যানজট ও জলাবদ্ধতায় অচল ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজটে, বর্ষা এলে তো বটেই, রাস্তায় নামলেই যাঁদের কথা মনে পড়ে, তাঁরা ঢাকা শহরের মেয়র। সম্প্রতি ঢাকা দুজন নতুন মেয়র পেয়েছে বটে, কিন্তু ঢাকাবাসী ভুগছে সেই পুরোনো দুর্ভোগে। সিটি নির্বাচনের প্রায় দেড় মাস হতে চলল, সমস্যা সমাধানে মেয়রদের কোনো উদ্যোগই পরিলক্ষিত হচ্ছে না।
বর্ষা এখনো না এলেও এক দিনের বৃষ্টিই দেখিয়ে দিয়েছে, আগামী দিনগুলোতে কী হবে ঢাকার পানিনিষ্কাশন ও যাতায়াতের অবস্থা। গত বৃহস্পতিবার রাজধানীতে এক বেলার মুষলধারা বৃষ্টিতেই অনেক স্থানে জলাবদ্ধতা দেখা যায়। একে তো পাড়া-মহল্লার ভেতরের রাস্তাঘাট ভাঙা, তার ওপর বৃষ্টির পানিতে রাস্তা ডুবে যাওয়ায় জনভোগান্তির শেষ ছিল না। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা পড়েছিল মহাভোগান্তিতে। কোমরপানিতে ডোবা রাস্তার খানাখন্দে রিকশা উল্টে আহতও হয়েছে অনেকে।
বর্ষা শুরুর আগেই জলাবদ্ধতা!বছর যায়, প্রতিশ্রুতি আসে, কিন্তু চলাচলে ভোগান্তি কমে না। একে কি রাজধানী বলে? ঢাকা দেশের প্রধান শহর, প্রধান ব্যবসাকেন্দ্র, দেড় কোটি মানুষের আবাস, কূটনীতিকদের বিচরণক্ষেত্র, সারা দেশের যোগাযোগের প্রাণকেন্দ্র। এ রকম একটি শহরে অসহনীয় নাগরিক ভোগান্তি কষ্টেরও বটে, লজ্জারও বটে। ঢাকাকে আধুনিক গতিশীল মসৃণ জীবনের নগর হিসেবে গড়ে তোলার জোরদার প্রচেষ্টা অন্তত গত দুই দশকে দেখা যায়নি। অথচ এ সময়ে ঢাকার জনসংখ্যা, গুরুত্ব এবং বিস্তার হয়েছে অনেক বেশি।
জলাবদ্ধতা কিংবা যানজট একা সিটি করপোরেশনের পক্ষে দূর করা সম্ভব নয়। কিন্তু দেখা যায় ওয়াসা দোষ দিচ্ছে সিটি করপোরেশনের আর সিটি করপোরেশন দোষ দিচ্ছে ওয়াসার। তাতে পরিস্থিতির উন্নতির বদলে অবনতিই হচ্ছে। ওয়াসা ও সড়ক বিভাগের অসময়ের খোঁড়াখুঁড়ি নিয়ে ফি বছর সমালোচনা হলেও, তাদের এদিকে ভ্রুক্ষেপ আছে বলে মনে হয় না। তাই প্রশ্ন ওঠা স্বাভাবিক, এত বড় বড় প্রতিষ্ঠানে এত ওজনদার পদাধিকারীরা আসলে কী করছেন?
এখন এই অচলাবস্থা ভাঙার দায় প্রধানত সিটি মেয়রদের। তাঁরা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেসব নিশ্চয়ই পুনরায় মনে করিয়ে দিতে হবে না।