যোগাযোগমন্ত্রী সমীপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা উত্তরাবাসী ছাত্রছাত্রীরা মহাখালী ফ্লাইওভার থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কীভাবে প্রতিদিন যাতায়াত করি, তা একমাত্র ভুক্তভোগীরাই জানি। এই রাস্তায় তিতুমীর কলেজ, টিঅ্যান্ডটি হাইস্কুল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ আরও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। কিন্তু সাধারণ যাত্রীসহ উত্তরা থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ফ্লাইওভার-মহাখালী রোডে যাতায়াতের কোনো বাসরুট নেই। ফলে অধিকাংশ শিক্ষার্থীকে বনানী বাসস্টপে নেমে ২৫-৩০ টাকা রিকশা ভাড়া দিয়ে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়। ভাঙাচোরা রিকশায় যাতায়াতের এই পথটিও বস্তির ভেতর দিয়ে হওয়ায় নিরাপত্তার ব্যাপারে সব সময় শঙ্কিত থাকতে হয়। মহাখালীর পূর্ব, দক্ষিণ ও পশ্চিমের জনসাধারণের জন্য মহাখালী রোডে বিআরটিসিসহ অনেক বাস সার্ভিস আছে। কিন্তু উত্তরার শিক্ষার্থী ও জনসাধারণের জন্য এই রোডে কোনো বাস সার্ভিস নেই। সমপ্রতি আমরা জেনেছি, যোগাযোগমন্ত্রী ঢাকার জনসাধারণের দুর্ভোগ লাঘবের জন্য ১০০টি নতুন বিআরটিসি বাস চালু করছেন। আশা করি, তিনি উত্তরার যাত্রীসাধারণ, বিশেষ করে মহাখালী এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে অধ্যয়নরত উত্তরার ছাত্রছাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে উত্তরা থেকে ফ্লাইওভার হয়ে মহাখালী রোডে একটি নতুন বাসরুট চালু করে শত শত শিক্ষার্থীর দৈনন্দিন কষ্ট দূর করবেন। আদিবা আসরি শিক্ষার্থী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়।