বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল আমার জীবনেরও এক সন্ধিক্ষণ। ২২ বছরের তরুণ ছাত্র আমি সেই কালো অধ্যায়ের নৃশংসতার কাহিনি জেনে প্রচণ্ড নাড়া খেয়েছিলাম। ১৯৭১ সালের ২৫ মার্চে পাকিস্তানি সেনাবাহিনীর ত্রাসের রাজত্ব কায়েমের পরপরই ভয়াবহ সংবাদগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে আসতে থাকে। পাকিস্তানি বাহিনী এবং তাদের এ দেশীয় সহযোগীরা বেসামরিক জনগণের ওপর সব রকমের বর্বরতা চালায়। ব্যাপকসংখ্যক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানোর পাশাপাশি চলে হিন্দু ও মুসলিম নারীদের গণধর্ষণ। স্বাধীনতার পরপরই নিহত বাঙালিদের সংখ্যা মোটাদাগে ৩০ লাখ বলে সাব্যস্ত হয়। এই সংখ্যাটার নির্ভুলতাকে হয়তো প্রশ্ন করা যায় এবং বেসামরিক নিহত মানুষের প্রকৃত সংখ্যা হয়তো কখনোই আর জানা যাবে না। তাহলেও সন্দেহের কোনো অবকাশ নেই যে অনেকগুলো গণহত্যা সে সময় ঘটেছিল। একাত্তরের ১৬ ডিসেম্বরের পরে বেশ কটি গণকবরও আবিষ্কৃত হয়। দখলদার সেনাবাহিনী যে বাঙালি জনগোষ্ঠীকে বশ্যতা স্বীকারে বাধ্য করতে চেয়েছিল, এসব গণকবর তার মুখ্য প্রমাণ। এই অপরাধমূলক প্রক্রিয়ার নাম মানবতার বিরুদ্ধে অপরাধ। সে সময়ের সংবাদপত্রের প্রতিবেদনে একে ‘গণহত্যার ঘটনার নিকৃষ্ট নজির’ হিসেবে আখ্যায়িত করা হয়েছিল।স্বাধীনতার ৪০ বছর পরও ১৯৭১ সালের যুদ্ধাপরাধের বিষয়টি বাংলাদেশে গুরুতর তাত্পর্য বহন করে। যেসব রাজনীতিবিদ পাকিস্তানি বাহিনীর খুনে নকশা বাস্তবায়নে হাতিয়ারের ভূমিকা পালন করেছিল, দেশটির রাজনীতিতে তাদের পুনঃপ্রতিষ্ঠাই বাংলাদেশের বৃহত্তম ট্র্যাজেডি। পশ্চিমাপন্থী সামরিক একনায়কত্বের যুগেই এটা ঘটেছিল। অনুগ্রহ করে ঐতিহাসিক ঘটনাবলির ধারা খেয়াল করুন। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি নিধনযজ্ঞ শুরু হওয়ার পর জামায়াতে ইসলামীর প্রধান গোলাম আযমের নেতৃত্বে একদল চরম ডানপন্থী রাজনীতিবিদ পাকিস্তানি দখলদার বাহিনীর প্রধান টিক্কা খানের সঙ্গে দেখা করে খোলাখুলিভাবে তাদের সহায়তা দেওয়ার প্রস্তাব দেয়। সাত বছর আগে, ইউরোপীয় কমিশনের জন্য বাংলাদেশি বুদ্ধিজীবীদের সংগৃহীত সাক্ষ্য-প্রমাণাদির ভিত্তিতে করা একটি দলিলে আমি বিষয়টি ব্যাখ্যা করেছি। এসব দালাল রাজনীতিবিদ, যাদের মধ্যে জামায়াতে ইসলামীর নেতারাই প্রধান। একাত্তরে রাজাকার নামে একটি আধাসামরিক বাহিনী এবং আলবদর ও আলশামস নামে দুটি ঘাতকদল তৈরি করে। এই বাহিনীগুলোই পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যাকাণ্ড বাস্তবায়নের সহযোগী হয়।১৯৭০ দশকের শেষ দিক থেকে বাংলাদেশি রাজনীতিতে জামায়াতে ইসলামের পুনঃপ্রতিষ্ঠা অবধারিতভাবে একাত্তরে নিপীড়নের শিকার লাখ লাখ বাঙালি ও তাঁদের স্বজনদের সুবিচার প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত ঘটনা। এই একটি কারণেই ঢাকা বিচার (যুদ্ধাপরাধ বিচারের ট্রাইব্যুনাল) প্রয়োজনীয় এবং যৌক্তিক। কিন্তু সবকিছুর ওপরে, জামায়াতে ইসলামীর পুনরাবির্ভাব বাংলাদেশে টেকসই গণতান্ত্রিকব্যবস্থা গঠনে একটা হুমকি ও বাধা। একাত্তরের যুদ্ধাপরাধের প্রধান অভিযুক্ত ব্যক্তিদের সবাই এই দলের এবং তারা কখনোই একাত্তরের হত্যাযজ্ঞের জন্য অনুতপ্ত হয়নি। এই দলটি বাংলাদেশি সমাজে তাদের দৃষ্টিভঙ্গি কায়েমে কখনোই সহিংসতা থেকে বিরত হয়নি। স্বয়ং ইউরোপীয় পার্লামেন্ট এমন একসময়ে জামায়াতে ইসলামীর প্রভাবশালী হয়ে ওঠায় উদ্বিগ্ন হয়েছিল, যখন এই দলের দুজন শীর্ষ নেতা মুজাহিদ ও নিজামী সরকারের মন্ত্রী হয় (ইউরোপীয় পার্লামেন্টের সিদ্ধান্ত, এপ্রিল ২০০৫)। আমার বিশ্বাস, ঢাকায় প্রতিষ্ঠিত যুদ্ধাপরাধ আদালত বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের একটি যুগান্তকারী ঘটনা। গত মাসে গোলাম আযমকে গ্রেপ্তার দেশটির ইতিহাসের সত্যিকার এক মাইলফলক। এবার আমি যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের নীতি প্রণয়ন বিষয়ে কথা বলব। সত্তরের দশক থেকেই বাংলাদেশে যারা যুদ্ধাপরাধের বিচার শুরুর জন্য আন্দোলন করেছে, ইউরোপীয় পার্লামেন্ট বরাবরই তাদের সমর্থন করে এসেছে। অন্তত তিনবার ইউরোপীয় পার্লামেন্ট যুদ্ধাপরাধীদের বিচারের সমর্থন ব্যক্ত করেছিল। ১৯৯৪ সালে পার্লামেন্টের ৮ নম্বর ধারায় বিএনপি সরকারের আমলে ‘জাহানারা ইমামের নেতৃত্বাধীন নির্মূল কমিটির নেতারাসহ অন্য যেসব সংগঠন যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে আসছে, তাদের দমন-পীড়ন থেকে বিরত থাকার’ জন্য আহ্বান জানানো হয়। নং নম্বর ধারায় ‘নির্মুল কমিটি এবং অন্যান্য গণতান্ত্রিক সংগঠনের উত্থাপিত দাবি অনুযায়ী গোলাম আযমসহ অন্যান্য ইসলামী সংগঠনের নেতৃবৃন্দকে ১৯৭১ সালের গণহত্যার সময়ে তাদের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর’ কথা বলা বলা হয়।ইউরোপীয় পার্লামেন্টর ১৯৯৪ সালের এই প্রস্তাবটি আমি উদ্ধৃত করলাম এ বিষয়ে জোর দেওয়ার জন্য যে বাংলাদেশে সত্যি সত্যিই যুদ্ধাপরাধদের বিচারে আদালত গঠনের ১৮ বছর আগে তার দাবি জানিয়ে ইউরোপীয় পার্লামেন্ট দূরদর্শিতার পরিচয় দিয়েছিল। সেই প্রস্তাবের ভাষার মধ্যেও নাগরিক সমাজের যে শক্তি বাংলাদেশের বেশির ভাগ মানুষকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সংগঠিত করে, তাদের প্রতি ইউরোপীয় পার্লামেন্টের বিশেষ সহানুভূতি দেখা যায়। এর মাধ্যমে ১৯৭২-৭৩ সালে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশে সংঘটিত যুদ্ধাপরাধের প্রতি যে উদাসীনতা দেখিয়েছিল, ইউরোপীয় পার্লামেন্ট সেই মারাত্মক ভুলের সংশোধন করল। সেই ভুলটি ছিল, বাংলাদেশের নবীন সরকারের যুদ্ধাপরাধীদের বিচারের চেষ্টাকে সমর্থন না করা। যাহোক, ইউরোপীয় পার্লামেন্টের প্রতি বাংলাদেশে যে আস্থার মনোভাব রয়েছে, আশা করি তা টিকে থাকবে।উপসংহারে পৌঁছানোর আগে একটি বিষয় আমি স্ফটিকের মতো পরিষ্কার করতে চাই। যুদ্ধাপরাধীদের বিচারের আদালতের প্রতি সমর্থন জানানো মানে এই নয় যে বাংলাদেশে অন্যান্য ক্ষেত্রে যেসব বিচারহীনতার বাস্তবতা বিরাজ করছে, সেগুলোর প্রতি উদাসীন থাকা। এখানে আমি আরও কিছু গুরুতর মানবাধিকার সমস্যার দিকে নজর ফেলাতে চাই। যেমন:আটকাবস্থায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) ৫০ সদস্যের ব্যাখ্যাহীন মৃত্যু। এই বাহিনীর ২০০৯ সালের ঘটনা একটি রক্তাক্ত কিন্তু ব্যর্থ অভ্যুত্থানের সাক্ষী। (দেখুন: অ্যামনেস্টি প্রতিবেদন)ক্রমবর্ধমান হারে বাংলাদেশি নাগরিকদের গায়েব হয়ে যাওয়া। (দেখুন: বাংলাদেশের মানবাধিকার প্রতিবেদনগুলো)র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে যখন-তখন বিচারবহির্ভূত হত্যা, যা এই সরকারের আমলেও চলছে।নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা ক্রমবর্ধমান হারে বেড়ে চলা। এর ফলে ২০১১ সালেই এক হাজার ৩৬ জনের মৃত্যু হয়। (দেখুন বিএনডিব্লিউএলএ)। এবং আদিবাসী জনগণের, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী আদিবাসীদের প্রাপ্য ন্যায্যতা প্রতিষ্ঠায় বর্তমান সরকারে ব্যর্থতাও লক্ষণীয়। আমি বিশ্বাস করি, এই গুরুতর মানবাধিকারের বিষয়গুলোও গুরুত্বপূর্ণ। তাহলেও কোনো সন্দেহ নেই যে বর্তমানে যুদ্ধাপরাধের যে বিচার চলছে তা বাংলাদেশের জন্য এক ব্যাপক বিষয়।একটি আবেদন দিয়ে আমি শেষ করছি। বাংলাদেশ আজ সেই কাজ করছে, যা ইউরোপ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদী শক্তির পতনের পরে; নাজি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ন্যুরেমবার্গ ট্রায়াল চালু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ীদের মতো করেই, অনেক দেরি হয়ে যাওয়া সত্ত্বেও, যারা একাত্তরে মূল অপরাধগুলো করেছিল বলে অভিযুক্ত, তাদের বিচারের মুখোমুখি করেছে। আর এটা করা হচ্ছে এমন এক আইনে, যা প্রণয়নের সময় (১৯৭৩) যুদ্ধাপরাধের বিচারের আন্তর্জাতিক আইনের কাঠামোর কথা মনে রেখেই।কোনো সন্দেহ নেই, যাদের বিচারের মুখোমুখি করা হয়েছে, বিচারের প্রক্রিয়াকে ব্যাহত করায় সম্ভব সবকিছু তারা করবে—বিশেষত যখন তাদের ব্যাপক আর্থিক ভিত্তি রয়েছে।নিঃসন্দেহে, ইউরোপীয় ফ্যাসিবাদের অভিজ্ঞতার সঙ্গে মানানসইভাবে, জামায়াতে ইসলামীও বিরাট, খুবই বিরাট মিথ্যা পয়দা করবে। তাদের বিচারের পক্ষে যে জনমত গড়ে উঠেছে, তাকে মোকাবিলা করতে তারা ঐতিহাসিক সত্যেরও বিকৃতি ঘটাবে। নিঃসন্দেহে, বাংলাদেশে ফ্যাসিবাদীদের ক্ষমতা দখলের বিপদ এখনো কেটে যায়নি। এই পটভূমিতে, আমি ইউরোপীয় পার্লামেন্টের কাছে আবেদন জানাই, তারা যাতে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পাশে দাঁড়ায়—গত ২০ বছর যাবত যেমনটা তারা করে এসেছে। গত ৩১ জানুয়ারি বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে এক শুনানিতে বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নেয়। সেখানে পিটার কাস্টার্স যে বক্তব্য দেন, এটি তার সংক্ষেপিত অনুবাদ। ড. পিটার কাস্টার্স ছাড়াও এই দলে আরও ছিলেন শাহরিয়ার কবীর, জেয়াদ আল-মামুন ও তুরীন আফরোজ। ড. পিটার কাস্টার্স: বাংলাদেশবিশেষজ্ঞ। সভাপতি, ইন্টারন্যাশনাল কমিটি ফর ডেমোক্রেসি ইন বাংলাদেশ (আইসিডিবি)।