রকিব কমিশনের 'সাফল্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রকিব কমিশন শুরু থেকে যে ‘কানে দিয়েছি তুলা চোখে দিয়েছি ঠুলা’ নীতি অনুসরণ করে আসছিল, সেটি শেষ দিন পর্যন্ত রক্ষা করেছে। রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের সমালোচনা তারা কদাচিৎ আমলে নিয়েছে।

রকিব কমিশনের কার্যকালকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে তারা যতগুলো নির্বাচন করেছে, সেসব নিয়ে বড় ধরনের বিতর্ক হয়নি। সেই কৃতিত্ব তাদের দিতেই হবে। কিন্তু দশম সংসদ নির্বাচনের পর প্রায় প্রতিটি নির্বাচন শেষ হয়েছে সংঘাত-সংঘর্ষ ও ভোট জালিয়াতির মধ্য দিয়ে।

কাজী রকিবউদ্দীন আহমদ দাবি করেছেন, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে তাঁদের ওপর কোনো চাপ ছিল না। তাঁর দাবি সত্য হলে গত পাঁচ বছরে নির্বাচনের নামে যেসব কেলেঙ্কারি বা অঘটন হয়েছে, যত মানুষের জীবন গেছে, তার পুরো দায়ও কমিশনকেই নিতে হবে। যেকোনো নির্বাচন কমিশনের দায়িত্ব স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকার ভিত্তিতে এমন নির্বাচনের ব্যবস্থা করা, যাতে জনগণ পছন্দসই প্রার্থী বাছাই করে নিতে পারে।

তর্কের খাতিরে যদি আমরা ধরেও নিই যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকার কারণে ৫ জানুয়ারির নির্বাচনে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়েছেন; কিন্তু পরবর্তী নির্বাচনগুলোতে সব দল অংশ নেওয়ার পরও কেন জনগণ নির্ভয়ে ও নির্বিঘ্নভাবে প্রার্থী বাছাই করার সুযোগ পেল না? সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন যে সুষ্ঠু হয়েছে, তাতে কমিশনের তেমন কৃতিত্ব ছিল বলে মনে হয় না; বরং প্রতিদ্বন্দ্বী দল ও প্রার্থীরা প্রশংসার দাবি করতে পারেন।

রকিব সাহেবরা এই সাংবিধানিক প্রতিষ্ঠানটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন, এ জন্য জাতির কাছে দায়বদ্ধ থাকতে হবে।