যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরের নির্যাতনের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসরাত জাহান। নির্যাতনের শিকার মেয়েকে উদ্ধার করতে গিয়ে তাঁর বাবা, মা ও ভাইও নির্যাতনের শিকার হন। শেষ পর্যন্ত পুলিশের সহায়তায় মেয়েকে তাঁরা উদ্ধার করতে পেরেছেন। মারধরের মাত্রা এমন পর্যায়ে যে তিনি এখন ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছেন। এ ঘটনার পরও থানা মামলা নেয়নি। ছাত্রীটির বাবার অভিযোগ, বিবাদী প্রভাবশালী হওয়ায় থানা মামলা নেয়নি। পরে নুসরাতের বাবা আদালতে মামলা করেছেন। বোঝা যাচ্ছে, আইন এখানে নিজের মতো কাজ করছে না।
অভিযুক্ত দুই নির্যাতনকারী হলেন নুসরাত জাহানের স্বামী, বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত মেজর নাজির উদ্দিন ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শ্বশুর ইদ্রিস আলী। ছেলে ও বাবার পরিচয় তাঁদের এলাকায় এমন প্রভাবশালীতে পরিণত করেছে যে থানা পর্যন্ত তাঁদের বিরুদ্ধে মামলা নেয়নি। অভিযুক্ত মেজর স্বামী ও তাঁর পরিবারের বিচারের দাবিতে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধনের মতো কর্মসূচি পালন করতে হচ্ছে।
স্বামীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলাএখন প্রশ্ন হচ্ছে, প্রভাবশালী বিবেচনা করে আইনের ক্ষেত্রে বৈষম্য তৈরি করার ক্ষমতা টাঙ্গাইলের কালিহাতী থানা কর্তৃপক্ষকে কে দিয়েছে? আইন নিজের মতো চলছে, এটা যদি সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, তবে নির্যাতনের শিকার ছাত্রীর বাবার অভিযোগ বিবেচনায় নিয়ে এ ঘটনায় থানা কেন মামলা নিল না, তার একটি জবাবদিহি প্রয়োজন। যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন কার্যকর রয়েছে, প্রভাবশালী বিবেচনায় এ ক্ষেত্রে কারও ছাড় পাওয়ার সুযোগ নেই।
অভিযুক্ত স্বামী যেহেতু সেনাবাহিনীতে কর্মরত, তাই দেশের মর্যাদাপূর্ণ এই প্রতিষ্ঠানটির ভাবমূর্তি রক্ষার স্বার্থেও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত ও অভিযোগ প্রমাণিত হলে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নেওয়া জরুরি। কোনো এক ব্যক্তির ব্যক্তিগত আচরণের কারণে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হোক, তা কোনোভাবেই কাম্য হতে পারে না।