যুক্তরাষ্ট্র ও চীনের অনুসমর্থন তাৎপর্যপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তনের যেসব নেতিবাচক প্রভাব পৃথিবীর বিভিন্ন অংশে ক্রমে প্রকটতর হয়ে উঠছে, সেগুলো মোকাবিলার লক্ষ্যে ১৮০টি দেশের সমর্থনে গত বছরের ডিসেম্বরে গৃহীত প্যারিস জলবায়ু চুক্তি অবশেষে যুক্তরাষ্ট্র ও চীনের অনুসমর্থন পেল। এটি একটি সুসংবাদ।
প্যারিস জলবায়ু চুক্তি অনুসমর্থনের মধ্য দিয়ে বিশ্বের মোট কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের ৪০ শতাংশের জন্য দায়ী এই দুটি শিল্পোন্নত ধনী দেশ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য তাদের দায় স্বীকার করে নিল এবং কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের মাত্রা কমানোর লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের অঙ্গীকারও ব্যক্ত করল। চুক্তিটি কার্যকর করতে এমন ৫৫টি দেশের অনুসমর্থন প্রয়োজন হবে, যারা বিশ্বে মোট কার্বন নিঃসরণের ৫৫ শতাংশের জন্য দায়ী। সেই লক্ষ্য পূরণে এখনো ২৯টি দেশের স্বাক্ষর প্রয়োজন। চুক্তি বলবৎ হলে স্বাক্ষরকারী দেশগুলোকে তাদের নিঃসরণমাত্রা এমন হারে কমিয়ে আনার পদক্ষেপ নিতে হবে, যেন চলতি শতাব্দীর শেষে গড় বৈশ্বিক তাপমাত্রা ২ (সম্ভব হলে) ডিগ্রি সেলসিয়াসের বেশি না বাড়ে। বর্তমানে যে মাত্রায় কার্বন নিঃসরণ চলছে, তা অব্যাহত থাকলে শতাব্দী শেষে বৈশ্বিক তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন। অর্থাৎ পৃথিবীর সব দেশ মিলে কার্বন নিঃসরণের মাত্রা বর্তমানের অর্ধেকের বেশি কমিয়ে আনতে হবে। যুক্তরাষ্ট্র ও চীনের ভূমিকাই এখানে সবচেয়ে বেশি। কারণ, তারা সর্বাধিক পরিমাণ নিঃসরণ ঘটাচ্ছে।
প্যারিস চুক্তির অন্য গুরুত্বপূর্ণ দিকটি হলো পৃথিবীর যেসব দেশের কার্বন নিঃসরণের দায়ভাগ কম, কিন্তু যারা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিজনিত জলবায়ু পরিবর্তনের ক্ষতির শিকার, তারা অর্থ সহায়তা পাবে। বাংলাদেশে কার্বন নিঃসরণের মাত্রা নগণ্য, কিন্তু আমরা ইতিমধ্যে জলবায়ু পরিবর্তনের ক্ষতির শিকার হচ্ছি। বঙ্গোপসাগরের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয় জেলাগুলোর কয়েক কোটি মানুষের জীবন ও জীবিকা ইতিমধ্যেই হুমকির মুখে। উপরন্তু কার্বন নিঃসরণ আরও কমানোর উদ্যোগ নিতে গিয়ে আমাদের বছরে গড়ে ১৮ হাজার কোটি টাকার সংস্থান করতে হবে। এই অর্থ আদায়ের জন্য জাতিসংঘের সবুজ জলবায়ু তহবিলের কাছে আমাদের চাপ সৃষ্টি করার সুযোগ আরও বাড়ল। এখন আমাদের আরও জোরের সঙ্গে এ অর্থ আদায়ের উদ্যোগ নিতে হবে।