যদি তিনি না-ও থাকেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি ছিলেন বিস্ময়কর একজন মানুষ। তাঁর প্রতি প্রবল আকর্ষণ আর কৌতূহল ছিল সবার। আড়চোখে দেখি সেই তিনি বিচিত্রা অফিসে এসেছেন একদিন। প্রতাপশালী সাপ্তাহিক বিচিত্রা একসময় তাঁর নন্দিত নরকে ছাপতে চায়নি। ড. আহমদ শরিফের মতো পণ্ডিত সেই উপন্যাস পড়ে মুগ্ধ হয়ে লেখার পর চৈতন্যোদয় হয় অনেকের। আমি যখন বিচিত্রায় চাকরি শুরু করি ১৯৮৯ সালে, তত দিনে তিনি জীবন্ত কিংবদন্তি হয়ে উঠেছেন। বিচিত্রারও ঈদসংখ্যা থেমে থাকত তাঁর লেখা না পাওয়া পর্যন্ত। সেই হুমায়ূন আহমেদ বিচিত্রায় এসেছেন! চারপাশের ফিসফিসানো শুনে বুঝতে পারি তাঁর বিরুদ্ধে সারা দেশে আইনজীবীরা মানহানির মামলা করছেন—বিচিত্রার পরবর্তী প্রচ্ছদ কাহিনি হবে তা নিয়ে। আমাকেই হয়তো লিখতে হবে তা। কোথায় আমি খুশি হব, উল্টো তরুণ বয়সের ঔদ্ধত্য নিয়ে নিজের চেয়ারে বসে থাকি। আমাকে ডাকা হয় তাঁর কাছে। গম্ভীর হয়ে চিন্ময় মুৎসুদ্দীকে বলি উনাকে নিয়ে আসেন এখানে! উনি নিজেই আসেন। হতবাক হয়ে দেখি আমার টেবিলের সামনে বসে তিনি বলছেন: ভাই, আমার নাম হুমায়ূন আহমেদ! ১৯৯১ সালে ‘সাহিত্য বনাম আদালত’ প্রচ্ছদ কাহিনি লেখার সূত্রে তাঁর কাছে যাওয়ার সুযোগ ঘটে আমার। এলিফ্যান্ট রোডে আমার বাসার কাছে তাঁর বাসা তখন। তাঁর উঁচুতলার ফ্ল্যাটে উঠতে গেলে নিচে কেয়ারটেকার আটকে দেয় মানুষকে। তিনি তাঁদের বলে রেখেছেন আমার কথা। আমি গটগট করে ওপরে যাই, তিনি থাকলে তাঁর সঙ্গে গল্প করি, না থাকলে তাঁর পরিবারের সঙ্গে। আমাকে গুলতেকিন ভাবি জানালেন এক অবিশ্বাস্য কাহিনি! হুমায়ূন আহমেদের সঙ্গে আমার আসলে দেখা হয়েছিল আগেই। তাঁর স্তুতিমূলক বহু বই লেখা হতো তখন, আমার একজন শ্রদ্ধাভাজন সাংবাদিকও তাঁকে নিয়ে এমনি একটি বই লিখেছিলেন। বইমেলায় গিয়ে দেখি গুরুগম্ভীর সেই মানুষটি হুমায়ূন আহমেদের পাশের চেয়ারে হাসিমুখে বসে আছেন! অনেকের উসকানি ছিল, আমারও বেয়াদবির নেশা ছিল। তাঁকে গিয়ে সোজা বলে বসি: হুমায়ূন আহমেদের মতো লেখকের পাশে বসে আপনার বই বিক্রি বাড়াতে হবে!ভাবি আমাকে জানালেন, অনেক ভক্ত-পাঠকের ভিড়েও তিনি আমার এই মন্তব্য শুনেছিলেন। বাসায় এসে তাঁকে এটি বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেন। আমার সঙ্গে তাঁর আনুষ্ঠানিক পরিচয় পর্যন্ত হয়নি তখন। সেই আমার এতটুকু কথায় তিনি এমন আঘাত পেলেন! আমার উচিত ছিল সারা জীবন তিনি কষ্ট পেতে পারেন এমন কিছু আর না বলা, না করা। আমি তা পারিনি। তিনি ছিলেন অবিশ্বাস্য একজন মানুষ। তাঁকে ভালোবাসতে পারার জন্য যতটুকু যোগ্যতা প্রয়োজন, তা ছিল না আমাদের অনেকেরই। মহাকাশবিজ্ঞান, ধর্মতত্ত্ব, জ্যোতিষবিদ্যা, ম্যাজিক, লালন শাহ্, জন স্টেইনবেক বা অ্যালেন পো—সবকিছুতে তাঁর কাছে ছিল মন্ত্রমুগ্ধ করার মতো গল্প। তিনি সবচেয়ে অনায়াসে হিউমার করতে পারতেন, সবচেয়ে সহজ করে কঠিন বিষয় ব্যাখ্যা করতে পারতেন, সবচেয়ে সোজাসাপ্টাভাবে মানুষকে গ্রহণ বা বর্জন করতে পারতেন। তাঁর বন্ধুরা অবলীলায় তাঁর শিষ্যে পরিণত হতো, তাঁর সমালোচকেরা ঈর্ষাকাতর হয়ে তাঁর শত্রুতে পরিণত হতো, তাঁর উপন্যাসের পাঠকেরা মন্ত্রমুগ্ধ হয়ে সত্যি সত্যি হিমু, মিছির আলী বা শুভ্র হওয়ার চেষ্টা করত। একনজরে সাধারণ একজন মানুষ হয়েও তিনি অসামান্য ও অদ্বিতীয় ছিলেন তাঁর সৃষ্টি আর সৃজনশীলতার কারণে। আশির দশকে তারাশঙ্কর, সমরেশ বসু আর মাহমুদুল হকের উপন্যাস পড়ে পড়ে আমরা বড় হয়েছি। গোর্কি, চেখভ, টলস্টয় না পড়ার কথা তখন চিন্তাও করা যেত না। কিন্তু তাঁর বইয়ের মতো গোগ্রাসে আর কারও বই-ই পড়িনি আমরা। দুই মলাটের একটিমাত্র বইতে পাঠককে ক্রমাগতভাবে কাঁদানো আর হাসানোর যে ক্ষমতা তাঁর ছিল, তা ছিল অতুলনীয়। লেখক হিসেবে তিনি একই সঙ্গে সহজাত, সহজবোধ্য এবং শক্তিশালী ছিলেন। ফলে সমাজের সকল স্তরে অবিশ্বাস্য জনপ্রিয়তা অর্জন করেন তিনি। তাঁর লেখা সুনীল আর শীর্ষেন্দুকে হটিয়ে দিয়েছিল, তাঁর নাটকের ছোট সংলাপ সারা দেশে মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জন্ম ঘটিয়েছিল, তাঁর চলচ্চিত্র বলিউডের খানদের আর হলিউডের টার্মিনেটরদের থেকে দর্শকদের ফিরিয়ে এনেছিল। সকল অর্থে তিনি ছিলেন বাংলাদেশের একমাত্র মেগাস্টার!তিনি কোনো কিছুর ধার ধারতেন না। নিজের ইচ্ছেমতো লিখতেন, যা ইচ্ছে বলতেন, যেভাবে খুশি নাটক বা সিনেমার চিত্রায়ন করতেন। তিনি এমনকি জীবন যাপনও করতেন সম্পূর্ণ স্বেচ্ছাচারীভাবে। কষ্ট করে ইমেজ ধরে রাখা, অমীমাংসিত কোনো জীবন যাপন করা কিংবা স্নেহের বন্ধন মোচনের আশঙ্কা—কোনো কিছুর পরোয়া করতেন না। যেভাবে যখন চাইতেন ঠিক সেভাবে জীবন যাপন করতেন। তাঁর সৃষ্টির প্রতি মানুষের আকর্ষণ বা পাঠকের কাছে তাঁর অতুলনীয় আসন কখনো টলে যায়নি তাতে। তাঁর ভালোবাসা যেমন তীব্র, বর্জন তা-ই। আমার ধারণা, মৃত্যুর আগ পর্যন্ত তাঁর অপছন্দের মানুষদের একজন ছিলাম আমি। অথচ একসময় তিনি আমাকে অকাতরে স্নেহ করেছেন, ভালোবেসেছেন। আমাকে তাঁর একটি প্রিয় বই উৎসর্গও করেছিলেন। তিনি সারা রাত জেগে আমার সঙ্গে দাবা খেলতেন, আমার মন খারাপ হবে বলে চালাকি করে দু-একবার হেরেও যেতেন, পিএইচডি করার ফাঁকে দেশে এলে গল্প করার জন্য নুহাশপল্লী নিয়ে যেতেন, তাঁর ছবির শুটিং দেখতে গেলে সবার কাছে অসম্ভব কিছু বলে পরিচয় করিয়ে দিতেন। দু-একবার প্রশংসা করে তিনি এমন কিছু বলতেন, যা লেখার সাহসই নেই আমার আর এখন।আমি না পেরেছি তাঁর ভালোবাসার কোনো মূল্য দিতে, না পেরেছি তাঁর বিশ্বাসের সমান কিছু হতে। বরং ক্ষুদ্ররা বড়দের মাঝে বিলীন হওয়ার যে ভয় থেকে নিষ্ঠুর আক্রমণ করে, অনেকটা সময় তা-ই করেছি তাঁর সঙ্গে। সেই গ্লানি সারা জীবনে শেষ হবে না আমার, শেষ হওয়া উচিতও নয়। মাত্র কয়েকটা বছর তাঁর ঘনিষ্ঠ ছিলাম। তাঁর সঙ্গে আমার শেষ দেখাও প্রায় এক যুগ আগে। কিন্তু সেই আমিও তাঁর মৃত্যুসংবাদ শুনে থমকে যাই। বরফ হয়ে বসে থাকি অনেকক্ষণ, বাতি নিভিয়ে শুয়ে পড়ি, আবার বাতি জ্বালিয়ে অন্ধকার আকাশ দেখি। এই আকাশের মেঘ আর জ্যোৎস্না তাঁর অনেক প্রিয় ছিল। আকাশ, মেঘ আর জ্যোৎস্নার জগতেই কি তিনি চলে গেলেন অবশেষে! তিনি কি দেখছেন, তাঁর প্রিয় নুহাশপল্লীর ঘাসফুল, দিঘির জল আর লিলুয়া বাতাসের চেয়েও পরম মমতায় তাঁকে মনে করছে এখন বাংলাদেশের মানুষ? হুমায়ূন আহমেদ নেই, কিন্তু তিনি থাকবেন। তাঁর থাকাটা খুব জরুরিও। ভিনদেশি সংস্কৃতি আর পরাধীন চিন্তা বাংলাদেশকে বারবার গ্রাস করার আশঙ্কা জাগিয়েছে। হুমায়ূন আহমেদ ছিলেন বলে তা হয়নি। তাঁর অনবদ্য সব সৃষ্টি আর তাঁর অনুপ্রেরণা থাকবে বলে তা হবেও না হয়তো কোনো দিন। তবে আমি এসব লিখি আর ভাবি, তিনি কি আর গ্রাহ্য করেন এসব ইহলৌকিক বিষয়ের! আসিফ নজরুল: অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।