যুদ্ধাপরাধ ও আজকের তারুণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের নিরিখেই মেলাতে হবে বাংলাদেশের সব হিসাব-নিকাশ। একাত্তরের ২৫ মার্চ গণহত্যা শুরু হওয়ার পর এই এলাকার মানুষের চিত্রটি ছিল মোটামুটি এ ধরনের: ১. দেশ থেকে পালিয়ে যাওয়া মানুষের দল যারা বিভিন্ন পথে বাঁচার আশায় প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় নেয়। ২. দেশে রয়ে যাওয়া মুক্তিকামী মানুষ, যারা শ্বাসরুদ্ধকর পরিবেশে এই মুক্তিযুদ্ধকে গোপনে সহযোগিতা করার প্রচেষ্টায় রত ছিল। ৩. দেশে বসবাসরত স্বাধীনতাবিরোধী চক্র (বিশেষত জামায়াতে ইসলামী, নেজামে ইসলামী, মুসলিম লীগ, ইসলামী ছাত্র সংঘের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ) যারা পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি নিধন অভিযানকে সফলতাদানের জন্য সক্রিয় ছিল।প্রথম দলের একটি অংশ মুক্তিবাহিনীতে নাম লিখিয়ে, গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে ঢাকা ও দেশের অন্যান্য এলাকায় পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের পরাস্ত করতে থাকে। দ্বিতীয় দলটি ক্রমান্বয়ে আরও সক্রিয় হয়ে ওঠে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতে। তৃতীয় দলটি হিটলারের এসএস ফোর্সের অনুকরণে গঠন করে খুনি বাহিনী—আলবদর ও আলশামস, তাদের সহযোগিতা করতে স্বেচ্ছাসেবকের দল (রাজাকার বাহিনী)। এদের পাশাপাশি ছিল শান্তি কমিটি। তাদের সংবাদপত্রে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে ব্যবহার করা হতো এসব বিশেষণ: ‘জারজ সন্তান’, ‘ইসলামের শত্রু’, ‘ভারতের চর’। তারা ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় গড়ে তোলে নির্যাতনকেন্দ্র। ঢাকার মিরপুর ও মোহাম্মদপুর হয়ে ওঠে তাদের নির্যাতনের অভয়ারণ্য। আজ যেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়, একাত্তরে সে এলাকাজুড়ে ছিল নির্যাতনকেন্দ্র। এখানেই হত্যার শিকার হয়েছেন শহীদ আলতাফ মাহমুদ, শহীদ রুমি (শহীদজননী জাহানারা ইমামের ছেলে)। মোহাম্মদপুরের ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে বরেণ্য বুদ্ধিজীবীদের নির্যাতন করা হয়, তারপর তাঁদেরকে নৃশংসভাবে হত্যা করা হয় রায়েরবাজার বধ্যভূমিতে নিয়ে। মিরপুরে কালাপানি, জল্লাদখানা, মুসলিম বাজারসহ বিভিন্ন জায়গায় তারা হত্যা করে বুদ্ধিজীবীসহ অনেক মানুষকে। মুক্তিযুদ্ধ প্রলম্বিত হলে শহীদের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হতো, অবর্ণনীয় নির্যাতনের শিকার হতেন আরও অগণিত নারী, স্থাবর-অস্থাবর সম্পত্তি আরও দখলে নিত পাকিস্তানি বাহিনীর এদেশীয় দালালেরা। জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে গঠিত আলবদর ও আলশামস বাহিনীর সদস্যরা সারা দেশ ঘুরে প্রগতিশীল বুদ্ধিজীবীদের আরও অনেককে অপহরণ করত এবং নৃশংস নির্যাতনের পর হত্যা করত। হয়তো বা গ্রিক মহাকবি হোমারের এক চরিত্র আগামেমননের নিষ্ঠুরতম সেই সংলাপটি একাত্তরের ঘাতকদের মনস্তত্ত্ব বুঝতে সাহায্য করতে পারে: ‘এদের একজনকেও আমরা বাঁচিয়ে রাখব না, এমনকি মায়ের গর্ভের শিশুটিকেও নয়। এদের প্রত্যেককে হত্যা করতেই হবে যেন তাদের কথা মনে করার মতো কিংবা তাদের জন্য চোখের দুই ফোঁটা জল ফেলার মতো কেউই আর অবশিষ্ট না থাকে।’আমাদের বাবা, মা, আপনজনসহ মুক্তিকামী বাঙালিদের হত্যা-নির্যাতনের বিষয়ে পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের মনোভাব ছিল আগামেমননের এই সংলাপের অনুরূপ।কোনো সম্প্রদায়ের মানুষদের শারীরিক, মানসিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, নৃতাত্ত্বিকসহ সর্বতোভাবে পঙ্গু ও নিশ্চিহ্ন করতে হত্যাসহ যাবতীয় ধারাবাহিক ও নিরন্তর চেষ্টা নেওয়ার অপর নাম ‘জেনোসাইড’, যা আমাদের ওপর ১৯৭১-এর ২৫ মার্চ রাতে চূড়ান্তভাবে আরোপিত হওয়ার মধ্য দিয়ে শুরু হয় একাত্তরের মুক্তিযুদ্ধ। কিন্তু বাঙালির পরিচয় মুছে দেওয়ার কাজটি তো চলেছে পাকিস্তানপর্ব (১৯৪৭-১৯৭১) জুড়ে।পাকিস্তানি প্রভুর আশীর্বাদ নিয়ে একাত্তরে দানবীয় শক্তি বাংলাদেশের নগর-বন্দর-গ্রাম-গঞ্জে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। দানবের আকস্মিক আক্রমণের আশঙ্কায় মুক্তিকামী এ দেশবাসী প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনেছে যেমন সত্য; অন্যদিকে জীবনের পূর্ণ ঝুঁকি নিয়ে পল্লিগাঁয়ের প্রৌঢ় মাতা, দরিদ্র কৃষক কিংবা গ্রাম্য বালা কখনো আশ্রয় দিয়েছে, কখনো ক্ষুৎপিপাসা মিটিয়েছে আলোর যাত্রী মুক্তিযোদ্ধাদের। ফলে দানববেষ্টিত এই দেশে মুক্তিযোদ্ধারা আপামর সাহসী মানুষের সহযোগিতায় লড়াই চালিয়ে যেতে পেরেছে।মানবতার প্রতি চরম অবমাননা করে ১৯৭১ সালে আমাদের দেশে যারা যুদ্ধাপরাধ করেছিল, তাদের বিরুদ্ধে দাঁড়ানো এ দেশের সব নাগরিকের কর্তব্য। স্বাধীন বাংলাদেশে ইতিহাস-ঐতিহ্য বিসর্জনের যে ‘সংস্কৃতি’ আমরা তৈরি করেছি, তা থেকে বেরিয়ে এসে কে সম্মানের পাত্র আর কে ঘৃণার পাত্র, তা অনুধাবন করার মতো পরিবেশ নিশ্চিত করতে আজকের তরুণ প্রজন্ম আগুয়ান হয়েছে। লাখ লাখ শহীদের আত্মত্যাগের ফসল আমাদের প্রিয় জন্মভূমি কোন রাজনৈতিক দর্শনকে প্রাধান্য দেবে, আমাদের অনাগত প্রজন্ম কোন মতাদর্শকে ধারণ করে বিকশিত হবে, তা নির্ধারণ করার সময় সমুপস্থিত। আজকের বাংলাদেশে ইতিহাসের আলোকেই আমাদের পক্ষ নির্ধারণ করতে হবে।১৯৯৪ সালে চিকিৎসার জন্য শেষবার ঢাকা ছাড়ার আগে শহীদজননী জাহানারা ইমাম আমাদের বলেছিলেন, ‘ওদের মৃত্যুঘণ্টা বেজে গেছে। দেখিস, এবার ফিরে এলেই দুর্বার আন্দোলন গড়ে তুলব আমরা। দেশ জেগে গেছে, তরুণেরা হাল ধরেছে। আমার সন্তানেরা এককাট্টা হয়েছে “দানবশক্তি”র বিরুদ্ধে—তাই “জয় আমাদের সুনিশ্চিত”।’ কিন্তু দেহে বাসা বাঁধা কর্কট ব্যাধি তাঁকে দেশব্যাপী জেগে ওঠা মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত মানুষদের নিয়ে দেশকে শত্রুমুক্ত করার পবিত্র কাজটি সম্পন্ন করতে দেয়নি। ব্যাধি যতই প্রকটতর হয়েছে, উদ্দেশ্য সাধনে তিনি যেন আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়েছেন। কম্পিত হস্তে খোলা চিঠি লিখেছেন, ‘দানব-দমন’-এর দায়িত্ব অর্পণ করেছেন জনগণের ওপর। সেই জনগণ এখন রাজপথে। মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত তারুণ্য ও আপামর গণমানুষের পদভারে তাই তো প্রকম্পিত হয় শাহবাগ এলাকা, পরিণত হয় প্রজন্ম চত্বরে এবং তা ছড়িয়ে যায় ‘সবখানে’। সূচিত হয় নতুন আন্দোলন। যুদ্ধাপরাধীদের যথাযথ শাস্তির দাবিতে আজকের শিশু-কিশোর-তরুণের দল সোচ্চার। পাশে আছেন মুক্তিযোদ্ধা, শহীদ-স্বজন, শুভবুদ্ধিসম্পন্ন সব মানুষ। নিছক গাছ-নদী আর ইট-পাথরের দেশ তো নয় বাংলাদেশ; এর পরতে পরতে রয়েছে আমাদের নিজেদের চিনে নেওয়ার, জেগে ওঠার ইতিহাস। সেই ইতিহাসের খেরো খাতা আমাদের শিকড়ের সন্ধান দেবে—মুক্তিযুদ্ধের চেতনার আলোকে যেখানে আমি, আমরা ও বাংলাদেশ—সবাই একাকার হয়ে আছি। মুক্তিযুদ্ধের চেতনার মাঝে যুগোপযোগী সব অধিকার নিশ্চিত করার যে অঙ্গীকার রয়েছে, তার রশ্মিতে এই দেশ দীপ্যমান থাকবে চিরকাল। তৌহীদ রেজা নূর: পিএইচডি গবেষক; শহীদসন্তান।