দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০০৪ সালে কেনা এক্স-রে যন্ত্র ২০১৬ সালেও চালু করা যায়নি! প্রথমে কক্ষ ছিল না, যখন কক্ষ হলো, তখন বিদ্যুৎ ছিল না। ইতিমধ্যে যন্ত্রটি একবারের জন্যও ব্যবহৃত হয়নি। সরকারি অর্থের এমন অপচয়ের দায় তো কাউকে না কাউকে নিতে হবে।
২০০৪ সালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ থেকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় একটি নতুন এক্স-রে যন্ত্র। কিন্তু জেলা পরিষদ থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ কেউই ভাবেনি যে, এর ব্যবহার কোথায় রেখে করা হবে? কর্তৃপক্ষের তরফে এখন যুক্তি দেওয়া হচ্ছে যে যন্ত্রটি স্থাপন করার মতো অতিরিক্ত কোনো কক্ষ সেখানে ছিল না, এটা কি হতে পারে? উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য জরুরি এক্স-রে যন্ত্রটি বসানোর কোনো স্থান না পাওয়া আসলে বোধগম্য নয়।
এর জন্য নতুন কক্ষ নির্মিত হতে সময় লাগল আট বছর! কী করেছে এত দিন উপজেলা ও জেলা কর্তৃপক্ষ? স্বাস্থ্য মন্ত্রণালয়ই বা কোন ভূমিকা পালন করেছে? গত রোববারের প্রথম আলোর সংবাদে উল্লেখ আছে যে জেলা প্রশাসন পর্যায়ে এ বিষয়ে অনেক বৈঠক হয়েছে। কিন্তু সেসব নিষ্ফলা বৈঠকে কোনো সুরাহা না হওয়াও কি গ্রহণযোগ্য? কোটি টাকা ব্যয়ে জনগণের করের অর্থে কেনা একটি সেবাযন্ত্র জনগণের কোনো কাজেই এল না? অথচ ওই এক্স-রে যন্ত্র সচল থাকলে দীঘিনালার মতো পার্বত্য এলাকার সুবিধাবঞ্চিত একটি এলাকার মানুষের উপকার হতো। কক্ষ পাওয়া গেলেও বিদ্যুতের নিম্ন ভোল্টেজের কারণে যন্ত্রটি চালু না করতে না পারার কারণটিও সন্দেহজনক।
সারা দেশেই এ রকম অনেক সরকারি হাসপাতাল রয়েছে, যেখানে একেশ্রণির কর্মকর্তার যোগসাজশে দামি দমি যন্ত্র কাজে লাগানো হয় না স্রেফ বাইরের ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোর ব্যবসা চাঙা রাখার স্বার্থে। পুরো বিষয়টি নিয়ে তাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুসন্ধান জরুরি হয়ে পড়েছে।