শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার ব্রত নিয়ে সারা বিশ্বের খ্রিষ্টধর্মাবলম্বী ব্যক্তিরা আজ এক মহিমান্বিত ধর্মীয় উৎসবে যোগ দিচ্ছেন। তবে এর কল্যাণময় আনন্দ সর্বজনীন। সব জাতি ও ধর্মাবলম্বীর জন্য এটা ভাগাভাগি করে নেওয়ার বিষয়। ভ্রাতৃত্ব, ভালোবাসা, সহমর্মিতা ও উদারতার মতো অমোঘ শান্তির বাণী যিশুর মহান শিক্ষা। হিংসা–দ্বেষ পরিহার করে উন্নততর মানবিক সম্পর্ক ও সুসমৃদ্ধ সমাজ গড়ে তোলার আহ্বান নিয়ে আমাদের দোরগোড়ায় আবার এসেছে বড়দিন।
বাংলাদেশসহ মুসলিম দেশগুলোতে বড়দিন উদ্যাপিত হয় আরেক বিশেষ তাৎপর্যে। কারণ, মুসলমানদের কাছেও যিশুখ্রিষ্ট মহামানব হিসেবেই গভীর শ্রদ্ধার পাত্র। অনাদিকাল ধরে বাংলার মুসলমান সমাজ িখ্রষ্টধর্মাবলম্বীদের সঙ্গে ঐক্য ও সম্প্রীতির এক অপূর্ব মেলবন্ধনের ধারা চলমান রেখেছে। বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে তাদের অবদান উল্লেখযোগ্য, এমনকি সেবাধর্মী কাজে তারা মানবিকতার উজ্জ্বল স্বাক্ষর বজায় রেখে চলেছে।
সংযম-সহিষ্ণুতা, ভালোবাসা ও সেবার পথ ধরে মানুষকে সত্য ও কল্যাণের পথে আনার প্রয়াসে যিশুকে অবর্ণনীয় নিপীড়নের শিকার হতে হয়েছিল। কিন্তু সত্য ও কল্যাণের পথ থেকে কোনো কিছুই তাঁকে বিচ্যুত করতে পারেনি। নিপীড়কের বিরুদ্ধে তিনি পাল্টা আঘাতের কথা বলেননি; তিনি অকাতরে ক্ষমা করেছেন, আর সমগ্র মানবজাতির হয়ে সব দুঃখ-যন্ত্রণা যেন একাই আত্মস্থ করতে চেয়েছেন।
বড়দিন উপলক্ষে আমাদের জাতীয় নেতারা পৃথক বাণী দিয়েছেন। আজ সবকিছু ছাপিয়ে সর্বত্র এই অঙ্গীকারই ফুটে উঠুক—আর বিভেদ নয়, সম্প্রীতির বন্ধনে আমরা পরস্পরকে বেঁধে রাখব। সেবাধর্মে নিজেকে উৎসর্গ করব। আর সেটা সম্ভব হলে এই ভূখণ্ডে যিশুর শিক্ষা সত্যিকার মহিমায় উদ্ভািসত হবে। আমরা আমাদের ভ্রাতৃপ্রতিম খ্রিষ্টধর্মাবলম্বীদের অকৃত্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।