কেবল রাজধানীর যানজটই খেয়ে ফেলছে জিডিপির ৭ শতাংশ। সবকিছুর গতি স্লথকারী এই যানজট দূর করা গেলে বাংলাদেশের মাথাপিছু আয় বাড়ত আরও ৬ হাজার ২৮০ টাকা। শুধু আর্থিক বিচারেই নয়, যে পরিমাণ ভোগান্তি, আয়ুক্ষয় ও নৈরাজ্য যানজট তৈরি করে, তা জাতীয় জীবনে এক অপূরণীয় ক্ষতি আর ব্যক্তির জন্য তা এক অভিশাপ। অথচ কোনো সরকারই এই অভিশাপ দূর করায় আন্তরিকভাবে সচেষ্ট, তা বলা যায় না। প্রকল্পের পর প্রকল্প আসে, অনেক ব্যয় হয়; কিন্তু সমস্যার তিমির আর দূর হয় না।
বিনিয়োগ বোর্ড আয়োজিত সেমিনারে এই সমীক্ষা হাজির করা হয়। খেয়াল করার বিষয়, খোদ সরকারই এ সমস্যা জিইয়ে রাখছে। যানজটের আর্থিক ক্ষতির হিসাবের মধ্যে সময়ের অপচয়, দেরির কারণে আনুষঙ্গিক ব্যয় বৃদ্ধি, পরিবেশগত ক্ষতি এবং দুর্ঘটনার খতিয়ানও যুক্ত হয়েছে। কিন্তু সবচেয়ে বড় ক্ষতিটা মানবিক। এ শহরের অধিবাসীদের জীবনের মূল্যবান কিছু বছর চলে যায় কেবল রাস্তায় অপেক্ষা করতে করতে। হয়তো এ সময় কাজে লাগিয়ে তারা জীবনে গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তন আনতে পারতেন। উন্নত বিশ্বের নাগরিকদের তুলনায় সর্বক্ষেত্রে আমরা যে পিছিয়ে পড়ি, তার অন্যতম কারণ কিন্তু এই যানজট।
যানজট খেয়ে ফেলছে জিডিপির ৭ শতাংশনগর পরিকল্পনাবিদেরা বলে আসছেন, কেবল উড়ালসড়ক করে যানজটের সমাধান হওয়ার নয়। ঢাকার গণপরিবহনব্যবস্থা নেই বললেই চলে। ব্যক্তিগত পরিবহনই সর্বেসর্বা। বাসের পাশাপাশি মেট্রোরেল লাগবে, ঢাকার চারপাশে স্যাটেলাইট সিটি করে সহজ ট্রেন যোগাযোগ বাড়াতে হবে। সর্বোপরি ঢাকার জনসংখ্যা কমাতেই হবে। এর জন্য বিকেন্দ্রীকরণ, অর্থাৎ সারা দেশে সুষমভাবে সরকারি প্রতিষ্ঠান ও কলকারখানা ছড়িয়ে দিতে হবে। ঢাকার সড়ক এবং ভূমি ব্যবস্থাপনায় নৈরাজ্য ও দুর্নীতি কমাতে হবে। ব্যক্তিগত পরিবহনের ব্যবহারে কড়াকড়ি আনতে হবে। রাজধানীকে রাজধানীর মতো দেখতে হবে।
যানজট কেবল জিডিপির অংশই খাচ্ছে না, জীবনটাকে নিরানন্দ ও ক্লান্তিকর করে তুলছে। এর অবসান জরুরি ভিত্তিতে হওয়া উচিত।