অত্যন্ত লজ্জার কথা যে একাত্তরে দেশমাতৃকার মুক্তির জন্য যাঁরা যুদ্ধ করেছেন, স্বাধীনতার ৪৯ বছর পরও সেই বীর মুক্তিযোদ্ধাদের একটি নির্ভুল তালিকা তৈরি করা যায়নি। এ জন্য নিশ্চয়ই বীর মুক্তিযোদ্ধারা দায়ী নন। দায়ী হলেন বিভিন্ন শাসনামলে যাঁরা নতুন নতুন তালিকা করেছেন।
সর্বশেষ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সুপারিশ ছাড়া যাঁদের নাম বীর মুক্তিযোদ্ধা হিসেবে ‘বেসামরিক গেজেটে’ অন্তর্ভুক্ত হয়েছে, তাঁদের সনদ ফের যাচাই-বাছাই করা হবে। ২০০২ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রায় ৪২ হাজার নাম জামুকার সুপারিশ ছাড়া গেজেটভুক্ত হয়েছে। যদিও সংস্থাটির আইন অনুসারে বীর মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে তাদের সুপারিশ থাকা বাধ্যতামূলক।
গত বৃহস্পতিবার জামুকার ৭১তম সভায় বীর মুক্তিযোদ্ধাদের সনদ যাচাই-বাছাইয়ের নীতিমালা অনুমোদনের পাশাপাশি উচ্চপর্যায়ের একটি কমিটিও গঠন করা হয়েছে, যারা যাচাই-বাছাই করে সরকারের কাছে সুপারিশ করবে। ৩১ ডিসেম্বরের মধ্যে যাচাইয়ের কাজটি শেষ করা হবে বলে আশা করছে জামুকা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কারও ভাতা বন্ধ হবে না।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মতে, দেশের ভেতরে প্রশিক্ষণ নেওয়া মুক্তিযোদ্ধাকে অবশ্যই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধ করার সপক্ষে তিনজন সহযোদ্ধার (ভারতে প্রশিক্ষণ নেওয়া) সাক্ষ্য জোগাড় করতে হবে। ১৯৭১ সালের ৩ ডিসেম্বরের পর যুদ্ধে অংশগ্রহণকারী ব্যক্তিদের এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে না। বর্তমানে একজন বীর মুক্তিযোদ্ধা মাসে ১২ হাজার টাকা ভাতা পান। ঈদ বোনাসসহ বছরে সব মিলিয়ে একজন ভাতা পান ১ লাখ ৭১ হাজার টাকা।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, আগে জেলা প্রশাসনের তালিকার ভিত্তিতেই ১ লাখ ৯২ হাজার বীর মুক্তিযোদ্ধাকে ভাতা পাঠানো হতো। কিন্তু এমআইএস সফটওয়্যারে বীর মুক্তিযোদ্ধাদের নামের তথ্য অন্তর্ভুক্ত করার পর সংখ্যাটি ২১ হাজার কমে গেছে। গত অক্টোবর ও নভেম্বর মাসে ১ লাখ ৭১ হাজার জনকে ভাতা পাঠানো হয়েছে। এর অর্থ তালিকায় গরমিল ছিল।
বীর মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে স্বাধীনতার পর থেকেই। প্রথমে মুক্তিযুদ্ধকালীন সেনাবাহিনীর প্রধান আতাউল গনি ওসমানীর সইযুক্ত সনদ যাঁদের কাছে ছিল, তাঁরাই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। সেই সংখ্যা ১ লাখ ২০ হাজারের কাছাকাছি। ওসমানীর সইযুক্ত সনদের বাইরে মুক্তিযোদ্ধা ছিলেন না, তা নিশ্চয়ই নয়। দেশের ভেতরে থেকেও অনেকে যুদ্ধ করেছেন, যাঁরা ওসমানীর সইযুক্ত সনদ পাননি। আবার অনেক মুক্তিযোদ্ধা সনদ নেওয়ারই প্রয়োজন বোধ করেননি।
যখন মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা বাড়িয়ে দেওয়া হলো, তখনই মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে বেশি বিতর্ক হলো। অনেক অমুক্তিযোদ্ধা নানা কৌশলে মুক্তিযোদ্ধার সনদ সংগ্রহ করলেন, যার মধ্যে খোদ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিবও ছিলেন। পরে সনদ ভুয়া প্রমাণিত হওয়ায় তাঁকে পদত্যাগ করতে হয়। এ রকম অনেক অসাধু কর্মকর্তা ধরা পড়েছেন। আবার অনেকে এখনো মুক্তিযোদ্ধা সনদ নিয়ে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ আছে।
এর প্রতিকার কী? প্রতিকার হলো রাজনৈতিক বিবেচনার বাইরে থেকে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করা। জামুকার যাচাই-বাছাই যদি সঠিক হয়, আমরা তাঁদের ধন্যবাদ জানাব। কিন্তু তাঁরাও যদি পূর্বসূরিদের মতো যাচাই-বাছাই নাটক করেন, তাহলে জাতি তাঁদের ক্ষমা করবে না।
যাঁরা প্রকৃতই মুক্তিযুদ্ধ করেছেন, তাঁদের কেউ তালিকা থেকে বাদ পড়ুন তা যেমন কাম্য নয়, তেমনি কোনো অমুক্তিযোদ্ধা রাজনৈতিক বিবেচনায় তালিকাভুক্ত থাকবেন, তা-ও মেনে নেওয়া যায় না।