জনপ্রতিনিধি হলে দুর্নীতির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা থাকবে—এটিই এখন এ দেশে প্রতিষ্ঠিত ধারণা হয়ে গেছে। কারণ, নির্বাচনী পোস্টারে সৎ ও আদর্শবান মানুষ পরিচয় থাকলেও বাস্তবে এর সঙ্গে একজন জনপ্রতিনিধির দায়িত্ব পালনে কোনো কিছুই প্রকাশ হতে দেখে না সাধারণ মানুষ। সেটিই মূলত দেশে সুশাসন প্রতিষ্ঠার বড় একটি অন্তরায়। নির্বাচনের সময় সম্পদ বিবরণী জমা দেওয়াটা শুধু একটি নিয়মে পরিণত হয়েছেই বলা যায়। এরপর কার আঙুল ফুলে শুধু কলাগাছ নয়, রীতিমতো বটগাছ হয়ে গেছে, সেটি নিয়ে যেন সরকারের কোনো দায় নেই। ফলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর কর্মসূচি নেওয়া হলেও তেমন সুফল পাওয়া যায় না। এমন বাস্তবতার মধ্যে যশোরে ইউপি চেয়ারম্যানদের ব্যক্তিগত আর্থিক সম্পদের বিবরণী প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এমন উদ্যোগ জবাবদিহি ও সুশাসনের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে পারে।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, গত মঙ্গলবার যশোরের আটটি উপজেলার ১০ জন ইউপি চেয়ারম্যানকে নিয়ে এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দ্য এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নে আছে বেসরকারি উন্নয়ন সংস্থা রাইটস যশোর। যাতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। এতে আগামী ডিসেম্বর মাসে চেয়ারম্যানরা তঁাদের বর্তমান সম্পদের বিবরণী জমা দেবেন। বর্তমান সম্পদের সঙ্গে পাঁচ বছর আগে নির্বাচন কমিশনের জমা দেওয়া সম্পদ বিবরণীর তুলনামূলক বিশ্লেষণ করে গণমাধ্যমে প্রকাশ করা হবে। বাংলাদেশের পাশাপাশি নেপাল, ভুটান ও মালদ্বীপেও এ প্রকল্প চলছে।
সংস্থাটির নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, সরকারের বরাদ্দকৃত ত্রাণসামগ্রীসহ অন্যান্য সামাজিক সুরক্ষা সরঞ্জাম ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে জনগণের মধ্যে সরবরাহ করা হয়। কিন্তু ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে প্রায়ই নানা ধরনের দুর্নীতির অভিযোগ ওঠে। মূলত জবাবদিহি নিশ্চিত করতেই ইউপি চেয়ারম্যানদের নিয়ে পরীক্ষামূলকভাবে এ প্রকল্প। এ ছাড়া স্থানীয় পর্যায়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তাদের ঘুষ দিতে হয় বলে অভিযোগ আছে। যার জন্য চেয়ারম্যানদের অপ্রদর্শিত টাকা ব্যয় করতে হয়। শতভাগ স্বচ্ছতার মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধিরা কাজ করতে পারছেন না। সে ক্ষেত্রে এ উদ্যোগ তাঁদের জন্য সহায়ক হবে।
রাজনৈতিক দুর্বৃত্তায়নের জন্য জনপ্রতিনিধিদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হয় না। ফলে নির্বাচনের দলীয় মনোনয়ন সংগ্রহ করতে বিপুল অর্থ খরচের অভিযোগও আমরা পাই। সরকারি অনেক কর্মকর্তাও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন। এ জন্য শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত সব জনপ্রতিনিধি ও সরকারের কর্মকর্তাদের সম্পদ বিবরণী প্রকাশ গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। যশোরে এ উদ্যোগ গোটা দেশে ছড়িয়ে পড়ুক।