যে কলেজে গণিত পড়ানো হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়েছে দুই দশক আগে। কিন্তু এত দিনেও কলেজটিতে গণিতের শূন্য পদে কাউকে পদায়ন করা হয়নি। ফলে বিজ্ঞানশিক্ষার আবশ্যকীয় বিষয় গণিত পড়ানো হয় না এ কলেজে। কলেজটিতে আরও চারটি বিষয়ে একজন শিক্ষকও নেই। শিক্ষক–সংকটের কারণে উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ফলাফলে যেমন নেতিবাচক প্রভাব পড়ছে, আবার স্নাতক পর্যায়ে শিক্ষা কার্যক্রম চালু করাও যাচ্ছে না। এতে পার্বত্য এই জেলার নারী শিক্ষার্থীরা বিজ্ঞানশিক্ষা ও উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, খাগড়াছড়ি জেলায় একমাত্র মহিলা কলেজটি প্রতিষ্ঠা করা হয় ১৯৯৯ সালে। ২০০৯ সালে এটি জাতীয়করণ করা হয়। বর্তমানে এই কলেজের শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২০০। আবাসিক সুবিধা থাকায় খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার পাশাপাশি পাশের রাঙামাটি জেলার মেয়েরাও পড়াশোনা করছেন কলেজটিতে।

শুরু থেকেই এই কলেজটিতে শিক্ষকের ঘাটতি রয়েছে। উচ্চমাধ্যমিক স্তরের জন্য ১৮ জন শিক্ষকের পদ থাকলেও কর্মরত ১৪ জন। গণিতসহ চারটি বিষয়ে শিক্ষক নেই। পদার্থবিজ্ঞান ও পৌরনীতির দুই শিক্ষক রয়েছেন প্রশিক্ষণে। অর্থনীতি বিভাগের শিক্ষক রয়েছেন মাতৃত্বকালীন ছুটিতে। শিক্ষকের স্বল্পতা থাকায় তিন বছর আগে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলেও স্নাতক পর্যায়ে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন মেলেনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে।

গণিত বিভাগে শিক্ষক না থাকায় উচ্চমাধ্যমিকের বিভাগভিত্তিক পাসের হারে সব সময় পিছিয়ে থাকে বিজ্ঞান বিভাগ। ২০১৮ সালে মানবিক বিভাগে যেখানে পাসের হার ছিল ৬১ শতাংশ, সেখানে বিজ্ঞান বিভাগে পাসের হার মাত্র ৩৮ শতাংশ। আর ব্যবসায় শিক্ষা বিভাগে এ হার ছিল ৪৭ শতাংশ। পরের বছর, অর্থাৎ ২০১৯ সালেও বিজ্ঞান বিভাগে পাসের হার ছিল মাত্র ৩২ শতাংশ।

চাকমা, মারমা, ত্রিপুরা, বাঙালিসহ বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ জাতিসত্তার বসবাস খাগড়াছড়িতে। দেশের অন্যান্য অংশের তুলনায় পার্বত্য তিন জেলার নাগরিকেরা খাদ্য, শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য মৌলিক মানবাধিকার প্রাপ্তিতে পিছিয়ে। বিশেষ করে, প্রত্যন্ত এলাকার বিভিন্ন জাতিসত্তার মানুষেরা এসব সুযোগ থেকে একেবারেই বঞ্চিত। সেখানকার মানুষের জীবনমান উন্নয়ন করতে গেলে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার মান উন্নয়ন করতে গেলে মানসম্পন্ন শিক্ষক নিয়োগ, শিক্ষার অবকাঠামো স্থাপন জরুরি।

কলেজটির অধ্যক্ষ মো. শাহ আলমগীর জানান, শূন্য পদ পূরণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে আবেদন করা হলেও কোনো লাভ হয়নি। প্রশ্ন হচ্ছে, প্রতিষ্ঠার দুই দশক পরও কেন গণিতের মতো আবশ্যকীয় বিষয়ে শিক্ষক পদায়ন করা হয়নি? এ অবহেলার কারণ কী? আমাদের আশা, উচ্চশিক্ষা অধিদপ্তর কলেজটিতে খুব দ্রুতই গণিত ও অন্যান্য শূন্য পদে শিক্ষক পদায়নের উদ্যোগ নেবে।