বাংলাদেশে ফুল উৎপাদনের জন্য বিখ্যাত এলাকা যশোরের ঝিকরগাছা উপজেলা। সেখানে গদখালীতে উৎপাদিত ফুল দেশের অর্ধেকের বেশি চাহিদা মেটায়। ফলে সেখানে একটি ফুলের মার্কেট ও সংরক্ষণাগার জরুরি হয়ে পড়ে। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে অত্যাধুনিক ফুলের মার্কেটও গড়ে তোলা হয়। কিন্তু নির্মাণের ছয় মাস পরও সেটি চালু হচ্ছে না। মার্কেটের জমির মালিকানা নিয়ে জটিলতা ও আয়-ব্যয় ব্যবস্থাপনা নীতিমালা না থাকায় প্রশাসন মার্কেটটি চালু করতে উৎসাহ দেখাচ্ছে না। ফলে ফুলচাষিরা পড়েছেন বিপাকে। এ নিয়ে তঁারা মানববন্ধনও করেছেন।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, গদখালী এলাকায় উৎপাদিত ফুল এবং ফুলের বীজ বিপণন ও সংরক্ষণের জন্য এক একর জমির ওপর সাড়ে ২৪ কোটি টাকা ব্যয়ে বহুতলবিশিষ্ট ফুল মার্কেটটি নির্মাণ করা হয়। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির অর্থায়নে এবং স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) তত্ত্বাবধানে এ মার্কেট নির্মাণ করা হয়। কিন্তু নানা জটিলতায় জেলা প্রশাসন মার্কেটটি বুঝে নিতে পারছে না। এখন বীজ সংরক্ষণের সুযোগ না থাকায় ফুলচাষিদের প্রতিবছরই বিপাকে পড়েন। বিভিন্ন উপজেলার আলুর হিমাগারে নিয়ে গ্লাডিওলাস ফুলের বীজ সংরক্ষণ করতে হয়। ফলে পরিবহন ও হিমাগার ভাড়া বাবদ কৃষকদের বাড়তি অর্থ খরচ করতে হয়। আবার অনেক সময় হিমাগারে জায়গা পাওয়া যায় না। তখন ফুলের বীজ নষ্ট হয়ে যায়। এ জন্য আগামী চৈত্র (মার্চ-এপ্রিল) মাসের মধ্যেই গ্লাডিওলাস ফুলের বীজ সংরক্ষণের সুবিধার্থে মার্কেটটি চালুর দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে জেলা প্রশাসকের বক্তব্য, ফুল মার্কেট নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির (বিএফএস) পক্ষে সম্পূর্ণ নিষ্কণ্টক হিসেবে এক একর জমি সরকারের প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসকের নামে রেজিস্টার্ড দানপত্র করা হয়। কিন্তু ওই জমিতে বিএফএসের শর্তহীন মালিকানা নেই। অর্থাৎ জমির মালিকানাসংক্রান্ত জটিলতা রয়েছে। আধুনিক ফুলবাজারটির পরিচালনায় আয়-ব্যয়সংক্রান্ত সুস্পষ্ট নীতিমালাও নেই।
সে জন্য ফুল মার্কেটটি প্রস্তুত থাকলেও দখল হস্তান্তর কার্যক্রম বিলম্বিত হচ্ছে। সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে মার্কেটটি জমিদাতাদের প্রভাবমুক্ত হওয়া জরুরি। অন্যদিকে বিএফএসের নেতারা বলছেন, চুক্তির সময় তঁারা বিষয়টি বুঝতে পারেননি। এখন প্রশাসনের শর্ত মেনে নিয়েই তঁারা জটিলতার নিষ্পত্তি চান। কিন্তু প্রশাসন কোনো কারণে সহযোগিতা করতে অনীহা প্রকাশ করায় মার্কেটটি চালু হচ্ছে না। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করুন। দ্রুত মার্কেটটি চালুর উদ্যোগ নিন।