যাত্রীছাউনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রীদের জন্য যাত্রীছাউনি নির্মাণ করা হলেও যাত্রীরা এর সুবিধা ভোগ করতে পারে না। নগরের বেশির ভাগ যাত্রীছাউনির এক পাশে দোকান, অন্য পাশ হকারদের দখলে। যাদের জন্য এই ছাউনি নির্মাণ, তাদেরই এগুলোতে বসার কোনো জায়গা নেই। সিটি করপোরেশন এসব দেখেও না দেখার ভান করে। যাত্রীছাউনি দখলমুক্ত করারও তাদের কোনো উদ্যোগ নেই। তা ছাড়া যাত্রীছাউনিগুলোর অবস্থা এতই করুণ যে রোদ-বৃষ্টিতে সেখানে বসা দূরে থাক, যাত্রীদের দাঁড়ানোর স্থানও নেই। সিটি করপোরেশন রাজস্বের বিনিময়ে বিভিন্ন সংস্থার মাধ্যমে যাত্রীছাউনি নির্মাণ করে। চুক্তি মোতাবেক যাত্রীছাউনিতে দোকান নির্মাণের কথা না থাকলেও সেগুলোতে দোকান নির্মাণ করা হয়েছে। আবার শুধু ছাউনির ওপর বিজ্ঞাপন টাঙানোর কথা থাকলেও পুরো জায়গাজুড়েই টাঙানো হয়েছে বিজ্ঞাপন। এতে রাজস্ব হারাচ্ছে সরকার। নগরবাসীর সেবা নিশ্চিত করবে যাত্রীছাউনি—এমন আশা করা হলেও এসব ছাউনিকে ঘিরে বছরের পর বছর ধরে চলছে রমরমা ব্যবসা। অপরিকল্পিতভাবে ও অপ্রয়োজনীয় স্থানে ছাউনিগুলো নির্মাণ করায় যাত্রীরা পড়ে ভোগান্তিতে। তা ছাড়া এ ছাউনিগুলো থাকে ভাসমান লোকজন ও মাদকাসক্তদের দখলে। অবস্থা এমন হয়েছে, একটি যাত্রীছাউনিতেও যাত্রীদের মাথা গোঁজার উপায় নেই। অবিলম্বে সিটি করপোরেশনের এসব যাত্রীছাউনি দখলমুক্ত করে যাত্রীদের ব্যবহার উপযোগী করতে হবে। যাত্রীদের সেবার জন্য যা নির্মাণ, তা তাদের ব্যবহার উপযোগী রাখা হোক।জাহেদুর রহমান পুরানা পল্টন, ঢাকা।