মানব পাচার জাতীয় মানবিক বিপর্যয় হিসেবে কত বড়, তা বিগত মাসগুলোয় প্রকট আকারে ধরা পড়েছিল। আন্তর্জাতিক গণমাধ্যম ও রাষ্ট্রীয় পর্যায়েও মানব পাচার রোধে বাংলাদেশ সরকারের সচেষ্টতার অভাবের সমালোচনা হয়েছিল। এরই প্রতিফলন ঘটেছে সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ-বিষয়ক বার্ষিক প্রতিবেদনে। তাদের মূল্যায়নে বাংলাদেশের অবস্থান মানব পাচার প্রতিরোধে ন্যূনতম মানদণ্ড রক্ষা করায় ব্যর্থ দেশগুলোর তালিকায়। ঘরে-বাইরে এত সমালোচনার পর সরকারের উচিত মানদণ্ড রক্ষায় বাস্তব পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া।
হাজারো বাংলাদেশির সমুদ্রপথে থাইল্যান্ড-মালয়েশিয়া গমনের চেষ্টাকালে মৃত্যু ও বন্দিত্বের শিকার হওয়া দেখে দেশবাসী ক্ষুব্ধ হয়েছিল। সীমান্ত দিয়ে ভারত-পাকিস্তান ও ইউরোপের দেশগুলোতেও প্রতিনিয়ত বিপুলসংখ্যক মানুষ প্রলুব্ধ হয়ে পাচারের শিকার হচ্ছে। এত দিন সমালোচনা ছিল, বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে বিদেশি মুদ্রার লোভে সরকার এই মানবিক বিপর্যয় বিষয়ে উদাসীন ছিল। কিন্তু যখন হাজার হাজার মানুষের মৃত্যু ঘটতে দেখা গেল, তখনো কি তাদের টনক নড়েছে? মানব পাচারে জড়িত পুলিশ-জনপ্রতিনিধি ও ক্ষমতাবান নেটওয়ার্ক আগের মতোই অটুট রয়ে গেছে। কমেনি আন্তর্জাতিক পাচার চক্রের তৎপরতা। ঝোপ পেটানোর মতো কিছু পুলিশি দৌড়ঝাঁপ ছাড়া তেমন কিছু দেখা যায়নি।
২০১২ সালের মানব পাচার-বিষয়ক আইনটির অপূর্ণাঙ্গতা নিয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা সরব হলেও সেখানেও পরিবর্তন আনা হয়নি; পূর্ণ বাস্তবায়নের প্রশ্ন তো ঝুলেই রইল। এসবেরই ফল আন্তর্জাতিক সমালোচনা এবং যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বাংলাদেশকে পাচার রোধে প্রায় ব্যর্থ হিসেবে চিহ্নিত করা। আন্তর্জাতিক রাজনীতি, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ব্যবসা-বাণিজ্যের বিনিয়োগের বেলায় এ ধরনের মূল্যায়ন নেতিবাচক প্রভাব ফেলে।
মানব পাচারকারীদের ক্ষমতার খুঁটিগুলো ওপড়াতে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত ও তত্ত্বাবধান দরকার। আইনটিকে পাচার-প্রতিরোধক করতে হলে জাতীয় সংসদের মাধ্যমে এর সংশোধন ও পরিবর্তন দরকার। যে এলাকাগুলোয় পাচারকারীরা বেশি তৎপর, সেসব এলাকায় বেকারত্ব ও দারিদ্র্য দূরীকরণের কর্মসূচিও চাই। নিয়মানুগ পথে বিদেশে কর্মসংস্থান বাড়ানোয় সরকারি-বেসরকারি উভয় পথকে নিরাপদ ও উদ্দেশ্যমুখী করার সব ব্যবস্থা নিতে হবে।