যোদ্ধাকে রাখলাম স্বপ্নের ভেতরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭২ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাস। বাংলাদেশ তখন যুদ্ধের ক্ষতচিহ্ন-লাঞ্ছিত। রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা বিধ্বস্ত। রাজধানী ঢাকার বিদ্যুৎ সংযোগ ছিন্নবিচ্ছিন্ন। রাতের ঢাকার বহু এলাকাই নিরালোক থাকত। কিন্তু সদ্য স্বাধীনতাপ্রাপ্তির গৌরবে আর আনন্দে আলোকিত ছিল দেশবাসীর হূদয় আর জগৎসংসার। তেমনই এক আলোকোজ্জ্বল সকালে ফরহাদ ভাই এলেন আমাদের বাসায়। যত দূর মনে পড়ে, নূরুল ইসলাম এবং আরও কয়েকজনের সঙ্গে জরুরি মিটিংয়ে বসেছিলেন তিনি। মিটিং শেষে কুশল বিনিময় করে তিনি আমার কাছে ডি এইচ লরেন্সের কোনো কবিতার বই আছে কি না জানতে চাইলেন। আমি একটু বিস্মিত হয়েছিলাম। ডি এইচ লরেন্স তাঁর উপন্যাসের জন্যই সমধিক খ্যাত। কবিতানুরাগী বাঙালি পাঠক, যাঁরা ইংরেজি কবিতা পড়েন তাঁরা সাধারণত শেলি-কিটস কিংবা এলিয়ট-ইয়েটস-অডেন পড়েন। বিশেষ সাহিত্যরুচি না থাকলে লরেন্সের কবিতার আগ্রহী পাঠক বড় একটা দেখা যায় না। ফরহাদ ভাই সেদিন আমার কাছ থেকে ডি এইচ লরেন্সের একটি কবিতা সংকলন নিয়েছিলেন। পড়া শেষ হলে বইটি ফেরত দেওয়ার সময় তিনি আমাদের দেশের সাহিত্য ও সাহিত্যিকদের সম্পর্কে কিছু আলোচনা করেছিলেন। সেটি সাহিত্য-আলোচনা ছিল না। সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে ব্যক্তিমানুষের অনিবার্য সম্পর্কের কথা তিনি বলেছিলেন। মানুষের ব্যক্তিত্বের বিকাশে এবং সমাজে মুক্তবুদ্ধির প্রতিষ্ঠায় সাহিত্যের ভূমিকা সম্পর্কে তাঁর ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিচয় পেয়ে আমি আশ্বস্ত হয়েছিলাম। বিপ্লবী ও বামপন্থী রাজনীতিবিদদের একসময়ে কট্টর আদর্শবাদী ও নীতিবাগীশ বলে মনে করা হতো। মোহাম্মদ ফরহাদ আদর্শবাদী ও নীতিনিষ্ঠ ছিলেন। কিন্তু উদারতা, আধুনিকতা ও সংস্কারমুক্তিও তাঁর অভীষ্ট ছিল। জীবনের সব সত্যকে সহজভাবে স্বীকার করার সাবলীলতা তাঁর ভেতর লক্ষ করেছি। জীবনঘনিষ্ঠ হওয়া এবং মানবিক জীবনের তুচ্ছতাগুলো উপলব্ধি করা রাজনীতির জন্য অপ্রয়োজনীয় নয়, এটা তিনি বুঝেছিলেন। তিনি আদর্শবাদী ও নীতিমান ছিলেন, কিন্তু গোঁড়া ছিলেন না। তিনি বেঁচে থাকলে সমাজতন্ত্রের মূল ধারণাকে জনগণের ভেতরে সঞ্চারণ করা অনেক সহজ হতো। দেশের বিভিন্ন স্তরের, এমনকি সাহিত্য ও শিল্পাঙ্গনের মুক্তমনা মানুষদের আস্থাভাজন হয়েছিলেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আস্থাও তিনি অর্জন করেছিলেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কার্যক্রমের প্রতিও তাঁর গভীর আগ্রহ ও সমর্থন দেখেছি। আমার বর নূরুল ইসলাম মোহাম্মদ ফরহাদের রাজনৈতিক দৃঢ়তা ও অঙ্গীকার সম্পর্কে গভীর আস্থা পোষণ করতেন। বাম ও সমাজতান্ত্রিক রাজনীতিকে মোহাম্মদ ফরহাদ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি নতুন ধারায় প্রবাহিত করতে পারবেন বলে নূরুল ইসলাম বিশ্বাস করতেন। এ ক্ষেত্রে ব্যক্তি মোহাম্মদ ফরহাদের চমৎকার ব্যক্তিত্বের একটি ইতিবাচক ভূমিকা ছিল। প্রায় সবার জন্য তাঁর দ্বার অবারিত ছিল। ১৯৮২ সালে একটা রিকশা অ্যাকসিডেন্ট করে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ি। বছর খানেক আমি শয্যাশায়ী ছিলাম। আমার স্বজন ও শুভানুধ্যায়ীরা আমার সুস্থ হয়ে ওঠার ব্যাপারে উদ্বিগ্ন হন। কবি বেলাল চৌধুরী, কবি রফিক আজাদ, কবি রবিউল হুসাইন, কবি হেলাল হাফিজ প্রমুখ আমার উন্নত চিকিৎসার জন্য পত্রিকা মারফত সরকারের কাছে আবেদন করেন। নূরুল ইসলাম ফরহাদ ভাইয়ের সঙ্গে এবং কবি-সাহিত্যিকদের সঙ্গে আমার চিকিৎসার বিষয়ে আলোচনা করেছিলেন। স্বাধীনতার পর সমাজতান্ত্রিক দেশগুলোর সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সাংস্কৃতিক চুক্তি হয়েছিল। এ দেশের সাহিত্য ও সংস্কৃতিকর্মীদের প্রয়োজনীয় উন্নত চিকিৎসার ক্ষেত্রে সমাজতান্ত্রিক দেশের সরকার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছিল। একদিন ফরহাদ ভাই আমাকে দেখতে এসে জানালেন, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া এবং আরও একটি সমাজতান্ত্রিক দেশের দূতাবাস থেকে চিকিৎসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ফরহাদ ভাইয়ের ঐকান্তিক চেষ্টা ও তৎপরতায় চেকোস্লোভাকিয়ায় আমার চিকিৎসার ব্যবস্থা হয়। ১৯৮৩ সালে চেকোস্ল্লোভাকিয়ার কার্লোভিডারিতে একটি আধুনিক স্যানাটোরিয়ামে আমি চিকিৎসার জন্য যাই। তিন সপ্তাহের চিকিৎসা শেষে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরে আসি। পরে আরও কয়েকবার আমাকে চিকিৎসার জন্য চেকোস্লোভাকিয়ায় যেতে হয়েছিল। ওখানে আমি যে ব্যতিক্রমী ও উন্নত মানের চিকিৎসা পেয়েছি, তাতে এত বছর পরেও আমি সুস্থভাবে চলাফেরা করছি। ফরহাদ ভাই উদ্যোগী না হলে ও রকম ব্যতিক্রমী চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হতো না। ১৯৮৬-১৯৮৭ সালে কিছুটা দীর্ঘ সময় নূরুল ইসলাম রাজনীতিবিষয়ক লেখাপড়ার জন্য মস্কোতে ছিলেন। বিদেশে গেলে নূরুল ইসলাম দেশের খাবার খুব মিস করতেন। আমি খবর পেলাম, ফরহাদ ভাই মস্কোতে যাবেন। নূরুল ইসলামের জন্য কিছু খাবার ফরহাদ ভাইয়ের সঙ্গে পাঠাতে আমি দুরু দুরু বুকে ফরহাদ ভাইয়ের বাসায় হাজির হলাম। ফরহাদ ভাই একজন পার্টি-প্রধান। তাঁর মতো বড় মাপের নেতাকে খাবার বহন করার দায়িত্ব দেওয়াটা সমীচীন নয়। তা আমি ভালো করেই বুঝতে পারছিলাম। তবু কোথায় যেন একটা সাহস পাচ্ছিলাম, যে কারণে নিজেকে নিরস্ত করতে পারিনি। ফরহাদ ভাইয়ের বাসায় বসার ঘরে নূরুল ইসলামের বন্ধুস্থানীয় একজন ডাকসাইটে রাজনীতিবিদ বসে ছিলেন। তিনিও যুক্তিসংগত কারণেই আমাকে নিরুৎসাহিত করলেন। আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। এমন সময় ফরহাদ ভাই বেরিয়ে এলেন হাসি মুখে। আমার দিকে তাকিয়ে বললেন, ‘আমি তো যাচ্ছি, নূরুল ইসলামের সঙ্গে দেখা হবে।’ আমি তখন দ্বিধাগ্রস্ত মুখে সসংকোচে আমার আরজিটা বলে ফেললাম। ফরহাদ ভাই হো হো করে হেসে উঠলেন। বললেন, ‘এত সংকোচ করছেন কেন, আমি নিশ্চয়ই নিয়ে যাব।’ কী খুশি আমি হয়েছিলাম সেদিন, তা বলে বোঝানো যাবে না। ১৯৮৭ সালের অক্টোবর মাসে এশিয়াটিক সোসাইটির উদ্যোগে ঢাকায় বাংলা সাহিত্যের ওপর একটি গুরুত্বপূর্ণ সেমিনার হচ্ছিল। সাহিত্যের সব শাখা সম্পর্কে প্রাণবন্ত, আলোকিত আলোচনা চলছিল। কে যেন খবরটা দিল—মস্কোতে হাসপাতালে মোহাম্মদ ফরহাদ শেষনিঃশ্বাস ফেলেছেন। এক ফুৎকারে যেন উৎসব প্রাঙ্গণের সব বাতি নিভে গেল। ছুটে গেলাম কমিউনিস্ট পার্টি অফিসে। তারপর সারা দেশ আন্দোলিত করে ফরহাদ ভাইয়ের মরদেহ নিয়ে আসা হলো। এ দেশের আপামর জনগণ-শ্রমিক-কৃষক-কবি-বুদ্ধিজীবী সবাই মিলে তাঁকে এ দেশের মাটিতে সমাহিত করলেন। সেদিন বাড়ি ফিরে একটি কবিতা লিখেছিলাম। সেই কবিতা থেকে কয়েকটি পঙিক্ত আমার আজকের এই শ্রদ্ধাঞ্জলির সঙ্গে যুক্ত করলাম: আমরা আমাদের যোদ্ধাকে গৃহে নিয়ে এলাম ভ্রাতার অবশেষ মৃত্তিকায় স্থাপন করলাম...আমরা আমাদের যোদ্ধাকে রাখলাম আমাদের স্বপ্নের ভেতরেআমাদের ইতিহাসের প্রথম পাতায়; বিপ্লবের অন্তস্তলে। রুবী রহমান: কবি ও সাংসদ।