চাঁপাইনবাবগঞ্জের শিবপুর উপজেলার কয়েকটি গ্রামে যৌথ বাহিনীর অভিযানের সময় বাসার ভেতর ভাঙচুর, লোকজনকে মারধর, ধানের গোলায় আগুন ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আতঙ্কিত লোকজন বাক্সপ্যাটরা নিয়ে গ্রাম ছাড়ছে। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অভিযান চালানো আইনসংগত বটে, কিন্তু বাড়াবাড়ি কেন? অভিযানের সময় জেলা পুলিশ সুপার, বিজিবির একজন অধিনায়ক ও র্যাব-৫-এর কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন। তাঁরা এসব অভিযোগ অস্বীকার করলেও সরেজমিনে কয়েকটি বাসায় ভাঙচুর ও তিনটি পোড়া মোটরসাইকেল দেখা গিয়েছে। ভয়ের কিছু না ঘটলে লোকজন গ্রাম ছাড়ে কেন? সংশ্লিষ্ট কর্মকর্তারা এর ব্যাখ্যা দিতে পারবেন কি?
যৌথ বাহিনীর অভিযানে শিবগঞ্জে আতঙ্কসুবিদিত যে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের কর্মসূচিতে শিবগঞ্জের এসব গ্রামাঞ্চলে সহিংস প্রতিরোধ হয়ে থাকে। গত কয়েক দিনের অবরোধে বিক্ষোভকারীরা সোনামসজিদ স্থলবন্দর থেকে পণ্য নিয়ে আসার সময় অন্তত চারটি ট্রাক পুড়িয়ে দিয়েছে। পুলিশের একটি গাড়িতে সন্ত্রাসীরা ককটেল ছুড়ে কয়েকজন পুলিশ সদস্যকে আহত করেছে। বিশ্বের সব দেশেই পুলিশের ওপর আক্রমণকে ভয়াবহ অপরাধ হিসেবে দেখা হয়। এর আগেও, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি এই শিবগঞ্জ উপজেলার কানসাটে রাজনৈতিক সন্ত্রাসীরা পল্লী বিদ্যুৎকেন্দ্র ও পল্লী বিদ্যুতের জেলা সদর দপ্তর পুড়িয়ে দিয়েছিল। সে সময় সন্ত্রাসীরা একটি পর্যটন মোটেল জ্বালিয়ে দেয় ও একজন প্রকৌশলীকে হত্যা করে। রাজনৈতিক আন্দোলনের নামে এ ধরনের নাশকতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। কিন্তু প্রশ্ন হলো, অভিযানের নামে ঢালাওভাবে মানুষের ওপর নির্যাতন, ঘরবাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ কেন উঠবে?
দায়িত্বশীল কর্মকর্তারাও বলেছেন, পুলিশ গিয়েছে আসামি ধরতে, সেখানে ‘বেআইনি কাজের কোনো সুযোগ ছিল না।’ বাড়াবাড়ি যদি হয়ে থাকে, সেটা যে বেআইনি, তা পরিষ্কার। তাই এ বিষয়ে বিশ্বাসযোগ্য তদন্ত করা হোক। অভিযোগ সত্য হলে দায়ী ব্যক্তিদের বিচার ও শাস্তি দেওয়া দরকার। না হলে এ ধরনের অভিযানের উদ্দেশ্য ব্যর্থ হওয়ার আশঙ্কা থাকবে।