যুবলীগ কর্মীদের চাঁদা-সন্ত্রাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর জন্য শোক হবে, তার জন্য টাকা চাই। বিদ্যালয়কেও দিতে হবে শোক দিবসের চাঁদা! তা না দিতে পারায় চাঁদপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে মারধর করা হলো। পরদিন এর প্রতিবাদে সমবেত ছাত্রীদের ওপর হামলা চালিয়ে ৪০ জন কিশোরীকে আহত করা হলো। এ-ই কি বঙ্গবন্ধুর আদর্শে প্রতিষ্ঠিত যুবলীগ? বিচার হবে কি না, শাস্তি হবে কি না, এসব প্রশ্ন তো রয়েছেই, সঙ্গে রয়েছে উদ্বেগ—আবার কোথায় ঘটবে এ রকম বর্বরোচিত হামলার পুনরাবৃত্তি? এ কোন রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করেছে বাংলাদেশ?
চাঁদা না পেয়ে কচুয়ার স্কুলে যুবলীগ কর্মীদের হামলাজাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের বিভিন্ন অনুসারী সংগঠনের অনিয়ম, উৎপাত, মারামারি ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে, যা এই মাত্রায় আগে দেখা যায়নি। কুষ্টিয়ায় যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন একজন। এরই মধ্যে চাঁদপুরের কচুয়া উপজেলায় ভূঁইয়ারা উচ্চবিদ্যালয়ে ঘটেছে ন্যক্কারজনক ঘটনা। শোক দিবসের আয়োজনের নামে চাঁদাবাজি কোন পর্যায়ে গেলে বিদ্যালয় থেকেও চাঁদা দাবি করা হয়? এবং তা দিতে ব্যর্থ হওয়ায় ছাত্র বয়সী যুবকদের হাতে প্রহৃত হতে হয় দুই শিক্ষককে। এর প্রতিবাদ করার চেষ্টাকালে ৪০ জন শিক্ষার্থীকে লাঠি ও দা দিয়ে আহত করা হয়। ১৭ জন এখনো স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি, গুরুতর আহত ছয়জনকে রাখা হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে।
যে শিক্ষকেরা নির্যাতিত হলেন, যে ছাত্রীরা আহত ও রক্তাক্ত হলো, যে অভিভাবকেরা নিরপরাধ সন্তানদের ভীতি ও বেদনা সহ্য করতে বাধ্য হলেন এবং এলাকাবাসীসহ দেশবাসী যাঁরা এ ঘটনা জানতে পারলেন, তাঁরা কীভাবে দেখবেন এবারের পনেরোই আগস্টকে? বাঙালির জাতির জনক ও মুক্তিযুদ্ধের মহান নেতা বঙ্গবন্ধুকে এভাবে কলঙ্কিত করার অধিকার তাদের কে দিয়েছে? ছাত্রলীগ-যুবলীগ হলেই সাত খুন মাফ?
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ ছাত্রলীগ-যুবলীগকে হুঁশিয়ার করেছিলেন, যাতে তাদের জন্য বদনাম না হয়। সেই হুঁশিয়ারি তারা শোনেনি। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও দলের দ্বিতীয় প্রধান হিসেবে সৈয়দ আশরাফ কী ব্যবস্থা নেবেন, তা জানা প্রয়োজন।