৪০ বছর পর এক দুরূহ দায়িত্ব সম্পন্ন হলো বাংলাদেশে। ১৯৭৩ সালে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য প্রণীত হয়েছিল বাংলাদেশে, এই আইনের অধীনে প্রথম বিচার সম্পন্ন হলো ২০১৩ সালে। এই আইন এবং বিচার দুটোই অসামান্য নানা কারণে। ১৯৭৩ সালের আইনটি ছিল একটি পদপ্রদর্শক ধরনের আইন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে সংঘটিত যুদ্ধাপরাধ ও গণহত্যার বিচার রাশিয়া, পোল্যান্ড ও ইসরায়েলে জাতীয়ভাবে হলেও, স্বাধীনতাযুদ্ধকালে সংঘটিত এ ধরনের অপরাধের বিচারের জন্য জাতীয় ট্রাইব্যুনাল গঠনের কথা এই আইনেই প্রথম বলা হয়। এই আইন এবং এর পরবর্তী সংশোধনীগুলোর অধীনে বাংলাদেশ মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার সম্পন্ন করেছে স্বাবলম্বীভাবে। ৪০ বছর পরে সম্পূর্ণ নিজের সামর্থ্যে কোনো আন্তর্জাতিক সাহায্য না নিয়ে আন্তর্জাতিক অপরাধের বিচার করার ঘটনাও অত্যন্ত বিরল। এ বিচার প্রয়োজনীয়, প্রত্যাশিত এবং বহুল প্রতীক্ষিত। এই বিচার বানচাল করা এবং ট্রাইব্যুনাল বিলুপ্ত করার যে দাবি জামায়াত ও শিবির বর্তমানে করছে, তা চরম নিন্দনীয় ও পুরোপুুরি অগ্রহণযোগ্য। এসব দাবিতে আক্রমণ, ভাঙচুর, নাশকতা ও হরতাল খুবই উদ্বেগজনক জাতির জন্য। হরতাল চলাকালে পুলিশের ওপর নির্বিচারে হামলা এবং ছাত্রশিবিরের কর্মীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনাও নৈরাজ্যকর এক পরিস্থিতির ইঙ্গিত প্রদান করছে। জামায়াতের ডাকা সর্বশেষ হরতালের প্রধান দাবি ছিল যুদ্ধাপরাধের দায়ে আটক করা তাদের নেতাদের মুক্তি ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল করা। এই দাবিতে আহূত হরতালকে সমর্থন জানিয়ে বিএনপি চরম দায়িত্বহীন কাজ করেছে। যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা বিশ্বসমাজে সবচেয়ে নিকৃষ্ট অপরাধ হিসেবে স্বীকৃত। বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি আমরা অনেক ত্যাগের বিনিময়ে অর্জন করেছি, তার প্রতি দায়বদ্ধতা থেকে হলেও এই অপরাধের বিচার আমাদের করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া, এর ধরন, একে রাজনৈতিক সুবিধালাভের জন্য ব্যবহারের চেষ্টার সমালোচনা হতে পারে, কিন্তু তাই বলে এই বিচারের যৌক্তিকতা এবং প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। আবার এই বিচারকে আন্তরিকভাবে সমর্থন করলে এসব সমালোচনা করা যাবে না বা সুশাসন, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এটিও ঠিক নয়। যুদ্ধাপরাধের বিচারের সঙ্গে অন্যান্য ইস্যুকে গুলিয়ে না ফেললে বরং এই বিচারের প্রশ্নে আরও ব্যাপকভিত্তিক জাতীয় ঐক্য গড়ে তোলা যাবে, জামায়াত-শিবিরের নাশকতাকে রাজনৈতিকভাবে দমনও করা যাবে। এ মুহূর্তে তা-ই প্রয়োজন। ২. যুদ্ধাপরাধীদের বিচার ঠিকমতো হচ্ছে কি না, তা বোঝার সবচেয়ে বড় উপায় হচ্ছে বিচারের রায় এবং এর বিশ্লেষণ পাঠ করা। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমাদের দেশে রায়ের ব্যাখ্যা-বিশ্লেষণ কমই হয়ে থাকে, যা হয় তা পড়ার মানসিকতাও খুব একটা দেখা যায় না। ২১ জানুয়ারি যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত আবুল কামাল আযাদের মামলার রায় প্রকাশিত হওয়ার পর উচ্ছ্বাসমূলক বেশ কিছু লেখালেখি পত্রিকায় প্রকাশিত হয়েছে। এর অধিকাংশগুলোতে রায়ের কোয়ালিটি ও র্যাশনালিটি নিয়ে আলোকপাত করা হয়নি। অথচ যুদ্ধাপরাধীর বিচারের ক্ষেত্রে প্রথম রায় হিসেবে এর গুরুত্ব অপরিসীম। এই রায় প্রদানের জন্য ট্রাইব্যুনালকে খুব বেশি কষ্ট করতে হয়নি। মাওলানা আযাদ পালিয়ে যাওয়ার কারণে এবং তাঁর পক্ষে কোনো সাক্ষী না থাকার কারণে তাঁর দোষ প্রতিষ্ঠায় সরকারের আইনজীবীদের তেমন বেগ পেতে হয়নি, একপক্ষীয় (রাষ্ট্রপক্ষের) সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় প্রদানের ক্ষেত্রে ট্রাইব্যুনালকে সম্ভবত বেশি জটিলতায়ও পড়তে হয়নি। তবে রায়ে কোনো একটি আন্তর্জাতিক আইন (জেনেভা কনভেনশন) কেন প্রাসঙ্গিক, অন্যটি (রোম স্ট্যাটিউট) কেন নয় বা কোনো একটি আন্তর্জাতিক আইনের (নাগরিক ও রাজনৈতিক অধিকার-সম্পর্কিত আন্তর্জাতিক কনভেনশন) একটি অংশ কেন উল্লেখিত হলো, আরেকটি অংশ কেন নয়, এসবের ব্যাখ্যা দেওয়া হয়নি। আমাদের দেশের রায়গুলোতে আন্তর্জাতিক আইন বা অন্য দেশের আদালতের রায় উল্লেখ করার ক্ষেত্রে কোনো ‘ডায়ালজিক’ পদ্ধতি ব্যবহার করা হয় না বলে রায়ের এই সীমাবদ্ধতা অবশ্য উল্লেখজনক কিছু নয়। ডেভিড বার্গম্যান তাঁর একটি বিশ্লেষণে আযাদের পক্ষে নিয়োগ দেওয়া রাষ্ট্রপক্ষের আইনজীবীর নিরপেক্ষতা ও প্রস্তুতি নিয়েও কিছু প্রশ্ন তুলেছেন। কিন্তু আযাদ নিজে পালিয়ে গিয়ে এই পরিস্থিতি সৃষ্টি করেছেন বলে এই রায় নিয়ে এখনই গুরুতর প্রশ্ন তোলার অবকাশ নেই। যুদ্ধাপরাধ-সম্পর্কিত অন্যান্য মামলায় অভিযুক্ত ব্যক্তিরা বিচারকাজে অংশ নিয়েছেন, তাঁদের আইনজীবীরা একনিষ্ঠভাবে কাজ করেছেন এবং তাঁদের পক্ষে সুসংগঠিত প্রচারণা চালানোর ব্যবস্থা রয়েছে। এসব মামলার রায়ের যৌক্তিকতা রায়ের ভেতরেই যথেষ্টভাবে থাকার প্রয়োজনীয়তা প্রথম রায়ের বিশ্লেষণের মধ্য দিয়ে আরও বেশি করে অনুভূত হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিদের দোষী সাব্যস্ত করার যৌক্তিকতা রায়ের ভেতরেই যথেষ্টভাবে থাকলে এ নিয়ে অপপ্রচারণা চালানোর সুযোগ আর থাকবে না। রায়ের পক্ষে আরও ব্যাপক গ্রহণযোগ্যতাও তাতে সৃষ্টি হবে। ৩. যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে জাতীয় ঐক্য গড়ে তোলার আরেকটি বড় শর্ত হচ্ছে, একে রাজনৈতিক সুবিধালাভের চিন্তা থেকে সরে আসা। এই বিচার আওয়ামী লীগ কতটা আদর্শিক অবস্থান থেকে করছে, কতটা করছে রাজনৈতিক সুবিধালাভের জন্য, তা নিয়ে সমাজে প্রশ্ন রয়েছে। এই প্রশ্ন তোলার কারণও রয়েছে। জামায়াতে ইসলামীর পুনরুত্থান, এর বিকাশ এবং এমনকি একে রাষ্ট্রক্ষমতার অংশীদার করার সিংহভাগ দায় অবশ্যই বিএনপির। তবে অতীতে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সখ্যের নজিরও কম নয়। ১৯৮৬ সালের সংসদ নির্বাচন বয়কটের প্রতিজ্ঞা থেকে সরে এসে নির্বাচনে জামায়াত ও আওয়ামী লীগ অংশ নিয়েছিল, ১৯৮৭ থেকে ১৯৯০ পর্যন্ত এরশাদবিরোধী আন্দোলনে বিএনপি ও আওয়ামী লীগের সঙ্গে জামায়াতও যুগপৎ বিভিন্ন কর্মসূচি পালন করেছিল, ১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী জামায়াত নেতা গোলাম আযমের সঙ্গে দেখা করে তাঁর সমর্থন কামনা করেছিলেন। এসব ছাড়াও বিশেষ করে ১৯৯৬ সালে যুদ্ধাপরাধবিরোধী আন্দোলন থেকে সরে এসে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় জামায়াতের সঙ্গে যুগপৎভাবে বিএনপি সরকারবিরোধী আন্দোলন করে আওয়ামী লীগ জামায়াতের রাজনৈতিক পুনর্বাসনে কিছুটা হলেও ভূমিকা রেখেছিল। হতে পারে শুধু রাজনৈতিক কৌশল হিসেবে এ ধরনের পদক্ষেপ আওয়ামী লীগ নিয়েছিল। কিন্তু একই কৌশল হিসেবে বিএনপি কেন জামায়াতের সঙ্গে নিয়ে আন্দোলন করতে পারবে না, তা জনগণকে ব্যাখ্যা করার দায় আওয়ামী লীগ কখনো অনুভব করেনি। কেন তারা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচারের পদক্ষেপ নেয়নি, এই ব্যাখ্যাও আজ পর্যন্ত প্রদান করা হয়নি। এসব ক্ষেত্রে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করা হলে দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে তারা যুদ্ধাপরাধীদের বিচারের অতিপ্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ শুরু করার পর তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ থাকত না।অতীত ভূমিকার কোনো ব্যাখ্যা না দিয়ে আওয়ামী লীগের সরকার বরং তাদের দুর্নীতি আর অগণতান্ত্রিক পদক্ষেপগুলোর সমালোচনাকে ঢালাওভাবে যুদ্ধাপরাধের বিচার বানচাল করার ষড়যন্ত্র হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। সরকারের মনোভাব দেখলে মনে হয়, তারা যুদ্ধাপরাধীদের বিচার করছে শুধু এ কারণেই, ভারতের প্রতি নতজানু নীতি, শেয়ার মার্কেট বা সোনালী ব্যাংক লুটপাটের মতো দুর্নীতি, ছাত্রলীগের পাশবিক সন্ত্রাস, ক্রসফায়ার-গুম, ঢালাও দলীয়করণ, ভিন্নমতাবলম্বী বা আন্দোলনকারীদের (তা শিক্ষকসমাজ বা তেল-গ্যাস-জ্বালানি সম্পদ রক্ষার জন্য হলেও) কঠোরভাবে দমনসহ যা ইচ্ছা করার লাইসেন্স তারা পেয়ে গেছে। সরকারের এই মনোভাব যুদ্ধাপরাধ বিচারের মাহাত্ম্য ও মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করছে। সরকারের প্রতি বিভিন্ন কারণে ক্ষুব্ধ মানুষের মনে যেকোনো প্রতিবাদকে স্তব্ধ করার হাতিয়ার হিসেবে ব্যবহারের বা অন্য সব ব্যর্থতাকে আড়াল করার ঢাল হিসেবে ব্যবহারের জন্য এই বিচার করা হচ্ছে কি না, এমন প্রশ্নের উদ্রেক করছে। জামায়াত প্রসঙ্গে সরকারের ভূমিকাও কিছু ক্ষেত্রে বিভ্রান্তিকর। যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের যেসব নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের সম্পর্কে বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। কিন্তু এরপর দলটির দ্বিতীয় সারির প্রায় সব নেতাকে সরকার অন্য নানা অভিযোগে গ্রেপ্তার করে, জামায়াতের নেতা-কর্মীরা মাঠে নামামাত্র তাঁদের বিরুদ্ধে পুলিশ চড়াও হয় এবং তাঁদের রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেওয়া হয়। রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বৈধতা অব্যাহত রেখে দলটিকে রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেওয়ার যৌক্তিকতা কী, তা ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে। এসব কর্মসূচি এখন সহিংস হয়ে উঠছে, সহিংস কর্মসূচি কঠোরভাবেই দমন করতে হবে। কিন্তু নিয়মতান্ত্রিক ও অহিংস প্রতিবাদের কর্মসূচির অধিকার থেকে জামায়াতকে বঞ্চিত করতে হলে জামায়াতকে নিষিদ্ধ করার অকপট পদক্ষেপ সরকারকে নিতে হবে। ৪. যুদ্ধাপরাধ ইস্যুতে বিএনপির ভূমিকাও অত্যন্ত বিভ্রান্তিকর। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনে বিএনপি জামায়াতকে সঙ্গে রাখতে পারে। কিন্তু এই দাবির আবরণে বিচারকে বানচাল করার কিংবা বিচার চলা অবস্থায় আটক করা নেতাদের মুক্তি ও ট্রাইব্যুনাল বাতিল করার দাবিতে জামায়াতের হরতালকে সমর্থন করার কী ব্যাখ্যা প্রদান করবে দলটি? বিএনপির এই চরম নিন্দনীয় ভূমিকা যুদ্ধাপরাধের বিচারকে ক্ষতিগ্রস্ত করছে, দায়হীনতার সংস্কৃতিকে উৎসাহিত করছে এবং পরবর্তী নির্বাচনের পর এই বিচারের ভবিষ্যৎ সম্পর্কে গভীর সংশয়ের সৃষ্টি করছে। যুদ্ধাপরাধীদের বিচারের স্বার্থে আওয়ামী লীগ ও বিএনপিকে এটি নিয়ে রাজনীতি বন্ধ করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার রাজনৈতিক ইস্যু নয়, এটি প্রধানত সাংবিধানিক ও আইনি বাধ্যবাধকতা এবং রাষ্ট্রীয় কর্তব্য। আওয়ামী লীগকে এই বিচার বিতর্কমুক্ত রাখতে হবে এবং এটিকে রাজনৈতিক হিসাবের ঊর্ধ্বের বিষয় হিসেবে বিবেচনা করতে হবে। বিএনপিকে সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনের আবরণে যুদ্ধাপরাধের বিচার বানচাল করার কোনো রকম ষড়যন্ত্র বা ফাঁদ থেকে সুস্পষ্টভাবে দূরে থাকতে হবে, সরকারের দমননীতির পাশাপাশি জামায়াত-শিবিরের উগ্র তাণ্ডবকেও নিন্দা জানাতে হবে। তা না হলে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি রাজনৈতিক অপপ্রচার ও ক্ষমতার যুদ্ধের বলিতে পরিণত হতে পারে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে জাতি হিসেবে তা আমাদের চিরদিন এক গ্লানির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে। আসিফ নজরুল: অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।