যৌতুক না পেয়ে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা আঞ্জুয়ারা খাতুনের ভ্রু ও মাথার চুল কেটে একেবারে ন্যাড়া করে দিয়েছেন তাঁর স্বামী আবদুল মালেক। আঞ্জুয়ারার অপরাধ হচ্ছে, তিনি স্বামীর দাবিমতো বাবার বাড়ি থেকে যৌতুক এনে দেননি।
কী নির্মম ঘটনা! একুশ শতকে যখন আমরা সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ঘটছে বলে দাবি করছি, তখন নারীরা মধ্যযুগীয় বর্বরতার শিকার হচ্ছেন। আর এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখা যায় অন্ধ ও বধিরের ভূমিকায় অবতীর্ণ হতে।
প্রথম আলোতে প্রকাশিত খবরে বলা হয়, মাস কয়েক আগে আঞ্জুয়ারাকে বাবার বাড়ি থেকে টাকা আনতে চাপ দেন মালেক। কিন্তু পক্ষাঘাতগ্রস্ত বাবার কাছে টাকা চাইতে অস্বীকৃতি জানান তিনি। এতে তাঁর ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। পরে প্রতিবেশী এক নারীর সহায়তায় তিনি পালিয়ে বাবার বাড়ি চলে আসেন। এ ঘটনায় আঞ্জুয়ারার পরিবার বাগমারা থানায় মামলা করলেও পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করেনি। পরে এলাকাবাসী মালেককে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করে।
এখানে প্রশ্ন হলো, মামলা করার পরও কেন থানা-পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করল না? পুলিশ বলতে পারে, তারা আসামিকে খুঁজে পায়নি। পুলিশ যদি আসামিকে খুঁজেই না পাবে, এলাকাবাসী তাঁকে থানায় সোপর্দ করল কীভাবে? আসলে সরষের ভেতরেই ভূত রয়ে গেছে। যাদের ওপর দুষ্টের দমন ও শিষ্টের পালনের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরই কেউ কেউ দুষ্টকে রক্ষায় তৎপর রয়েছেন।
প্রথমত, তদন্ত করে দেখা হোক কার বা কাদের গাফিলতির কারণে আসামি ধরা পড়ল না? দ্বিতীয়ত, নির্যাতিত আঞ্জুয়ারার মামলাটির সঠিক তদন্ত হতে হবে, যাতে অপরাধী কোনোভাবে পার না পান। যৌতুক ও নারী নির্যাতনের অনেক মামলাই মাঝপথে হারিয়ে যায় সুষ্ঠু তদন্তের অভাবে। এ ক্ষেত্রে তেমনটি হবে না আশা করি। এ ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।