যেতে হবে আরও বহুদূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডব্লিউইএফের প্রতিবেদন অনুযায়ী সার্বিকভাবে দক্ষিণ এশীয় দেশগুলো নারী-পুরুষের সমতায় বেশ পিছিয়ে আছে। বাংলাদেশ যেখানে রাজনৈতিক ক্ষমতায়নে এগিয়ে আছে, সেখানে নেপাল রাজনীতির পাশাপাশি শিক্ষা ও আয়ের সাম্যের ক্ষেত্রে অনেকটা সাফল্য দেখিয়েছে।  লৈঙ্গিক সমতা প্রতিষ্ঠায় বিশ্বে সবার শীর্ষে আছে ইউরোপের দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড। এর পরের অবস্থান যথাক্রমে ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন ও রুয়ান্ডার। অর্থাৎ আমরা পিছিয়ে থাকাদের মধ্যে কিছুটা এগিয়ে আছি।

প্রতিবেদনে বলা হয়, নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ সপ্তম অবস্থানে থাকলেও অনেক পিছিয়ে আছে শ্রমশক্তিতে অংশীদারত্ব এবং মজুরির দিক দিয়ে। রাষ্ট্র পরিচালনায় নারী চালকের আসনে আছে ঠিকই; কিন্তু অর্থনীতির ওপর তার নিয়ন্ত্রণ খুবই কম। এই পরস্পরবিরোধী সূচক নারীর সামগ্রিক অগ্রগতির পরিচায়ক নয়। এর পাশাপাশি সমাজে ধর্ষণ, সহিংসতাসহ নারী নিগ্রহের ঘটনা যেভাবে ঘটে চলেছে, তাতে উদ্বিগ্ন হওয়া ছাড়া উপায় থাকে না। নারীর ক্ষমতায়ন টেকসই করতে হলে অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-স্বাস্থ্যসেবায় যেমন সমতা আনা প্রয়োজন, তেমনি ঘরে–বাইরে নারীর নিরাপত্তা বিধানও জরুরি। অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশীদারত্ব না বাড়াতে পারলে রাজনৈতিক ক্ষমতায়ন থমকে যেতে বাধ্য।

আশার কথা, বাংলাদেশসহ সারা বিশ্বে রাজনীতিতে নারীর অংশীদারত্ব বেড়েছে। কিন্তু সেটাই নারী-পুরুষের সমতা অর্জনের একমাত্র মাপকাঠি নয়। দেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধী দলের নেত্রী নারী বলে যাঁরা নারীর ক্ষমতায়ন হয়ে গেছে মনে করেন, তাঁদের জন্য একটি ভবিষ্যদ্বাণীই যথেষ্ট বলে মনে করি। ডব্লিউইএফের প্রতিবেদন বলছে, যে হারে নারীর অগ্রগতি অর্জিত হচ্ছে, তাতে বিশ্বে স্বাস্থ্য, শিক্ষা, রাজনীতি ও অর্থনৈতিক সুযোগের ক্ষেত্রে বৈষম্যহীন অবস্থান দেখতে ৮৩ বছর অপেক্ষা করতে হবে। বাংলাদেশের হিসাব এখনো অজানা।

তাই নারী-পুরুষের সমতা অর্জনে আমাদের যেতে হবে আরও বহুদূর।