বাংলাদেশ এমন এক দেশ, যাকে তাড়া করে ফেরে জন্মের সময় সৃষ্ট এক জাতীয় বেদনা, যে-বেদনার সম্পূর্ণ প্রশমন আজও ঘটানো হয়নি।ঢাকায় জাতীয় জাদুঘরের সামনে যে প্রতিবাদ-বিক্ষোভ চলছে, তা বৈশিষ্ট্য ও পরিধির দিক থেকে অভূতপূর্ব। ৫ ফেব্রুয়ারি থেকে এই আন্দোলন শুরু হয়। ১৯৭১ সালে দেশটির প্রতিষ্ঠালগ্নে সংঘটিত গণহত্যার দায়ে অভিযুক্ত আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অপর অভিযুক্ত আবদুল কাদের মোল্লা দোষী সাব্যস্ত হওয়া সত্ত্বেও তাঁকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। আদালতের ওই রায়ের প্রতিবাদে বিক্ষোভে নেতৃত্বদানকারী মুক্তবুদ্ধিসম্পন্ন, উদারপন্থী মানুষ কাদের মোল্লাসহ অভিযুক্ত অন্যান্য যুদ্ধাপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানাচ্ছে।বাংলাদেশে সংঘটিত গণহত্যা সম্পর্কে পশ্চিমা বিশ্ব খুব কমই জানে। ১৯৭১ সালের আগে বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান; দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। পাকিস্তানের প্রতিষ্ঠাতারা ভেবেছিলেন, দেশটি ঐক্যবদ্ধ থাকবে দুই অংশের মানুষের ধর্মীয় ঐক্যের কারণে। কিন্তু পূর্বাংশের সেক্যুলার সংস্কৃতির সঙ্গে পশ্চিম পাকিস্তানের অসামঞ্জস্য কালক্রমে প্রকট হয়ে ওঠে। পাকিস্তানি শাসকদের একাধিক অংশ বাঙালিদের প্রতি বর্ণবাদী ঘৃণা পোষণ করত। জেনারেল আইয়ুব খান তাঁর স্মৃতিকথায় লিখেছেন, ‘নিপীড়িত হওয়ার মতো সব ধরনের বৈশিষ্ট্য পূর্ব পাকিস্তানের বাঙালিদের মধ্যে রয়েছে...তাদের জটিল মনোভাব, গোঁয়ার্তুমি এবং...আত্মরক্ষামূলক আগ্রাসী ভঙ্গি...ঐতিহাসিকভাবেই তারা পেয়েছে।’ একটি সমৃদ্ধ সেক্যুলার সংস্কৃতির প্রতি এই শত্রুতা চরমে পৌঁছায় যখন আওয়ামী লীগের নেতা শেখ মুজিব একটি জাতীয় নির্বাচনে বিজয়ী হন। তাঁকে বন্দী করা হয় এবং পাকিস্তান সেনাবাহিনী গণহত্যা শুরু করে, যা অব্যাহত ছিল ১৯৭১ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত।পাকিস্তান কখনোই এসবের দায় স্বীকার করেনি। তা ছাড়া কিছু ইতিহাসবিদ ও সাংবাদিক ঘটনাটি বিপজ্জনকভাবে প্রায় অস্বীকার করেন অথবা নিহতের সংখ্যা কমিয়ে দেখানোর চেষ্টা করেন। পাকিস্তানে সরকারি হিসাবে ১৯৭১ সালের যুদ্ধে মাত্র ২৬ হাজার মানুষ নিহত ও ২০ লাখ মানুষ শরণার্থী হয়েছিল বলে উল্লেখ করা হয়। এমনকি ওই যুদ্ধে সব পক্ষ মিলিয়ে নিহতের সংখ্যা ৫০ হাজার থেকে এক লাখের বেশি হবে না বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন ইতিহাসবিদ সম্প্রতি ঘোষণা করেন। তাঁর ওই গবেষণাপদ্ধতি নিয়ে কঠোর সমালোচনা হয়েছে। ১৯৭১ সালের ২২ ফেব্রুয়ারি এক সভায় পাকিস্তানি প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান ক্রুদ্ধ অবস্থায় বলেছিলেন: ‘ওদের ৩০ লাখ মানুষকে হত্যা করো, বাকিরা আমাদের পা চাটবে।’ এক কোটি মানুষ পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল; শহরাঞ্চল ছেড়ে গ্রামে চলে গিয়েছিল তিন কোটি।যুদ্ধের প্রথম পর্যায়ে তরুণ-যুবক ও হিন্দু সম্প্রদায়ের লোকজন, আওয়ামী লীগের সদস্য, বুদ্ধিজীবী, ছাত্রছাত্রী ও শিক্ষকেরাই ছিলেন হত্যার লক্ষ্য। দ্বিতীয় পর্যায়ে নারীদের ধরে নিয়ে যাওয়া শুরু হয়। ধারণা করা হয়, অন্তত দুই লাখ নারী পাকিস্তানি সেনাসদস্য ও তাদের সহযোগীদের ধর্ষণের শিকার হয়েছিল। তাদের মধ্যে ২৫ হাজার নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পাকিস্তানিরা যেসব ‘রেপ ক্যাম্প’ স্থাপন করেছিল, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সেসবের বর্ণনা পাওয়া গেছে। ধর্ষণের শিকার নারীদের জীবনভর কলঙ্কের বোঝা বহনের যন্ত্রণার কথা ভেবে তাঁদের সংখ্যা ও নাম-পরিচয়ের তালিকা ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন শেখ মুজিব। যুদ্ধের শেষ সপ্তাহে পাকিস্তানিদের অনিবার্য পরাজয়ের মধ্য দিয়ে নতুন একটি জাতির উন্মেষ স্পষ্ট হতে শুরু করে। বুদ্ধিজীবীদের ব্যাপক হারে হত্যার একটি সমন্বিত চেষ্টা তখন শুরু হয়। বেশির ভাগ হত্যাকাণ্ড হয়েছিল ১২ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে। ভবিষ্যৎ স্বাধীন দেশটির গুরুত্বপূর্ণ নেতাদের হত্যার লক্ষ্যে প্রণীত তালিকা পাওয়া গেছে পাকিস্তানি একাধিক কর্মকর্তার ডায়েরিতে। পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি দোসররা আলশামস ও আলবদর নামে সশস্ত্র নজরদারি বাহিনী গড়ে তোলে এবং যুদ্ধের অনিবার্য সমাপ্তির মাত্র দুই দিন আগে বুদ্ধিজীবীদের হত্যায় নেতৃত্ব দেয়। নিহতের প্রকৃত সংখ্যা জানা এখন অসম্ভব। ইতিহাসবিদ আর জে রামেল বিষয়টি নিয়ে নিবিড় গবেষণার সমাপ্তি টেনেছেন এভাবে: ‘পাকিস্তান সরকারের নির্দেশে নিহতদের চূড়ান্ত সংখ্যা তিন লাখ থেকে শুরু করে ৩০ লাখ পর্যন্ত হতে পারে।’ নিহতের সংখ্যাগুলো পরবর্তী কয়েক দশকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। চূড়ান্ত সংখ্যাটি যা-ই হোক, ওই যুদ্ধে লাখ লাখ মানুষ অকল্পনীয় রকমের নিষ্ঠুর ও ভয়ংকর হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। ওই গণহত্যার বিচারে সাক্ষ্য প্রদানকারী এক নারীর বর্ণনা পড়ে দেখা উচিত। নৃশংসতার শিকার একটি পরিবারের একমাত্র জীবিত সদস্য ওই নারীর চোখের সামনেই হত্যা করা হয়েছিল তার মা-বাবা, দুই বোন এবং দুই বছর বয়সী ভাইটিকে। তারপর তিনি ১২ জন সেনার ধর্ষণের শিকার হন। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৩ বছর।সেটা ৪২ বছর আগের কথা। পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচারের মুখোমুখি করা হয়নি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান বলে, নতুন দেশটিতে যদি একজন পাকিস্তানি নাগরিকেরও বিচার করা হয়, তাহলে পশ্চিম পাকিস্তানে অবস্থানরত একজন বাঙালিকেও সেখান থেকে ফিরে যেতে দেওয়া হবে না। গণহত্যাকারী পাকিস্তানিদের সহযোগী বাঙালিদের কাউকেও সাম্প্রতিক কালের আগে বিচারের আওতায় আনা হয়নি। চলমান বিচার-প্রক্রিয়াটিও চলছে জামায়াতে ইসলামীর নিয়মিত সহিংস হুমকির মুখে। যুদ্ধাপরাধীদের কয়েকজন ইতিমধ্যে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। ১৯৯৫ সালে লন্ডনে বসবাসরত যুদ্ধাপরাধীদের ব্যাপারটি যুক্তরাজ্যের কর্তৃপক্ষের নজরে আনা হয়। ঢাকায় কর্মরত সাংবাদিক ডেভিড বার্গম্যান পরিচালিত একটি প্রামাণ্যচিত্র চ্যানেল ফোরে প্রচারিত হয়। চৌধুরী মইনউদ্দিন নামের এক যুদ্ধাপরাধী এখন যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। নিন্দনীয় দায়মুক্তির কারণে নিষ্ঠুরতম গণহত্যাকারীদের অনেকে এখনো দেশে শান্তিপূর্ণ অবসর যাপন করছে। তাদের বিচার চেয়ে আন্দোলনকারীরা একাধিকবার চেষ্টা করেও সফল হয়নি। লেখক ও নেত্রী জাহানারা ইমাম যুদ্ধাপরাধের বিচারের দাবিতে ১৯৯২ সালে গণ-আন্দোলন শুরু করলেও সফল হননি। অবশেষে ২০০৮ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়। এর কার্যক্রম খুব ধীর গতির। সবাই বুঝতে পারছে, এ বিচার কার্যক্রমে যতটুকু অর্জন সম্ভব, তা আগামী নির্বাচনে সরকার পরিবর্তনের আগেই আদায় করে নিতে হবে। খালেদা জিয়াকে জামায়াতে ইসলামীর একজন মিত্র হিসেবে মনে করা হয়। তিনি ক্ষমতায় গেলে এই ট্রাইব্যুনালের কার্যক্রম এক দিনের জন্যও অব্যাহত রাখার সুযোগ দেবেন কিংবা এ আদালতের রায় বহাল রাখবেন—এমন বিশ্বাস কারও নেই। কাদের মোল্লাকে যাবজ্জীবন সাজা দেওয়ার রায় প্রত্যাখ্যান করে গণবিক্ষোভে অংশগ্রহণকারীরা জানেন, শেখ হাসিনার সরকার যুদ্ধাপরাধের বিচারে লক্ষ্য অর্জন করতে পারেনি। আবার সরকার পরিবর্তন হলে বন্দী যুদ্ধাপরাধীরা প্রায় নিশ্চিতভাবেই ক্ষমা পেয়ে যাবে। অতীতেও তাই হয়েছে। তাই যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি উঠেছে। কারণ, মৃত্যুদণ্ডাদেশ পরিবর্তন করা কোনো রাজনীতিকের পক্ষে সম্ভব হয় না। ফাঁসির দাবিতে আন্দোলন আসলে হতাশারই প্রতিফলন। এই বিক্ষোভকারীরা আইনের শাসন ও ন্যায়বিচারে বিশ্বাসী। বিচার-প্রক্রিয়ায় রাজনীতিকদের ইচ্ছা-অনিচ্ছার প্রভাব তারা আগে অনেকবার দেখেছে। তারা জানে, এই বিচার বন্ধও হয়ে যেতে পারে। কিন্তু কাদের মোল্লার বিচারের রায়ের প্রতিবাদে সৃষ্ট পরিস্থিতি আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সচেতন বাঙালিদের উদ্বিগ্ন করেছে। শাহবাগ আন্দোলনের চাপে শেখ হাসিনার সরকার প্রসিকিউশনের আপিলের বিধান করার ব্যাপারে আগ্রহী হয়েছে। বিচার বিভাগের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ যত বাড়বে, বিচারিক হত্যাকাণ্ডের সংখ্যাও তত বাড়বে। সর্বোপরি, গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে উন্নততর শাসনব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। ইতিহাসের নিকৃষ্টতম যুদ্ধাপরাধীদের কয়েকজনের বিচার কখনোই হবে না এবং তাদের নিকৃষ্টতম দোসররাও কেবল দু-এক বছর কারাভোগ করবে—এ ভাবনা থেকেই বিক্ষোভকারীদের হতাশা বেড়েছে। এর সমাধান কী? বিচার-প্রক্রিয়া নিয়ে ব্যাপক সংশয় দেখা দিয়েছে এবং মৃত্যুদণ্ডই এর সঠিক সমাধান হতে পারে না। কিন্তু গণহত্যাকারীদের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশে গ্রহণযোগ্য কোনো শাস্তি নয়।আরেকটা সম্ভাবনা অবশ্য আছে: লাইবেরিয়ার যুদ্ধাপরাধী চার্লস টেইলরকে সে দেশে কারাবন্দী করা হয়নি, কিন্তু নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) তাঁকে বিচারের আওতায় আনা হয়েছে। তাই বাংলাদেশের জাতীয় রাজনীতিকদের নিয়ন্ত্রণ থেকে খুনিদের বাইরে নিয়ে আন্তর্জাতিক আইনপ্রণেতাদের মধ্যস্থতায় বিচারের ব্যবস্থা করা যেতে পারে। এতে আসল যুদ্ধাপরাধীদেরও বিচারের আওতায় আনা যেতে পারে, কেবল তাদের বাংলাদেশি সহযোগীদের নয়। বাংলাদেশে অপরাধের বিচার দ্রুত নিষ্পত্তি করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, দেশটিতে একটি সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বার্থ বিবেচনায় সবকিছু পাল্টে যায়। তাই এই আক্ষেপপূর্ণ জাতীয় বিষয়টির ন্যায়বিচার নিয়ে অনিশ্চয়তা দূর করতে বিশ্বের চোখের সামনে এবং বিশ্বের অংশগ্রহণের মাধ্যমে বিচারটি সম্পন্ন করতে হবে। আমরা, বিদেশিরা, অনেক দিন এ ব্যাপারে চোখ ফিরিয়ে রেখেছিলাম। এই বিস্মৃত গণহত্যা সম্পর্কে জানা আমাদের দায়িত্ব। হত্যাকারীদের কোনো আশ্রয় নয়, তাদের উপেক্ষা করা বা ভুলে যাওয়াও উচিত নয়।যুক্তরাজ্যের দৈনিক ইনডিপেনডেন্ট থেকে নেওয়া। ইংরেজি থেকে সংক্ষেপিত ভাষান্তর: আশিস আচার্য। ফিলিপ হেনশার: ইংরেজ ঔপন্যাসিক ও কলাম লেখক।