বিদেশি সাহায্যনির্ভর অর্থনীতির পরিবর্তে বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগ ও মূলধননির্ভর অর্থনীতিতে পরিণত হয়েছে—এই অগ্রগতি দেশটির সম্ভাবনার দিকটিকেই তুলে ধরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সম্ভাবনার পুরোটা কি বাংলাদেশ কাজে লাগাতে পারছে? যে পরিমাণ বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা উচিত, তা কি পারছে?
পরিসংখ্যান যে তথ্য দিচ্ছে, তা খুব আশাব্যঞ্জক নয়। বাংলাদেশে বছরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ এখনো ২০০ কোটি ডলার ছাড়ায়নি। অথচ ভিয়েতনামে ২০১২ সালে বিনিয়োগ হয়েছে ১০ হাজার ৪৬০ কোটি ডলার। অন্যদিকে, ২০১২-১৩ অর্থবছরে যেখানে ১৭৩ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ এসেছিল, সেখানে ২০১৩-১৪ অর্থবছরে তা নেমে গেছে প্রায় দেড় শ কোটি ডলারে।
বাংলাদেশের এই বিনিয়োগ পরিস্থিতি এবং বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে সমস্যার দিকগুলো উঠে এসেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা পরিষদ (বিআইডিএস) ও জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেইটিআরও) আেয়াজিত এক সেমিনারে। বিনিয়োগ করার মতো উল্লেখযোগ্য মূলধন এখন এশিয়ার উন্নত দেশগুলোর, বিশেষ করে পূর্ব এশিয়ার রয়েছে। এই মূলধন তখনই বাংলাদেশে বিনিয়োগের জন্য আকর্ষণ করতে পারবে, যদি এখানে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সৃষ্টি করা যায়।
সেমিনারের মূল আলোচক ইকোনমিক রিসার্চ ইনস্টিটিউট অব আসিয়ান অ্যান্ড ইস্ট এশিয়ার (ইআরআইএ) প্রধান অর্থনীতিবিদ ফুকনারি কিমুরা এই সুযোগ-সুবিধার বিষয়গুলো সুনির্দিষ্টভাবেই উল্লেখ করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশে বড় সমুদ্রবন্দর, বিমানবন্দর ও উন্নত যোগাযোগব্যবস্থার কোনো বিকল্প নেই। এটা পরিষ্কার যে এসব ক্ষেত্রে বিনিয়োগ আকর্ষণে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় পিছিয়ে থাকায় বাংলাদেশ কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ পাচ্ছে না।
দুঃখজনক বাস্তবতা হচ্ছে, যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার মতো গুরুত্বপূর্ণ বিষয়টি অদক্ষতা, অব্যবস্থাপনা ও যথাযথ পরিকল্পনার অভাবে গতি পাচ্ছে না। বিনিয়োগ আকর্ষণের পূর্বশর্ত যে খাতটি, সেদিকে যথাযথ নজর রাখতে না পারলে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়ানোর অন্য কোনো চেষ্টাই কাজে দেবে না।