যশোরে সরকারি খামারে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি অফিসে যে কত ধরনের চুরি, অনিয়ম ও দুর্নীতি হয়, ব্যক্তির খেয়ালখুশিমতো অফিস চলে, একটি উৎকৃষ্ট উদাহরণ যশোর সরকারি হাঁস-মুরগির খামার।

প্রথম আলোর খবর থেকে জানা যায়, এই খামারের মুরগি, ডিম ও বাচ্চা চুরি করে বাইরে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে আবু সাঈদ নামের একজন নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে। নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষ ঝিকরগাছা প্রাণিসম্পদ কর্মকর্তা তপনেশ্বর রায়কে দিয়ে ঘটনা তদন্ত করায়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং তাঁর সুপারিশের ভিত্তিতে গত ৪ মার্চ প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) নজরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে আবু সাঈদকে ঝিনাইদহের সরকারি ছাগল উন্নয়ন খামারে শাস্তিমূলক বদলির আদেশ দেওয়া হয়। কিন্তু সাঈদকে যশোর থেকে বদলির ছাড়পত্র দেননি সহকারী পরিচালক এনামুল হক। সহকারী পরিচালক এরপর যে কাজটি করেন, তা আরও অনাকাঙ্ক্ষিত ও অনৈতিক। তিনি আবু সাঈদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কারণে খামারের কর্মচারী শরিফউদ্দিনকে কুষ্টিয়ায় বদলি করেন।

শরিফউদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে অধিদপ্তর বদলির আদেশ প্রত্যাহার করালেও তাঁকে যোগ দিতে দিচ্ছেন না সহকারী পরিচালক এনামুল হক। এই অবস্থায় শরিফউদ্দিন তিন মাস ধরে বেতন-ভাতা তুলতে পারছেন না। শরিফউদ্দিনের অভিযোগ, এনামুল হকের পছন্দের লোক আবু সাঈদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কারণে তাঁকে যোগ দিতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ সত্য হলে সহকারী পরিচালকের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। 

এ ব্যাপারে তিনি যে যুক্তি দেখিয়েছেন, সেটি হাস্যকর। তিনি বলেছেন, শরিফউদ্দিন অত্যন্ত খারাপ লোক। তিনি তাঁকে যোগ দিতে দেবেন না। প্রয়োজনে তাঁকে (এনামুলকে) কর্তৃপক্ষ বদলি করে দিক। সরকারি অফিস চলে আইন অনুযায়ী, ব্যক্তি বা কোনো কর্মকর্তার খেয়ালখুশিমতো নয়। শরিফউদ্দিন কী কারণে বা কেন খারাপ, তা প্রমাণিত হতে হবে। খামার থেকে হঁাস–মুরগি, বাচ্চা চুরির ঘটনায় সাক্ষ্য দেওয়ার কারণে যদি শরিফউদ্দিন ‘খারাপ লোক’ হয়ে থাকেন, তাহলে এমন খারাপ লোকদেরই এখন সরকারি অফিসে বেশি প্রয়োজন, চোরকে রক্ষায় কূটকৌশলের আশ্রয় নেওয়া কোনো ‘ভালো’ মানুষকে নয়। 

শরিফউদ্দিনের চাকরির মেয়াদ আছে মাত্র ১১ মাস। এই সময়ে নিজের জেলায় থেকে কাজ করার সুযোগ সরকারি প্রবিধানেই আছে। অবিলম্বে শরিফউদ্দিনকে যশোর খামারে যোগদানের সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে তিনি বেতন-ভাতা তুলতে পারেন। যথাযথ তদন্ত করে সহকারী পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।