যুক্তরাজ্যের বিচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবারের গণভোটে যুক্তরাজ্যের সংখ্যাগরিষ্ঠ ভোটার ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে যে রায় দিয়েছেন, তা শুধু ইউরোপের জন্য নয়, গোটা পৃথিবীর জন্যই হতাশাব্যঞ্জক। বিচ্ছিন্ন হয়ে একলা চলার এই মনোভাব পশ্চাৎমুখী: যুক্তরাজ্য যেন একুশ শতক থেকে মুখ ফিরিয়ে নিল। তবে গণতান্ত্রিক পন্থায় যে জনরায় এসেছে, আমরা তার প্রতি শ্রদ্ধাশীল।
বিচ্ছেদের সম্ভাব্য নেতিবাচক পরিণতি সম্পর্কে যথেষ্ট সতর্কবাণী উচ্চারিত হওয়া সত্ত্বেও গণভোটে ৫১ দশমিক ৯ শতাংশ ভোটারের বিচ্ছেদের পক্ষে ভোট দেওয়ার বিভিন্ন কারণের মধ্যে সংকীর্ণ জাতীয়তাবাদী মনোভাব বিশেষভাবে উল্লেখযোগ্য। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে যে বহুত্ববাদী, মিলনাত্মক, যৌথ-সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি ইউরোপীয় সমাজে বিকাশমান এবং যার অনেক সুফল ইউরোপের গণ্ডি পেরিয়ে পৃথিবীর অন্যান্য অঞ্চলেও ক্রমেই অনুভূত হচ্ছে, যুক্তরাজ্যে এই গণভোটের ফল তার বিপরীত গতিমুখ নির্দেশ করছে।
তবে এও সত্য যে, ভোটারদের ৪৮ দশমিক ১ শতাংশ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থেকে যাওয়ার পক্ষেই রায় দিয়েছেন। তা ছাড়া, গণভোটের পরে অনেক ভোটারের মধ্যে এমন আত্মজিজ্ঞাসা জাগার খবর পাওয়া যাচ্ছে যে বিচ্ছেদের পক্ষে ভোট দিয়ে কি ভুল করা হলো?
ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার সম্ভাব্য নেতিবাচক প্রভাবগুলোর কিছু লক্ষণ ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে: লন্ডনের শেয়ারবাজারে বিরাট দরপতন ঘটেছে, পাউন্ডের দর কমে গেছে ১০ শতাংশ। অনেকে ২০০৮ সালের মহামন্দার মতো পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করছেন।
বাংলাদেশের মানুষের জন্য বিষয়টা উদ্বেগের, কেননা আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব হতে পারে অনেক বড়। তাৎক্ষণিকভাবে পাউন্ডের সঙ্গে সঙ্গে টাকার দামও পড়ে গেছে প্রায় ১০ শতাংশ। আমাদের প্রধান রপ্তানিপণ্য তৈরি পোশাকের বৃহত্তম বাজার ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার অর্থ কোটা-সুবিধাসহ বিভিন্ন বিদ্যমান সুযোগ-সুবিধা অপরিবর্তিত রাখতে হলে পৃথকভাবে যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে হবে সম্পূর্ণ নতুনভাবে। যুক্তরাজ্য অর্থনৈতিক মন্দাবস্থার মুখে পড়লে প্রবাসী বাংলাদেশিরাও এতে ক্ষতিগ্রস্ত হবেন, যা বাংলাদেশের প্রবাসী আয়ের ওপর নিশ্চিতই নেতিবাচক প্রভাব ফেলবে।
কিন্তু এসব বাস্তবতা এড়ানোর সুযোগও আমাদের নেই। নতুন বাস্তবতায় যুক্তরাজ্যের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কে সম্ভাব্য সমস্যাপূর্ণ দিকগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।