কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে পাশাপাশি দুটি শয্যায় সাত বছর ও নয় বছর বয়সী দুটি মেয়েশিশু যন্ত্রণায় কাতরাচ্ছে। হাসপাতালের চিকিৎসকেরা তিন দিন ধরে তাদের স্বাভাবিক করার চেষ্টা করছেন। কিন্তু শিশু দুটি স্বাভাবিক হচ্ছে না। ধর্ষণের শিকার হয়ে তাদের এই অবস্থা।
বুধবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, সাত বছর বয়সী মেয়েটির বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়। ১৭ জুন সন্ধ্যায় নিজ গ্রামের একটি বাগানে নিয়ে প্রথমে কিল-ঘুষি মেরে চোখমুখ থেঁতলে দেওয়া হয় মেয়েটির। এরপর ধর্ষণ শেষে তাকে পুকুরে ছুড়ে ফেলে দেয় ধর্ষকেরা। রাতে গ্রামবাসী উদ্ধার করে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে। ধর্ষণের শিকার নয় বছর বয়সী মেয়েটির বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়। ১৮ জুন দুপুরে মাদ্রাসায় পড়তে গেলে এক শিক্ষক তাকে একটি কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
কতটা মনোবিকৃতি ঘটলে একজন পুরুষ একটি শিশুকে ধর্ষণ করতে পারে। ধর্ষণের ক্ষেত্রে অনেক সময় নারীর পোশাক কিংবা হাঁটাচলাকে দায়ী করা হয়। কিন্তু শিশু ধর্ষণের ক্ষেত্রে কী দায়ী করা হবে? ধিক! সেসব পুরুষের, যারা শিশু ধর্ষণ করে। শিশুদের প্রতি এ জঘন্য আচরণ যারা করেছে, তাদের সামাজিকভাবে বর্জন করতে হবে।
নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, কোনো পুরুষ যদি কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে, তাহলে তার শাস্তি হবে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। কিন্তু আইন প্রয়োগ ও বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে অনেক সময়ই হয় না। তাই, নারী ও শিশু নির্যাতন আইন সংশোধন করে দ্রুত বিচারের ব্যবস্থা করা উচিত। শিশুদের যারা ধর্ষণ করে তাদের আইনের আলাদা ধারার মাধ্যমে দ্রুত বিচার করে শাস্তি নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। কেননা, এই ঘৃণ্য অপরাধ মামলার দ্রুত বিচার ও কঠিন শাস্তিই পারে মানবরূপী পশুদের নিবৃত্ত করতে।