যুবলীগ-ছাত্রলীগের মাঝখানে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সব সরকারের আমলে ‘এলাকায় আধিপত্য বিস্তারের লড়াই’ চলে ক্ষমতাসীন দল ও তার অঙ্গসংগঠনগুলোর বিভিন্ন গ্রুপের মধ্যে। কিন্তু দেশে সরকারি প্রশাসন থাকতে অন্যদের ‘আধিপত্য’ বলতে কী বোঝায়? তারা কিসের ওপর ‘আধিপত্য’ কায়েম করতে, রক্ষা করতে বা অন্য পক্ষের হাত থেকে তা কেড়ে নেওয়ার চেষ্টায় শক্তি প্রদর্শন ও প্রয়োগ করে? কখনো কখনো রক্তপাত ঘটায়? আর সেসব সহিংস ঘটনায় সরকারি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ভূমিকা পালন করে?
এই প্রশ্নগুলো উঠল গত সোমবার দুপুরে চট্টগ্রামে পূর্বাঞ্চল রেলওয়ের সদর দপ্তর সিআরবি এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার খবরের পরিপ্রেক্ষিতে। ক্ষমতাসীন আওয়ামী লীগের এ দুটি সহযোগী সংগঠন নিজেদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটিয়ে সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে অনেকবার। কিন্তু সরকার ও ক্ষমতাসীন দল তাদের সহিংস আচরণ থেকে বিরত করতে পারেনি। এই ব্যর্থতার অন্যতম কারণ, তাদের বিরুদ্ধে আইনের যথার্থ প্রয়োগ ঘটানো হয় না।
উদাহরণ চোখের সামনেই আছে। দুই বছর আগে চট্টগ্রামের ওই সিআরবি এলাকাতেই যুবলীগ ও ছাত্রলীগের ওই দুই নেতার অনুসারীদের মধ্যে গোলাগুলির সময় এক শিশু গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর যে মামলা হয়েছে, পুলিশ তার অভিযোগপত্র এখনো পেশ করেনি। আসামিরা জামিনে মুক্ত হয়ে আবার ‘আধিপত্যের লড়াইয়ে’ নেমেছে। সোমবার দুই পক্ষ যখন ধারালো অস্ত্রপাতি নিয়ে পরস্পরের ওপর আক্রমণ চালাতে যাচ্ছিল, তখন পুলিশ তাদের মাঝখানে অবস্থান নিয়ে ‘ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে’। এভাবেই পুলিশ তার কর্তব্য শেষ করেছে; কাউকে আটক করেনি, অস্ত্রপাতিও জব্দ করেনি। এক পক্ষের জটলা থেকে গুলির শব্দ শোনা গেছে বলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজেই বলেছেন; কিন্তু অস্ত্রধারীদের গ্রেপ্তার করা হয়নি।
চাঁদাবাজি-টেন্ডারবাজি নিয়ে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের সহিংস আচরণ বন্ধ করা দরকার। সে জন্য প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা।