আইন সবার জন্য সমান বলা হয়। কিন্তু কাঁচপুরে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) উচ্ছেদ অভিযান আমাদের নিশ্চিত করল যে আইন সব সময় সবার জন্য সমান নয়। অন্তত সরকারি দলের জন্য আইন একদমই আলাদা। তা না হলে যে উচ্ছেদ অভিযানে আট শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হলো, সেখানে ‘বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ’-এর কার্যালয়টি টিকে যায় কীভাবে!
উচ্ছেদ করা দোকানগুলো কাঁচপুর বাসস্ট্যান্ডের দুই পাশের সওজের জায়গায় অবৈধভাবে বানানো হয়েছিল। এর পেছনে রয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নেতাদের সিন্ডিকেট। ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে তারা সওজের জায়গায় দোকান তুলে মাসে মাসে ভাড়া আদায় করত। সেখানে যানজটের অন্যতম কারণ হচ্ছে অবৈধভাবে গড়ে ওঠা এই দোকানগুলো। এগুলো উচ্ছেদের কোনো বিকল্প নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ক্ষুদ্র ব্যবসায়ীরা আওয়ামী লীগের লোকজনকে টাকা দিয়ে দোকান নিয়েছিলেন, তাঁদের ক্ষতিপূরণ করবে কে?
আওয়ামী লীগ কার্যালয় রেখে বাকি সব উচ্ছেদআওয়ামী লীগ নেতারা সওজের জায়গায় দোকান বসিয়ে অগ্রিম যে টাকা নিয়েছিলেন, তা ফেরত দেবে না বলে ব্যবসায়ীদের জানিয়ে দিয়েছেন। তাহলে খেসারত যা দেওয়ার তা ক্ষুদ্র ব্যবসায়ীদেরই দিতে হবে। আওয়ামী লীগ নেতারা অবৈধভাবে দোকান বানিয়ে ও সেখান থেকে মাসে মাসে ভাড়া আদায়ের মতো অন্যায়-অপকর্ম করে যদি পার পেয়ে যান এবং যে কার্যালয়টিতে বসে এসব নিয়ন্ত্রণ করা হতো, তা যদি উচ্ছেদের হাত থেকে বেঁচে যায়, তবে আওয়ামী লীগ ও এর নেতাদের আইনের ঊর্ধ্বে বলেই ধরে নিতে হবে।
কাঁচপুরে অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও আওয়ামী লীগের কার্যালয়টি টিকে থাকার অর্থ হচ্ছে আইন সবার জন্য সমান নয়। এ কার্যালয়টি উচ্ছেদ ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায়কারী আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে সরকারকে প্রমাণ করতে হবে যে আইন সবার জন্য সমান।