যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত বাজারসুবিধা (জিএসপি) বাতিলের জন্য মার্কিন বাণিজ্য প্রতিনিধি রন কার্কের একটি চিঠি সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে গত মাসেই। তাঁর দাবি, বাংলাদেশে তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় বিরাট ঘাটতি আছে। এ অবস্থায় শুল্কমুক্ত সুবিধা স্থগিত বা বাতিল করা উচিত। মার্কিন বাণিজ্য প্রতিনিধির চিঠিটি অত্যন্ত উদ্বেগজনক। কিন্তু বাংলাদেশ সরকার এবং তৈরি পোশাক খাতের দায়িত্বশীল ব্যক্তিদের মন্তব্যে মনে হয় না, তাঁরা বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পেরেছেন।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি চিঠির প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছেন, ওয়াশিংটনের উদ্বেগকে আমলে নিয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে তাঁর মন্তব্য, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানির মাত্র দশমিক ৬ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে। এর মাধ্যমে কি তিনি শুল্কমুক্ত সুবিধার বিষয়টি হালকা করে দেখছেন না? আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের নিরাপত্তা দেওয়া এবং কর্মপরিবেশ নিশ্চিত করতে কারখানার মালিকেরা বাধ্য। যুক্তরাষ্ট্রের বৃহত্তম শ্রমিক সংগঠন আমেরিকান ফেডারেশন অব ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন (এএফএল-সিআইও) শ্রমিক হয়রানির অভিযোগ এনে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত সুবিধা বাতিলের দাবি জানিয়ে আসছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতেই মার্কিন বাণিজ্য প্রতিনিধি বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছেন। যুক্তরাষ্ট্রে পণ্যের ক্রেতা বা বিক্রেতা যা খুশি করতে পারেন না। তাই সেখানে শ্রমিক সংগঠন এবং ক্রেতা প্রতিষ্ঠানগুলোর উদ্বেগ সরকারকে আমলে নিতে হয়। বাংলাদেশের বিকাশমান এই শিল্পের টেকসই উন্নয়নে শ্রমিকদের নিরাপত্তা ও ন্যূনতম মজুরিসহ কর্মপরিবেশ নিশ্চিত করার কাজটি বাইরের কেউ না বললেও নিজেদের স্বার্থেই করা উচিত। মার্কিন বাণিজ্য প্রতিনিধি বাংলাদেশের তৈরি পোশাক খাতে শ্রমিকদের যেসব সমস্যার কথা তুলে ধরেছেন, তা অসত্য নয়। এর মূল দায় তৈরি পোশাক কারখানার মালিকদের হলেও সরকারেরও দায়িত্ব আছে। মালিকেরা আইন অনুযায়ী শ্রমিকদের সুযোগ-সুবিধা দিচ্ছেন কি না, সেটি তদারক করার কথা সরকারেরই। পররাষ্ট্রমন্ত্রী শুল্কমুক্ত বাণিজ্যের যে হিসাব-নিকাশ তুলে ধরেছেন, তা এখানে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো দেশের ব্যবসায়িক স্বার্থ সুরক্ষা ও সম্প্রসারণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা কৌশলগত অংশীদারি তৈরি করেছি নিশ্চয়ই বাণিজ্য-সুবিধা কমাতে নয়, বাড়াতে। বাংলাদেশের তৈরি পোশাকের দুই প্রধান ক্রেতা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। শ্রমিক স্বার্থ সংরক্ষণে তাদের দৃষ্টিভঙ্গিও অভিন্ন। অতএব, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। বিজিএমইএর সভাপতি পোশাক কারখানাগুলোতে কর্মপরিবেশের উন্নতি ঘটার দাবি করলেও বাস্তব চিত্র বিপরীত। সম্প্রতি তাজরীন ফ্যাশনসে অগ্নিদগ্ধ হয়ে ১১২ জন শ্রমিকের মৃত্যুও মালিকদের চৈতন্যোদয় ঘটাতে পেরেছে বলে মনে হয় না। শুল্কমুক্ত সুবিধা বাতিলের বিষয়ে যুক্তরাষ্ট্র নোটিশ জারি করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এখনো আলোচনার সুযোগ আছে। সরকারের উচিত হবে, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করা। কেননা, যুক্তরাষ্ট্র এই মুহূর্তে শুল্কমুক্ত সুবিধা তুলে নিলে তা দেশের গোটা রপ্তানি বাণিজ্যের জন্য ভুল বার্তা বয়ে আনতে পারে।