যশোরে যৌথ উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেলা প্রশাসন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) যশোর অফিস এবং সড়ক ও জনপথ বিভাগের যশোর অফিস—এই তিন সরকারি কর্তৃপক্ষ যশোর শহরে এক জোরালো উচ্ছেদ অভিযান শুরু করেছে। এতে যশোর শহরের বাসিন্দাদের মনে স্বস্তি ফিরতে শুরু করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। সারা দেশের মানুষের জন্যই এটা একটা আশাপ্রদ খবর। কারণ, অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত নগরায়ণের ক্ষতিকর প্রভাবে সারা দেশেই মানুষের জীবনযাত্রা অস্বাস্থ্যকর ও দুর্ভোগময় হয়ে উঠেছে।

উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে যশোর শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদ গ্রাস করার প্রক্রিয়ার বিরুদ্ধে। কেননা, নদটির তীরে জবরদখল করে গড়ে তোলা হয়েছে অনেক স্থাপনা। পাউবোর এক নির্বাহী প্রকৌশলীর ভাষ্য অনুযায়ী, যশোর শহরের গরীব শাহ মাজার থেকে দড়াটানা সেতু হয়ে কাঠেরপুল সেতু পর্যন্ত ভৈরব নদের দুই তীরে গড়ে তোলা হয়েছে ৮৪টি অবৈধ স্থাপনা। কিন্তু এটা পূর্ণ চিত্র নয়, যশোর শহরের প্রায় চার কিলোমিটার অংশের ভেতর দিয়ে বয়ে গেছে ভৈরব নদ; পাউবোর প্রকৌশলীর উল্লিখিত হিসাবটি মাত্র দেড় কিলোমিটারের। পুরো শহরে ভৈরবের উভয় তীরের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনার মোট সংখ্যা প্রকৃতপক্ষে আড়াই শ পেরিয়ে যাবে। নদের তীর দখল করে এতগুলো অবৈধ স্থাপনা রাতারাতি গড়ে ওঠেনি, অনেক দিন ধরে গড়ে উঠেছে। প্রতিটি অবৈধ স্থাপনা নির্মাণের সময়েই বাধা দেওয়ার দায়িত্ব পাউবো কর্তৃপক্ষের। তারা সে দায়িত্ব পালন করেনি বলেই আজ অবৈধ স্থাপনার সংখ্যা এত বেশি। শুধু ভৈরব নদের তীরের অবৈধ স্থাপনাই নয়, সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন সড়ক এবং সরকারের খাসজমিতেও অনেক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। সেগুলোও উচ্ছেদ করার উদ্দেশ্যে অভিযান চালানো হচ্ছে বলে যশোরের জেলা প্রশাসক সংবাদমাধ্যমকে বলেছেন। তাঁর বক্তব্য, যশোর শহরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অভিযান চালানো হবে। বিভিন্ন সড়কের অংশবিশেষ দখল করে দোকানপাট বসানোর বিষয়ে তিনি ঘোষণা করেছেন, রাস্তা দখল করে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না।

নদ–নদীর তীর, সরকারি খাসজমি, সড়ক, ফুটপাত ইত্যাদি দখল করে স্থাপনা নির্মাণ ও পণ্য কেনাবেচা বিষয়ে যশোরের এই চিত্র রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব বড় শহরের থেকে আলাদা নয়। এগুলো উচ্ছেদের উদ্দেশ্যে যশোরে যে যৌথ অভিযান শুরু করা হয়েছে, তা–ও অভিনব নয়। রাজধানী ঢাকায়ও উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এ ধরনের অভিযান দেখে জনমনে আশা জাগে, কিন্তু সে আশা হতাশায় পরিণত হয়, যখন দেখা যায় অভিযান থেমে যাওয়ার পরে অবৈধ দখলমুক্ত জায়গাগুলো ধীরে ধীরে আবার দখল হয়ে যায়। তাই সারা দেশে ব্যাপক অভিযান চালিয়ে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর নিয়মিতভাবে নজর রাখা দরকার, যেন সেগুলো কোনোভাবেই দখল হয়ে না যায়।