রংপুর সিটি নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নির্বাচনের তুলনায় রংপুর সিটি করপোরেশন নির্বাচনের পরিসর ছোট। প্রায় চার লাখ ভোটারের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান রংপুর সিটি করপোরেশন। কিন্তু কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের জন্য এই নির্বাচন একটি বড় পরীক্ষা হিসেবেই বিবেচিত হবে।

আগামী বছরের শেষে কিংবা তার পরের বছরের শুরুতে জাতীয় নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গন সরগরম হতে শুরু করেছে। জাতীয় নির্বাচনের আগে বছরজুড়ে যে অনেকগুলো সিটি নির্বাচন হচ্ছে, তারই প্রথমটি হলো রংপুর। এরপর পর্যায়ক্রমে সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন হবে। ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের মৃত্যুর পর সেখানেও উপনির্বাচন জরুরি হয়ে পড়েছে। ইতিমধ্যে ফেব্রুয়ারির শেষে ঢাকা উত্তরের তফসিল ঘোষিত হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
সেদিক থেকে বছর শেষের এই নির্বাচন দিয়ে যে সূচনা, তা সামনের বছরজুড়েই অব্যাহত থাকবে। বাংলাদেশে নির্বাচন জনগণের কাছে উৎসব, যদিও পূর্বাপর সরকারের আমলে ক্ষমতাসীনেরা সেই উৎসবকে বিষাদে পরিণত করতে দ্বিধা করেননি। আমরা মনে করি, রংপুরসহ সামনের সিটি নির্বাচনগুলো যদি নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে পারে, তা জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরিতে সহায়ক হবে। তবে এ ব্যাপারে নির্বাচন কমিশনের যেমন গুরুদায়িত্ব আছে, তেমনি রাজনৈতিক দলগুলোর দায়ও অস্বীকার করা যায় না। প্রতিদ্বন্দ্বী প্রার্থী তথা দলগুলোর সহায়তা ছাড়া কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারে না।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) গত সোমবার সংবাদ সম্মেলন করে সৎ ও যোগ্য প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, যাকে খুশি তাকে নয়, জেনে–বুঝে যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে। কিন্তু এ ক্ষেত্রে প্রতিনিধি বাছাই প্রক্রিয়া কিংবা ভোটানুষ্ঠান অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার বিকল্প নেই। আর সেই কাজটি করতে হবে নির্বাচন কমিশনকেই।
বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রংপুর সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারকাজ মোটামুটি শান্তিপূর্ণই ছিল। আজ বাদে কাল ভোট গ্রহণ। সেই পর্বেও কমিশনকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে, যাতে কেউ পরিবেশ বিঘ্নিত করতে না পারে। প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচনে ভালো প্রার্থী জিতে আসুক, সেটি সবার প্রত্যাশা।

সাম্প্রতিক কালে স্থানীয় পর্যায়ের নির্বাচনে যে মন্দ ধারা চলে এসেছে, তার অবসান হোক। বাংলাদেশে আর যেন কোনো কারচুপি কিংবা দখলবাজির নির্বাচন না হয় এবং সেই ধারার শুভ সূচনা হোক রংপুর থেকেই।