যশোরে ফের পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) থেকে যে আট কিশোর পালিয়েছিল, কর্তৃপক্ষ তাদের মধ্যে ছয়জনকে উদ্ধার করেছে। বাকি দুজন এখনো পলাতক। রোববার রাত সোয়া দুইটার দিকে আবাসিক ভবনের শৌচাগারের জানালা ভেঙে তারা পালিয়ে গিয়েছিল। প্রথম আলোর খবর অনুযায়ী শৌচাগারের তালা ভেঙে কিশোরেরা পালিয়েছে মইয়ের সহায়তায়। এতে প্রমাণিত হয় কেন্দ্রে নিরাপত্তাব্যবস্থা বলে কিছু নেই। প্রতিটি কক্ষে দুজন করে নিরাপত্তাকর্মী থাকার কথা। কিন্তু ঘটনার রাতে কেউ ছিলেন না। ফলে কিশোরেরা সহজে পালিয়ে যেতে পেরেছে।

বাংলাদেশে মাত্র তিনটি শিশু সংশোধন কেন্দ্র আছে, যার একটি যশোরে। তিনটি শিশু সংশোধন কেন্দ্রই সমস্যাকীর্ণ। তবে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের অবস্থা খুবই শোচনীয়। গত আগস্ট মাসে সেখানে বসবাসরত কিশোরদের ওপর কর্মচারীদের নির্যাতনে তিনজন মারা যায়। সেই সময় গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তা ও কর্মচারীকে বদলি করা হয়েছিল। নতুন কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব নিয়েছেন। সেখানে লোকবল থাকার কথা ৪৯ জন, আছেন ২৩ জন। অর্ধেকের কম লোকবল দিয়ে বিপুলসংখ্যক শিশু-কিশোরের সেবাযত্ন করা অসম্ভব।

এই কিশোরেরা কোনো না কোনো অপরাধে যুক্ত ছিল বলে এ সংশোধনী কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। ভবিষ্যতে যাতে অপরাধে জড়িয়ে না পড়ে, সেভাবেই তাদের মানসিকভাবে তৈরি করতে হবে। কিন্তু কেন্দ্রে কোনো কাউন্সেলিং করার মতো স্থায়ী কর্মকর্তা নেই।

গত আগস্ট মাসে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যার পর সমাজকল্যাণমন্ত্রী একে বিচ্ছিন্ন ঘটনা বলে দায় এড়ানোর চেষ্টা করেছেন। একটি শিশু উন্নয়ন কেন্দ্রে কর্মচারীদের হাতে তিন কিশোর নিহত হলো, সেটি তার কাছে বিচ্ছিন্ন ঘটনা মনে হয়েছে। প্রশাসনের উচ্চপর্যায় থেকে এ ধরনের কথাবার্তা বললে মাঠপর্যায়ে কী বার্তা যায়, তা বোধ হয় মন্ত্রীর অজানা নয়।

শিশু উন্নয়ন কেন্দ্রগুলো ঠিকমতো চালাতে হলে প্রয়োজনীয় লোকবল নিয়োগ করতে হবে। বিশেষ করে শিশু-কিশোরদের নিয়মিত কাউন্সেলিং প্রয়োজন। অন্যথায় জেলখানার সঙ্গে শিশু উন্নয়ন কেন্দ্রগুলোর কোনো পার্থক্য থাকবে না। এ ছাড়া শিশু উন্নয়ন কেন্দ্রে যেসব কর্মকর্তা ও কর্মচারী চাকরি করেন, তঁাদের আরও সংবেদনশীল ও মানবিক গুণের অধিকারী হতে হবে।

শিশু-কিশোর পালানোর ঘটনায় গঠিত তদন্ত কমিটিও কেন্দ্রের নিরাপত্তার ঘাটতির কথা বলেছে এবং লোকবল বাড়ানোর সুপারিশ করেছে। বিলম্বে হলেও কর্তৃপক্ষের চৈতন্যোদয় হোক।