যে সংবাদ আমাদের ব্যথিত ও ক্ষুব্ধ করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ দুটি প্রথম আলোতে প্রকাশিত। প্রথমটি ১ অক্টোবর প্রকাশিত হয়েছে। পাঠদানরত অবস্থায় শ্রেণীকক্ষ থেকে নিয়ে স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা। দ্বিতীয় সংবাদটি হলো, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বখাটেরা মারধর করেছে। ২ অক্টোবর এ সংবাদটি প্রকাশিত হয়েছে। বড় বড় শিরোনামের নিচে এ দুটি সংবাদের গুরুত্ব কম। তাই স্থান পেয়েছে বিশাল বাংলায়। প্রথম সংবাদটি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হাবিবপুর গ্রামের রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের। এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন শেখ মিজানুর রহমান। শেখ মিজানুর রহমান ক্লাস নিচ্ছিলেন। এই অবস্থায় তাঁকে স্কুলমাঠে কুপিয়ে হত্যা করা হয়। মিজানুর রহমানের প্রথম পরিচয়, তিনি শিক্ষক। কর্মরত অবস্থায় একজন শিক্ষককে হত্যা করার পর দেশে-বিদেশে কোথাও প্রতিবাদ হয়নি। প্রথম আলোর বিশাল বাংলা পাতা না থাকলে আমাদের এক সহকর্মীর করুণ পরিণতির খবর জানার উপায় ছিল না। দ্বিতীয় সংবাদটি যশোর সদর উপজেলার মোমিননগর মাধ্যমিক বিদ্যালয়ে। এ ঘটনায় বখাটেদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। মিজানুর রহমানের খুনির বিচারের দাবিতে কোনো মানববন্ধন কিংবা স্মারকলিপি দেওয়া হয়নি।শিক্ষকের পবিত্র স্থান ক্লাসরুম পবিত্র কাজ হলো শিক্ষা দান করা। মিজানুর রহমান ক্লাসরুমে ছিলেন এবং শিক্ষাদান করছিলেন। মিজানুর রহমানের জন্য এই বলে সান্ত্বনা পাই যে পবিত্র কাজ করা অবস্থায় তাঁকে হত্যা করা হয়েছে। অশনিসংকেত হলো, মিজানুর রহমান থেকে আমাদের দূরত্ব কি খুব বেশি? আজকে মিজানুর রহমানকে ক্লাসরুম থেকে নিয়ে হত্যা করেছে। আগামীকাল যে অন্য কোনো শিক্ষকের লাশ শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পড়ে থাকবে না, সেই নিশ্চয়তা কোথায়?সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষ চলাকালে প্রক্টরসহ একাধিক শিক্ষক লাঞ্ছিত হয়েছেন। শিক্ষক লাঞ্ছিত হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া বেশি দেখা যায়নি। অনেকে যেন একটু খুশিই হয়েছেন। ভাবখানা এমন যে প্রক্টর এবং তাঁর কমিটির সদস্য লাঞ্ছিত হয়েছেন তো কী হয়েছে? ওই কমিটির একজন সদস্য বলেছেন, কোনো রকমে রক্ষা পেয়েছি। একজন শিক্ষক যদি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রকমে রক্ষা পান, সেখানে আর যা-ই হোক, ভয়মুক্ত পরিবেশ থাকে না।প্রক্টর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতির একটি মতাদর্শে বিশ্বাসী। তিনি দলের ভেতর কোনো একটি উপদলের সদস্যও হতে পারেন। এগুলো তাঁর পরিচয় নয়। তাঁর প্রথম পরিচয়, তিনি একজন শিক্ষক। এদিক দিয়ে বিবেচনা করলে লাঞ্ছিত হয়েছে শিক্ষকসমাজ। আঘাত এসেছে শিক্ষকদের ওপর। এই শিক্ষক সাদা, নীল, হলুদ রঙে বিশ্বাসী শিক্ষক নন। এ এক সর্বজনীন রং। যার নাম শিক্ষক।শিক্ষকসমাজের ওপর আঘাত দলীয় বিবেচনায় নেওয়া হলে শুধু শিক্ষকদের ক্ষতি হয় না, শিক্ষাব্যবস্থার চরম দীনতাও স্পষ্ট হয়ে ওঠে। শিক্ষকসমাজের যে সুনাম দেশ ও জাতির সামনে রয়েছে, সেখানেও আস্থাহীনতা সৃষ্টি হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনা, প্রশাসনের কর্তাব্যক্তি শিক্ষককে চড়-থাপড় মারা, ক্লাসরুম থেকে ডেকে নিয়ে শিক্ষককে খুন করা আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও তা বিচ্ছিন্ন নয়। অপশক্তিকে রাষ্ট্রীয় মদদ দেওয়ার ফলে সমাজের যে পচন শুরু হয়েছে, এটা তার উদগ্র বহিঃপ্রকাশ মাত্র। শিক্ষকসমাজের কোনো কোনো ব্যক্তিও এই অপশক্তির অংশ কিংবা সুবিধাভোগী। ব্যক্তির দোষ-গুণ সমাজের সবার ওপর চাপিয়ে দেওয়া যায় না। ব্যক্তি মানুষ লাভের আশায় আদর্শ ত্যাগ করে, নেতা বদলায়, দল পরিবর্তন করে। ব্যক্তির কারণে সমাজের সবাই নষ্ট হয়ে যায় না। আমাদের মধ্যে এখনো কিছু প্রতিবাদী স্পষ্টভাষী শিক্ষক রয়েছেন। যাঁদের দেখে আমরা অনুপ্রাণিত হই। কিন্তু এই আলোর পরিমাণ কমছে। শঙ্কা এখানেই।বেতন-ভাতা আমরা পাচ্ছি। সরকারি স্কুল-কলেজের শিক্ষকদের অসুবিধা হয় না। বেসরকারি কলেজের শিক্ষকদের বাড়িভাড়া মাত্র ১০০ টাকা। ১০০ টাকায় কোথাও বাড়িভাড়া পাওয়া যায় না। বস্তি এলাকায় একটি ঘরের ভাড়াও এক হাজার টাকা। আর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দুঃখ-দুর্দশার শেষ নেই। সামান্য যে কয় টাকা বেতন পান, তা দিয়ে সংসার চলে না। অনেক শিক্ষক বাধ্য হয়ে স্কুল সময়ের বাইরে অন্য কাজ করেন। অনেকে লোকলজ্জার ভয়ে এক বেলা খেয়ে থাকেন। জীবনের নিরাপত্তা নেই। পেশার নিশ্চয়তা নেই। এই অবস্থায় সর্বজনীন শিক্ষা স্লোগান থেকে সামান্যও অগ্রসর হবে না।শিক্ষাপ্রতিষ্ঠান ভয় এবং শঙ্কামুক্ত না হলে মুক্তবুদ্ধির চর্চা সম্ভব নয়। আমাদের প্রায় সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেই ভয়ের সংস্কৃতি বাড়ছে। আগ্নেয়াস্ত্রের মহড়া চলছে। ছাত্রাবাস পুড়িয়ে দেওয়া হচ্ছে। উপাসনালয়গুলো নিরাপদ নয়। ভয় শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে নয়, সর্বত্র। এই ভয়ের সংস্কৃতির মধ্যে মুক্তবুদ্ধি, মানবতাবাদ, গণতন্ত্র সবই পানসে। শিক্ষক ভয় পান কখন তাঁকে লাঞ্ছিত হতে হয়, কে তাঁকে খুন করে, কখন শিক্ষকের কপালে পিস্তল ঠেকিয়ে শিক্ষার্থী নামধারী সন্ত্রাসী বলবে, ফুটো করে দিলাম। এই ভয় নিয়ে শিক্ষকতা পেশা চাকরিতে পরিণত হয়। এই শিক্ষার মধ্য দিয়ে দক্ষ মানবসম্পদ সৃষ্টি হয় না।শিক্ষার মূল উদ্দেশ্য দক্ষ জনসম্পদ গড়ে তোলা। ভীতসন্ত্রস্ত শিক্ষক দিয়ে মানবসম্পদ সৃষ্টি না হয়ে আগাছাই বেশি জন্মায়। কারণ, দুর্বল মানুষ আরেকটি মানসিক আত্মবিশ্বাসহীন মানুষ সৃষ্টি করে। এ মানুষ সমাজের কোনো কাজে আসে না। এরা সহজে মাথা নত করে। সমাজের বেশির ভাগ মানুষ অন্যায়ের কাছে মাথা নত করলে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অমর্ত্য সেন আর্গুমেনটেটিভ ইন্ডিয়ান গ্রন্থে বলেছেন, নীরবতা হলো সামাজিক ন্যায়বিচারের প্রধান শত্রু। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হলে গণতন্ত্র, সামাজিক ন্যায়পরায়ণতা, নৈতিকতা, সাম্য, ভ্রাতৃত্ব—সমাজে কোনো আদর্শই প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা কি সে দিকেই যাচ্ছি! তার পরও ডেইলি স্টার-এর প্রতিবেদন অনুযায়ী, হিরোজ অব আওয়ার টাইম বা আমাদের সময়ের বীরদের শ্রদ্ধা জানাই।মানিক আনিসুজ্জামান: শিক্ষক, দর্শন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।[email protected]