করোনাকালে অনেক ত্রাণের হাত যখন দেখনদারিতে ব্যস্ত, যখন সরকারি সাহায্যের হাত ক্রমেই খাটো হচ্ছে, তখনো একজন বাড়িয়েই চলেছেন তাঁর মানবতার হাতটি। তিনি যশোরের সানজিদা। তিনি প্রচারের উপায় খুঁজছেন না, উটপাখির মতো স্বার্থের বালুতে মুখ গুঁজে দুর্যোগে উদাসীন থাকছেন না, সাধ্যমতো তিনি খুঁজে চলেছেন নিরন্ন ও শীতার্ত মানুষের পাশে থাকার সুযোগ। করুণ করোনা-পরিস্থিতিতে যেসব তরুণ-তরুণী নিজেদের সীমাবদ্ধতার পরোয়া না করে মানবতার প্রেরণা হয়ে উঠেছেন, যশোরের সানজিদা নিশ্চয়ই তাঁদের প্রথম সারিতেই থাকবেন।
যশোরের মেয়ে সানজিদা আগে থেকেই প্রস্তুত। কলেজে পড়ার সময় বাবার দেওয়া মেস খরচের টাকা মাটির ব্যাংকে জমাতে থাকেন। এর মধ্যে গত বছরের মার্চ মাসে দেশে করোনাভাইরাসের গণসংক্রমণ শুরু হয়। সে রকম দিনে মানুষ যখন ঘরবন্দী হতে শুরু করেছে, তখন বের হচ্ছেন সানজিদা। গ্রামের শিশুদের খেলার জন্য ফুটবল দিতে গিয়ে তিনি চাক্ষুষ করেন করোনার জন্য বেকার ও অভাবী মানুষের কান্না। টাকা জমানোর দুটি মাটির ব্যাংকই ভাঙেন তিনি। তিন বছরে ওতে জমা হয়েছিল ২৭ হাজার ৫৯০ টাকা। যশোরের মনিরামপুরের জলাবদ্ধ ও দরিদ্র গ্রামবাসীর ২৫০ পরিবারের জন্য এক সপ্তাহের চাহিদা মেটে এমন পরিমাণ চাল–ডাল, তেল-লবণ কিনে পৌঁছে দেন। তাঁর মহানুভবতা দেখে বাবাসহ অন্য আত্মীয়স্বজন তাঁকে টাকা দিয়ে অনুপ্রেরণা দেন।
কথায় বলে, ইচ্ছা থাকলে উপায় হয়। সানজিদার তীব্র ইচ্ছা প্রায় বছরব্যাপী অজস্র মানুষের জীবনকে কিছুটা সহনীয় করেছে।
কলেজপড়ুয়া মেয়েটি এখন রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ের আইনশাস্ত্রের ছাত্রী। নতুন পরিবেশে নতুনভাবে সাহায্যের আওতা বাড়িয়েছেন তিনি। অনলাইনে পোশাক ও প্রসাধন বিক্রির আয় দিয়ে সাহায্য চালিয়ে যাচ্ছেন তিনি। তাঁর লাগাতার সেবার মানসিকতা দেখে যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় চেয়ারম্যানও তাঁকে এগিয়ে যেতে সাহায্য করার অঙ্গীকার করেছেন। গত মঙ্গলবারের প্রথম আলোয় সেই সংবাদ প্রকাশিত হয়েছে।
বিপদে, মহামারিতে ও যুদ্ধে গ্রামই ছিল শহরের আশ্রয়। করোনাকালে সেই গ্রাম শহরের চেয়ে অনেক নিরাপদ হলেও গ্রামীণ দুর্গতদের দিকে রাষ্ট্র, প্রশাসন ও গণমাধ্যমের নজর কম। শৌখিন দাতারা অনেকে চাইলেও গ্রাম পর্যন্ত পৌঁছাতে পারেন না। সানজিদা তাঁদের জন্য শুধু উদাহরণই নয়, সামান্য সামর্থ্যের এক নারীর উদ্যম, মানবিকতা ও সংকল্পেরও উদাহরণ। অতীতে শিখন ও স্বেচ্ছাসেবার জন্য শহরের ছাত্রছাত্রীদের গ্রামে একধরনের শিক্ষাসফরে পাঠানো হতো। সানজিদাও দেশ ও মানুষ সম্পর্কে যে জ্ঞান লাভ করলেন, তা আগামী দিনে এ ধরনের উদ্যোগের পাথেয় হয়ে থাকুক, এটাই আশা করি।