যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০টি বিভাগের প্রধানের পদত্যাগের ঘটনাটি উপাচার্য যত হালকাভাবেই নিন না কেন, এটি ওই শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অত্যন্ত লজ্জার ও উদ্বেগের। এই শিক্ষকেরা সহকর্মী শিক্ষকদের লাঞ্ছনার ও শিক্ষক সমিতির সভাপতির প্রাণনাশের হুমকির প্রতিবাদে পদত্যাগের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। চারজন বিভাগীয় প্রধান ছুটিতে থাকায় তাঁরা পদত্যাগপত্র জমা না দিলেও পদত্যাগী শিক্ষকদের সঙ্গে আছেন বলে জানিয়েছে শিক্ষক সমিতি।
প্রকাশিত খবর থেকে জানা যায়, গত ৮ ও ৯ জানুয়ারি র্যাগিংয়ে মদদদাতা কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের র্যাগিংবিরোধী ব্যানার ছিঁড়ে ফেলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা এর প্রতিবাদ জানালে শিক্ষক সমিতির সভাপতি ড. ইকবাল কবীরকে ফোনে প্রাণনাশের হুমকি দেন ছাত্রলীগের এক নেতা। এর প্রতিবাদে গত ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। অত্যন্ত দুঃখজনক হলো সেখানেও হামলা চালান ওই শিক্ষার্থীরা। এর প্রতিবাদে শিক্ষক সমিতি ফের প্রতিবাদ কর্মসূচি নিলে প্রশাসন ও নাগরিক সমাজ প্রতিকারের আশ্বাস দেয় এবং শিক্ষকেরাও কর্মসূচি প্রত্যাহার করে নেন। তাঁরা আশা করেছিলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৫৩তম রিজেন্ট বোর্ডের সভায় শিক্ষক লাঞ্ছনাকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ২০ জন বিভাগীয় প্রধান একযোগে পদত্যাগ করেন।
উল্লেখ্য, বিভাগীয় প্রধানদের পদত্যাগের মধ্যেই শিক্ষকদের কর্মসূচি সীমাবদ্ধ নেই। একই সঙ্গে তাঁরা অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত শিক্ষকেরা ক্লাস পরীক্ষা নিলেও ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করছেন তাঁরা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা। এটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতি কাম্য নয়।
কিন্তু উপাচার্যের মনোভাব দেখে মনে হচ্ছে তিনি শিক্ষকদের কর্মবিরতি বা পদত্যাগকে মোটেই আমলে নিচ্ছেন না। তাঁর অবস্থানে মনে হচ্ছে তিনি শিক্ষক লাঞ্ছনাকারীদের বাঁচাতে ব্যস্ত। উপাচার্য হিসেবে সহকর্মী শিক্ষকদের প্রতি তাঁর যে ন্যূনতম সংবেদনশীলতা থাকা প্রয়োজন, তা–ও তিনি দেখাতে ব্যর্থ হয়েছেন। সমস্যার ন্যায়সংগত প্রতিকার না খুঁজে তিনি একযোগে সবাই পদত্যাগ করতে পারেন কি না, সেই প্রশ্ন তুলেছেন।
বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিরোধী কোনো ছাত্রসংগঠনের উপস্থিতি নেই বললেই চলে। সরকার সমর্থক ছাত্রসংগঠনটিই ক্যাম্পাস দাপিয়ে বেড়াচ্ছে। এখন তারা যদি শিক্ষকদের প্রাণনাশের হুমকি কিংবা লাঞ্ছিত করার মতো অপকর্মে যুক্ত হয়ে পড়ে, তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চলবে কীভাবে? অবিলম্বে শিক্ষক লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক ও সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা হোক।