রক্তাক্ত শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল প্রথম আলোর শেষ পাতার প্রথম কলামে গুরুতর আহত শিক্ষার্থী এহসান রফিকের সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী এবং সলিমুল্লাহ হলের আবাসিক ছাত্র। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হলের ছাত্রলীগের নেতারা দফায় দফায় তাঁকে মারধর করেন এবং তাঁর মুখমণ্ডল রক্তাক্ত করেন। আঘাতে তাঁর চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার সূত্রপাত এহসান রফিকের কাছ থেকে ওই বিশ্ববিদ্যালয়েরই মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক একটি ক্যালকুলেটর ধার নেওয়া নিয়ে। এহসান ক্যালকুলেটর ফেরত চাইলে ওমর ফারুক ছাত্রলীগ নেতাদের শরণাপন্ন হন। আর ‘বিচারক’ ছাত্রলীগ নেতারা এহসানকে মারধর করেন। এরপর ঘটনা ভিন্ন খাতে নিতে তাঁর কাছ থেকে ‘আমি শিবির করি’ মর্মে মুচলেকা লিখিয়ে নিতে চেষ্টা করেন। কিন্তু এহসান রাজি না হওয়ায় ছাত্রলীগ নেতারা দ্বিতীয় দফায় তাঁকে মারধর করে হাসপাতালে পাঠিয়ে দেন।

এহসান তাঁর ক্লাসে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছেন। ছাত্রলীগ কি বেছে বেছে মেধাবী শিক্ষার্থীদেরই টার্গেট করে? কয়েক বছর আগে এই হলেই ছাত্রলীগের ‘মধ্যরাতের বাধ্যতামূলক রাজনৈতিক ক্লাসে’ যোগ দিতে গিয়ে আরেক শিক্ষার্থী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। তাঁর বাবা বেবিট্যাক্সিচালক। এফ রহমান হলের আরেক মেধাবী শিক্ষার্থী ছিলেন টাঙ্গাইলের আবু বকর ছিদ্দিক। আসন বরাদ্দ নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে তিনি মারা যান। অথচ আদালতের বিচারে এই মামলার অভিযুক্ত সব ছাত্রলীগ নেতা বেকসুর খালাস পান।

এহসানের বাবা রফিকুল ইসলাম একটি বেসরকারি টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি। তিনি হল প্রাধ্যক্ষের কাছে লিখিত আবেদন করেছেন প্রতিকার চেয়ে। ছাত্রলীগের যেসব নেতা এহসানকে মারধর করেছেন, তাঁদের নামও গণমাধ্যমে এসেছে। অভিযুক্তদের বিরুদ্ধে হল প্রাধ্যক্ষ কী ব্যবস্থা নেন, সেটাই এখন দেখার বিষয়। হল কর্তৃপক্ষের দায়িত্ব হলের প্রত্যেক আবাসিক ছাত্রের নিরাপত্তা দেওয়া। তারা এহসানের নিরাপত্তা
দিতে পারেনি।

আবু বকরের রায়ের পর প্রথম আলো শিরোনাম করেছিল, ‘আবু বকরকে কেউ খুন করেনি?’ আমরা সামনে ‘এহসানকে কেউ আক্রমণ করেনি?’ এমন শিরোনাম দেখতে চাই না। আশা করি বিশ্ববিদ্যালয় বা হল কর্তৃপক্ষ শিক্ষার্থীর অভিভাবক হবে, ছাত্রলীগের পাহারাদার নয়। কাউকে মারধর করা ফৌজদারি অপরাধ। অতএব, প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়াও জরুরি।