যোগাযোগমন্ত্রীর সুবচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের একটি উচিত কথা বলেছেন, কিন্তু কথা অনুযায়ী উচিত কাজটি কে করবে, কবে করবে; তা হয়তো তিনি জানেন না। মন্ত্রী বলেছেন, ‘শুধু সাভারের রানা নয়, দেশে আরও অনেক রানা রয়েছে।’ সাভারের অকল্পনীয় গণমৃত্যুর জন্য ব্যক্তি রানার দায় কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। কিন্তু এটাও তো সত্য, এ রকম অসংখ্য রানা দেশব্যাপী ছড়িয়ে রয়েছে এবং রানাদের তৈরি ও রক্ষার বন্দোবস্তও কম পাকা নয়।যোগাযোগমন্ত্রী আরও বলেছেন, ‘তারা (রানারা) বিভিন্ন জায়গায় মরণফাঁদ তৈরি করে রেখেছে। তাদের খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে।’ এ কথা তিনি কাকে বলছেন? যদি জনগণকে বলে থাকেন, তাহলে জনগণের বিভিন্ন অংশ তো সারা বছরই বিভিন্ন ক্ষেত্রের প্রতাপশালী রানাদের সন্ত্রাস, দুর্নীতি, দখল ও জুলুমের প্রতিবাদ করেই আসছে। রানাদের খোঁজ জনগণকে বাধ্য হয়েই রাখতে হয়। সুতরাং, জনগণকে বলার কিছু নেই। তবে এ কথা তিনি যদি খোদ সরকারকেই বলে থাকেন, তাহলে তাঁর দায়িত্বের বিষয়টি সামনে চলে আসে।প্রশাসন এবং সরকারদলীয় নেতা-কর্তাদের প্রশ্রয় ছাড়া রানাদের পক্ষে পাড়ার মাস্তান থেকে কোটিপতি হওয়া সম্ভব নয়। এ ধরনের কনিষ্ঠ নেতারা জ্যেষ্ঠ নেতা ও গডফাদারদের আশ্রয়-প্রশ্রয়ে লালিত-পালিত হয়। তাদের মাধ্যমে রাজনৈতিক আধিপত্য ও অর্থনৈতিক লুটপাট চালু রাখা হয়। জনগণকে সদুপদেশ দান কিংবা দুর্বৃত্তদের সম্পর্কে জনগণকে সজাগ করার মধ্য দিয়েই মন্ত্রীরই দায়িত্ব শেষ হয়ে যায় না। আইনের সঠিক প্রয়োগের মাধ্যমেই ‘দেশে আরও অনেক রানার দুর্বৃত্তায়ন’ ঠেকাতে হবে। নইলে রানাদের তৈরি করা মরণফাঁদ থেকে দেশের অর্থনীতি ও মানুষের জানমাল—কোনোটাই রক্ষা পাবে না। আখেরে এদের দায় সরকারের ওপরই বর্তায়। যোগাযোগমন্ত্রী ৪৪ লাখ টাকা ব্যয়ে ভুলতা-মুড়াপাড়া মহাসড়ক মেরামতের নির্মাণকাজ পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন। তিনি দেখতে পান, সেই কাজেও অগ্রগতি নেই। যোগাযোগ খাতের রানাদের বিষয়ে তিনি কী ব্যবস্থা নেন, সেটাই এখন দেখার বিষয়।