এই ডামাডোলের মধ্যেও ডেইলি স্টার-এর সচিত্র খবর অনেকেরই দৃষ্টি আকর্ষণ করে থাকবে। অভিজাত আবাসিক এলাকা বারিধারায় লুঙ্গি পরিহিত রিকশাওয়ালাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। ওই এলাকার প্রবেশপথের রক্ষীরা লুঙ্গি পরা রিকশাওয়ালাদের প্রবেশে বাধা দিচ্ছেন, এমন ছবিও ডেইলি স্টার-এ ছাপা হয়েছে। পরে আরেকটা ছবিতে দেখা যাচ্ছে, বারিধারায় যেসব রিকশা চলছে, তার চালকেরা সবাই ট্রাউজার পরা।অন্যদিকে কিছুদিন আগে প্রথম আলোর রস+আলোয় একটা ছবি ছাপা হয়েছিল। আমেরিকার রাষ্ট্রদূত ড্যান মজীনা লুঙ্গি পরে রিকশা চালাচ্ছেন। তাঁর পুরো পরিবার তাঁর সঙ্গে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিচ্ছেন। বারিধারার বড় বাসিন্দা যদি নিজে লুঙ্গি পরতে পারেন আর তাঁর ছবি প্রকাশিত হয়ে যায়, আর তিনি শখ করে যদি রিকশাও চালিয়ে থাকেন, তবে আসল রিকশাওয়ালারা কেন পারবেন না, এই প্রশ্ন নিশ্চয়ই বারিধারা বাড়িওয়ালা সমিতির সম্মানিত নেতাদের করা যায়।যষ্মিন দেশে যথাচার, কাছা খুলে নদী পার। আমাদের এই দেশ খালবিল নদীনালায় ভরা। পথে ছোট নদী পড়লে কাছাটা খুলে লুঙ্গিটা ওপরে তুলে লোকে নদী পার হয়ে যেত। সে কারণেই সম্ভবত আমাদের দেশে ধুতি, লুঙ্গি-জাতীয় পোশাকের প্রবর্তন ও প্রচলন। লুঙ্গির যে প্রচুর সুবিধা আছে, তা নিয়ে ইংরেজিতে কবিতা লিখেছেন কবি কায়সার হক। অনেক বিদেশিও বাংলাদেশে এসে লুঙ্গির প্রেমে পড়ে যান এবং যাওয়ার সময় লুঙ্গি কিনে নিয়ে যান।ঢাকার রাস্তার মানুষেরা কী পরে থাকেন, এটা কি কেউ খেয়াল করে দেখেছেন? লুঙ্গি আসলে কমে যাচ্ছে। ঢাকার রাস্তায় লুঙ্গি ধরে রেখেছে প্রধানত রিকশাওয়ালারা। নিশ্চয় রিকশা চালানোর জন্য লুঙ্গির কোনো ব্যবহার-উপযোগিতা আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ভ্যানচালকেরা, অর্থাৎ যাঁরা কিনা তাঁদের তিন চাকার যানটিতে যাত্রী নয়, মালামাল পরিবহন করেন, তাঁরা লুঙ্গি পরেন না, প্যান্ট পরেন। হয়তো ভ্যানচালকেরা নিজেদের রিকশাচালকের চেয়ে উন্নত বলে মনে করে থাকেন। সেটা আপনি টের পাবেন, কোনো একটা আসবাব কিনে সেই দোকানের সামনে দাঁড়ানো ভ্যানওয়ালাকে ভাড়া জিগ্যেস করার পরে। যেখানে রিকশায় কুড়ি টাকায় যাওয়া যায়, সেখানে একটা চেয়ার নিয়ে যাওয়ার জন্য ভ্যানচালকেরা ২০০ টাকা দাবি করে বসবেন।কিছুদিন আগে আমি রাজবাড়ীর এক গহিন গ্রামে গিয়েছিলাম। সেটা ছিল মীর মশাররফ হোসেনের সমাধিস্থল। একটা গবেষণাকেন্দ্রও গড়ে উঠেছে সেখানে। সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে আমি তো অবাক। গ্রামের অনুষ্ঠান, কিন্তু তরুণ দর্শকদের কারও পরনে লুঙ্গি নেই। তারা সবাই প্যান্ট পরেছে। বেশির ভাগেরই পরনে আবার জিনস। সমাজবিজ্ঞানীরা এর ব্যাখ্যা দিতে পারবেন, আমার মনে হয়েছে, আমাদের গ্রামগুলো সচ্ছল হয়ে উঠেছে আর সংস্কৃতি একটা নিত্য পরিবর্তনশীল বিষয়!লুঙ্গি আর প্যান্টের আলোচনা থাকুক। আমরা এবার একটা গুরুতর বিষয়ে যাব। তা হলো, বিএনপির শীর্ষস্থানীয় নেতারা কারাগারে। একটা বিশাল রাজনৈতিক দল, যারা নির্বাচনের মাধ্যমে একাধিকবার ক্ষমতায় এসেছে, তাদের বড় নেতাদের গাড়ি ভাঙচুরের অভিযোগে কারাগারে প্রেরণটা আর যা-ই হোক, রাজনীতিতে সমঝোতার আশাকে উসকে দেয় না। অথচ এই মুহূর্তে দেশের প্রত্যেকটা মানুষ শান্তি চায়। আর শান্তির জন্য রাজনৈতিক সমঝোতা ছাড়া আর কোনো পথ আছে বলে আমাদের জানা নেই। আমরা হরতাল চাই না, সেটা সম্মিলিত সাংস্কৃতিক জোটের হরতাল হোক আর হেফাজতে ইসলামের ডাকা হরতাল হোক। নেতাদের কারাগারে পাঠালে বিএনপি যে হরতাল ডাকবেই, সেটা তো যেকোনো বাচ্চা ছেলেও বোঝে।এই দেশে অনেকেই একটা বিশাল দ্বন্দ্ব বা বিরোধ দেখছেন। একটা যুদ্ধ আসন্ন, সে জন্য কেউ কেউ ‘কে আছো জোয়ান হও আগুয়ান’ বলে রব ছাড়ছেন, কেউ বা রাজায় রাজায় যুদ্ধ হলে উলুখাগড়ার প্রাণ যাবে ভেবে ভয়ে জেরবার হয়ে যাচ্ছেন। যুদ্ধ যদি হয়ও, তা হবে রাজায় রাজায় কিংবা বলা যায় রাজা যাঁরা হতে চান, তাঁদের মধ্যে, তাঁদের জন্য, তাঁদের দ্বারা। আর তার শিকার হবে জনতা, উলুখাগড়া, সাধারণ মানুষ, দেশ, দেশের ভবিষ্যৎ ও ভবিষ্যৎ প্রজন্ম। খবরের কাগজেই পড়েছি, উত্তর বাংলার এক সাধারণ নাগরিক বলেছেন, আসল গন্ডগোল ‘চিয়ার’ নিয়া। অর্থাৎ গদিতে কে বসবেন, এইটা হলো সব গন্ডগোলের মূলে।একেবারে খাঁটি কথা। আদৌ কি এই দেশে মানুষে মানুষে কোনো বিরোধ আছে? একটা নতুন কথা শোনা যাচ্ছে, মুক্তিযুদ্ধ আর ধর্মকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। এ পক্ষ ও পক্ষকে, ও পক্ষ এ পক্ষকে এ জন্য দোষ দিচ্ছে। আমি বলি, এ ধরনের কোনো বিরোধ আদৌ ছিল না, এখনো নেই, কাজেই এই বিরোধ যদি এখন কিছু দেখা দিয়েও থাকে, এটা টিকবে না। বাংলাদেশের প্রায় সব মানুষই মুক্তিযুদ্ধের পক্ষে। আর বাংলাদেশের সব মানুষ স্বাধীনতার পক্ষে। বাংলাদেশের মানুষ, যিনি যে ধর্মেরই হোন না কেন, ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, জীবনে-মরণে তাঁরা ধর্মের চর্চা করে থাকেন। একাত্তর সালে যাঁরা যুদ্ধে গেছেন, তাঁরা জয় বাংলা বলে স্নোগান দিয়েছেন, আবার আল্লাহ-খোদার নাম নিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথায় ব্যাপারটার প্রতিফলন আছে, ‘ফাঁসির মঞ্চে গিয়েও আমি বলব, আমি বাঙালি, বাংলা আমার ভাষা, বাংলা আমার দেশ, আমি মুসলমান, মুসলমান একবার মরে, দুইবার মরে না।’ অন্যত্র তিনি বলেছিলেন, ‘বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এর একটা মানে আছে, মুসলমান তার ধর্ম পালন করবে, হিন্দু তার ধর্ম পালন করবে, বৌদ্ধ তার ধর্ম পালন করবে, খ্রিষ্টান তার ধর্ম পালন করবে, কিন্তু ধর্ম নিয়ে কেউ রাজনীতি করবে না।’ হেফাজতে ইসলাম নিশ্চয়ই ধন্যবাদ পাবেন, তাদের মহা-মহাসমাবেশটা ছিল শান্তিপূর্ণ। এত বড় সমাবেশ ইদানীংকালে ঢাকায় হয়েছে বলে মনে হয় না। এবং মনে রাখতে হবে, হরতাল সত্ত্বেও হেঁটে এত মানুষ নানা জায়গা থেকে এসেছিলেন। এবং শেষ পর্যন্ত তাঁরা শান্তিশৃঙ্খলা বজায় রেখেছেন।ছোটবেলা থেকেই দেখে এসেছি, আমাদের সমাজে সব পেশার, সব মতের, সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে, যার যার কাজ করছে। ইমাম সাহেবদের, মৌলভি সাহেবদের, আলেম সাহেবদের শ্রদ্ধাভক্তি করেই আমরা বড় হয়েছি। আবার মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, আবার পাড়ার রিকশাওয়ালা কিংবা চর্মকারের ছেলে—আমরা সবাই মিলে পাড়ার মাঠে ফুটবল খেলেছি। কিন্তু সময় বদলে যাচ্ছে। অর্থনৈতিক নানা কর্মকাণ্ড চলছে। দেশের লোকসংখ্যা বেড়েছে। শিক্ষার হার বেড়েছে। শিক্ষাব্যবস্থায় বৈষম্যও প্রকট হয়ে উঠেছে। মানুষ ব্যস্ত, আত্মকেন্দ্রিক। ফলে সমাজে সব মানুষের মধ্যে, সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে যে মিলন, যে সমন্বয়-প্রক্রিয়া, সেটার সুযোগ কমে গেছে। আমাদের দেশে কিন্ডারগার্টেন হয়েছে, ইংরেজি মাধ্যমে পড়ছে অনেকে, বেশির ভাগ পড়ছে বাংলা মাধ্যমে, আবার মাদ্রাসায় আছে দুটো ভাগ, আলিয়া মাদ্রাসা আর কওমি মাদ্রাসা। এসবের মধ্যে কেবল পাঠ্য বিষয়ে বৈষম্য আছে তা-ই নয়, শ্রেণীগত বৈষম্য আছে। আমাদের দেশের কওমি মাদ্রাসায় পড়া এবং তার সঙ্গে যুক্ত এক বিশালসংখ্যক নাগরিকের মনের কথা বাকিরা কখনো পাঠ করার চেষ্টা কি করেছেন? গণমাধ্যমে যদি তাঁদের চরিত্রকে হেয় করে দেখানো হয়, তাঁরা দুঃখ পাবেন, প্রতিবাদ করবেন, এটাই কি স্বাভাবিক নয়? কওমি মাদ্রাসার একজন বড় নেতা একবার বলেছিলেন, কওমি মাদ্রাসার ছেলেরা জামায়াত-শিবির হয় না। কথাটায় কিন্তু সত্যতা আছে। তবু বলব, এই সমাজে আসলে কোনো বিভাজন নেই। হেফাজতে ইসলামের সমাবেশে বিএনপি-জাতীয় পার্টি গেছে প্রকাশ্যে, আওয়ামী লীগের ভোটাররাও কি যায়নি? অন্যদিকে আওয়ামী লীগাররা ব্যক্তিজীবনে ধর্ম-কর্ম কারও চেয়ে কম করেন বলে তো দেখা যায় না। অর্থাৎ বলতে চাইছি, মুক্তিযুদ্ধের সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই। আবার মাদ্রাসায় পড়ুয়া কিংবা বাংলা মাধ্যম স্কুলে পড়া ছাত্রদের মধ্যেও কোনো বিরোধ নেই, বৈষম্য রয়েছে। আমরা একই দেশের একই সমাজের নাগরিক। যেটা দরকার, তা হলো, মেলামেশা, ভাব-বিনিময়। থিসিস আর অ্যান্টিথিসিস থেকে সিনথেসিস।তাহলে একটা আপাতবিরোধ বা দ্বন্দ্ব দেখা যাচ্ছে কেন? কারণটা ওই সাধারণ নাগরিক ভাইটি একেবারে ঠিকঠাক ধরে ফেলেছেন। চেয়ার নিয়ে সব গন্ডগোলের সূত্রপাত। এই সরকার কিছু ভালো কাজ নিশ্চয়ই করেছে, কিন্তু কিছু মহাকেলেঙ্কারিও করেছে, শেয়ার মার্কেট, পদ্মা সেতু কিংবা হল-মার্ক তার উদাহরণ। এ দেশের মানুষ পাঁচ বছর পর পর ভোট দিয়ে নিজেদের পছন্দের মতো দল বা জোটকে ক্ষমতায় বসাবে, এটা এর আগেরবার বিএনপি-জামায়াত জোট পছন্দ করেনি, তারা নানা ষড়যন্ত্র করেছে। এবার আওয়ামী মহাজোট তো সংবিধান সংশোধনই করে ফেলেছে, আদালতের রায় পুরো প্রকাশিত হওয়ার আগেই। জনগণের ভরসা এবং দেশের ভেতরে ও বাইরে প্রশংসিত তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটাই আর নেই। যতই আদালত কিংবা সংবিধানের দোহাই দেওয়া হোক, আসল অভিপ্রায় যে ক্ষমতায় টিকে থাকা, সেটা তো আর গোপন রাখা যায় না। অন্যদিকে বিরোধী দলের ওপরে, অন্য সব সরকারের আমলের মতোই চলছে জুলুম-নির্যাতন। এ দেশে ক্ষমতা পাওয়া মানে ধরাকে সরা জ্ঞান করা, আর ক্ষমতাচ্যুত হওয়া মানেই সব দিক থেকে নির্যাতন-নিপীড়ন ভোগ করা। এই দ্বন্দ্ব থেকেই আর সব দ্বন্দ্ব উদ্ভূত হয়েছে। এখন সরকার আর বিরোধী দল উভয়ই চেষ্টা করছে হেফাজতে ইসলামের চিত্ত জয় করতে। সেটাও আসন্ন ভোটের দিকে খেয়াল রেখে, কিংবা গদি রক্ষা করা ও গদিচ্যুত করার উদ্দেশ্য থেকে।আমাদের দেশের ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি। আমাদের বেশির ভাগ পুরুষ লুঙ্গি পরেন, একটু শ্রেণী-উন্নীত মানুষ হয়তো বাইরে প্যান্ট বা পায়জামা পরেন, ঘরে লুঙ্গিই পরেন। আবার গ্রামের কিশোর-তরুণেরাও এখন গার্মেন্টস বিপ্লবের কারণে প্যান্ট পরিধান করেন। আরেকটু শহুরেরা হয়তো ঘরেও আর লুঙ্গি পরেন না। কিন্তু তাই বলে লুঙ্গিতে আর প্যান্টে কোনো মারামারি হবে, এটা নিশ্চয়ই আমরা আশা করি না। আমাদের সংস্কৃতির চিহ্নের এই পরিবর্তনগুলো নিশ্চয় সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক নানা তাৎপর্য বহন করে। এসব নিয়ে সমাজবিজ্ঞানীরা গবেষণা করতে পারেন, পিএইচডিও করা যেতে পারে।কিন্তু মোটের ওপরে মনে রাখতে হবে, আমাদের সমাজটা চিরকালই ছিল সমন্বয়ের সমাজ। আমরা পরস্পরের সঙ্গে মিশেছি, মিলেছি, নিয়েছি, দিয়েছি, আত্মার আত্মীয় হয়েছি, শান্তিতে বসবাস করেছি।এখন অর্থনৈতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, বিশ্বায়ন, তথ্যপ্রযুক্তির দ্রুত উন্নতি ইত্যাদি যেন আমাদের মানুষে মানুষে, শ্রেণীতে শ্রেণীতে, পেশায় পেশায়, মূল্যবোধে মূল্যবোধে এমন দ্বন্দ্ব সৃষ্টি না করে, যা সমাজ-রাষ্ট্রে অশান্তি তৈরি করে। দেশি-বিদেশি রাজনীতিক-স্বার্থবাদীরা তা চাইতে পারে, কিন্তু আমরা যেন তাঁদের পাতা ফাঁদে পা না দিই।আর নেতাদের বলি, সমঝোতার কোনো বিকল্প নেই। সরকারকে বলি, বিরোধী নেতাদের মুক্তি দিন। বিরোধীদেরও বলি, সমঝোতার কোনো সূত্র পাওয়া গেলে তা ধরেই অগ্রসর হোন।এই অশান্তি আর ভালো লাগে না। এই অশান্তি এই দেশের অর্থনীতি সহ্য করতে পারবে না। দেশের ১৫/১৬ কোটি মানুষ আপনাদের ক্ষমতা লোভের জন্য বড় বেশি মূল্য এরই মধ্যে কি দিয়ে ফেলেনি?আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।