ে উঠেছে, যেখানে ধরে নেওয়া হয় ক্ষমতাসীনদের বেলায় যেন-বা আইন প্রযোজ্য নয়। এভাবে দেশে আইনের শাসনের সংস্কৃতি গড়ে তোলার পথে প্রতিবন্ধকতা থেকেই যাচ্ছে।

কিন্তু এভাবে চলতে দেওয়া উচিত নয়। আইনের ঊর্ধ্বে কেউ নন—এই সত্য বাস্তবে প্রতিষ্ঠা করতে হবে। সরকারকে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে: ক্ষমতাসীন দল বা সহযোগী সংগঠনের ছত্রচ্ছায়ায় কোনো অপরাধীর বিরুদ্ধে আইন প্রয়োগে কোনো বাধা দেওয়া যাবে না।