কুমিল্লার দাউদকান্দি উপজেলায় কালাডুমুর নদের উৎসমুখ ময়লা-আবর্জনা ফেলে ভরাট করার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে পরিবেশের ক্ষতিসহ অন্যান্য যেসব ক্ষতি হচ্ছে এবং হবে, তা সত্যিই উদ্বেগের বিষয়।
গত বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, ময়লা ফেলার কোনো নির্দিষ্ট জায়গা না থাকায় উপজেলার গৌরীপুর বাজারের যাবতীয় ময়লা-আবর্জনা কালাডুমুর নদের উৎসমুখে ও সংলগ্ন খালে ফেলা হচ্ছে। ফলে আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে উৎসমুখটি। নদের আশপাশের এলাকার পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটছে। নদের উৎসমুখ-সংলগ্ন আঙ্গাউড়া গ্রামের শতকরা ৭০ ভাগ জমির আবাদ বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এই নদের পাশেই রয়েছে সুবল আফতাব উচ্চবিদ্যালয়। ময়লা-আবর্জনার গন্ধে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নাক চেপে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয়।
প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০ ও পরিবেশ সংরক্ষণ আইন (২০১০ সালে সংশোধিত) অনুযায়ী পুকুর বা অন্য কোনো ধরনের জলাশয় ভরাট করা বেআইনি। এই বেআইনি কাজটি দিনের পর দিন হয়ে চললেও প্রশাসন নির্বিকার।
এভাবে ময়লা ফেলা অব্যাহত থাকলে আস্তে আস্তে ওই এলাকার সব জমির আবাদ বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। তা ছাড়া জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ফসল নষ্ট, নদীপথে অথবা খালে স্বাভাবিক চলাচল বন্ধ এবং পলিমাটির অভাবে মাঠের জমিগুলোর উর্বরা শক্তি কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
বাজারের ময়লা-আবর্জনা ফেলার জন্য গৌরীপুর পশ্চিম বাজারে নতুন জায়গা নির্বাচন করা এবং ময়লা-আবর্জনায় প্রায় ভরাট হয়ে যাওয়া নদটি দ্রুত খননের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। কিন্তু তাঁরা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি।
পরিবেশ ও ফসল বাঁচাতে হলে দাউদকান্দি উপজেলা প্রশাসনকে খুব দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। কালাডুমুর নদের উৎসমুখে ফেলা সব ময়লা-আবর্জনা অপসারণ এবং নদ খনন করে এতে পানির প্রবাহ স্বাভাবিক রাখতে হবে। শুধু তা-ই নয়, ভবিষ্যতে যাতে এভাবে নদের উৎসমুখে ময়লা ফেলা না হয়, সে জন্যও উদ্যোগ নিতে হবে।