যশোর পুলিশে অপরাধপ্রবণতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমবার প্রথমআলোর প্রথম পাতায় প্রকাশিত এক প্রতিবেদনে যশোর পুলিশের অপরাধপ্রবণতার কিছু চিত্র ও তথ্য-উপাত্ত তুলে ধরা হয়েছে। পাঁচটি সুনির্দিষ্ট ঘটনার সংক্ষিপ্ত বিবরণ রয়েছে, যেখানে পুলিশ সদস্যদের আচরণ ছিল গুরুতর অপরাধমূলক। গত বছরের ২৬ ডিসেম্বর রাতে কেশবপুর উপজেলার জাহানপুর বাজারে আবদুল মতিন নামের এক মুদি দোকানির দোকানে ইয়াবা বড়ি রেখে তাঁকে ফাঁসাতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে আটক হন পুলিশের এক এসআই ও তিন কনস্টেবল। লোকজন তাঁদের তিন ঘণ্টা তালাবদ্ধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। এ রকম আরও চারটি ঘটনায় গত সাত মাসে পুলিশের মোট ১২ সদস্যকে জনতা হাতেনাতে ধরেছে।

কিন্তু জনতা ধরতে পারেনি, এমন ঘটনা যে কত ঘটেছে, তার হিসাব নেই। যশোরের পুলিশ সুপার বলেছেন, গত ২ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৫১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেওয়া হয়েছে। আরেকটা হিসাবে যশোর পুলিশ বলেছে, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ২১৮ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে ‘বিভাগীয় মামলা’ হয়েছে, ২৪ জন গুরু দণ্ড পেয়েছেন, লঘু দণ্ড পেয়েছেন ১৯৪ জন। এই পরিসংখ্যান থেকে যশোর পুলিশের নৈতিক অধঃপতন ও অপরাধপ্রবণতার ব্যাপ্তি সহজেই অনুমান করা যায়।

দেশের অন্যান্য অঞ্চলেও পুলিশ সদস্যদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ পাওয়া যায়। সারা দেশেই পুলিশের একশ্রেণির সদস্যের মধ্যে অপরাধপ্রবণতা বেড়ে গেছে। এটা বন্ধ করা একান্ত জরুরি। পুলিশ সদস্যদের অপরাধের বিচার পুলিশ কর্তৃপক্ষের দ্বারা সম্ভব নয়; এ জন্য একটা স্বাধীন স্বতন্ত্র কমিশন গঠন করা দরকার, যেমনটি অনেক গণতান্ত্রিক দেশেই রয়েছে। পুলিশ, ডিবি পুলিশ ও র‍্যাবের একশ্রেণির সদস্যের অপরাধপ্রবণতা বন্ধ করার কার্যকর উদ্যোগ নেওয়া না হলে অপরাধ দমন ও আইন প্রয়োগব্যবস্থা অচিরেই অকার্যকর হয়ে পড়তে পারে।