যুক্তিনির্ভর নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৯ সেপ্টেম্বর প্রথম আলোয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নানের ‘আওয়ামী লীগের সেতু বনাম দেশের সেতু’ শিরোনামে একটি লেখা ছাপা হয়েছে। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই অবিরাম সূক্ষ্মভাবে জনমনে নানা কায়দায় বিভিন্ন মহল থেকে এমন একটি ধারণা দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ হচ্ছে দেশের প্রধান শত্রু, তারা সব সময় জনবিরোধী কাজে লিপ্ত থাকে এবং যারা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী, তারা সব সময় দেশের জনগণকে বিভ্রান্ত করে।’ উপাচার্য আবদুল মান্নানের এই বক্তব্য মোটেই ঠিক নয়। দেশের মানুষের যদি আওয়ামী লীগ সম্পর্কে এ রকম ধারণাই থাকত, তা হলে এত বিশাল ভোটের ব্যবধানে দুবার নির্বাচিত করত না। আওয়ামী লীগ কখনো দেশের শত্রু ছিল না। তারা কখনো জনবিরোধী কাজেও লিপ্ত ছিল না। তাঁর মন্তব্য যুক্তিনির্ভর নয়, অনুমাননির্ভর। জনাব মান্নান আরও লিখেছেন, ‘বিশ্বব্যাংকের “এই অভাবনীয়” সিদ্ধান্তে শত্রুর মুখে ছাই দিয়ে সরকার এবং আওয়ামী লীগের রাজনৈতিক ও কূটনৈতিক বিজয় হয়েছে।’ এটি কূটনৈতিক বিজয় নয়, বরং আওয়ামী লীগ ও সরকার বড় অপবাদ থেকে আপাতত রেহাই পেল। পদ্মা সেতু প্রকল্পে যদি কোনো দুর্নীতিই না হবে, তা হলে কেন আবুল হোসেনকে সরে যেতে হলো? কেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমানকে ছুটিতে যেতে হলো? তবে পদ্মা সেতুর ব্যাপারে বিএনপির প্রধান খালেদা জিয়ার মন্তব্যটিও সুবিবেচনাপ্রসূত নয়। যেখানে পদ্মায় একটি সেতু নির্মাণ করতেই দেশ কঠিন অবস্থায় পড়তে হয়েছে, সেখানে তাঁর দল ক্ষমতায় এসে দুটি সেতু তৈরি করবে—এমন চিন্তা আকাশ কুসুম কল্পনা ছাড়া কিছু নয়। এম এ মান্নান, ঢাকা।[email protected]