বছর ঘুরে আবার এল একুশে ফেব্রুয়ারি; আমাদের অন্তহীন প্রেরণার উৎস। ১৯৫২ সালের এই দিনে বাঙালি তরুণদের আত্মদান পরবর্তী সময়ে শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ওই উৎস থেকে জেগেছিল গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন; সে স্বপ্ন পূরণের লক্ষ্যে দানা বেঁধেছিল সংগ্রাম। স্বাধীনতাসংগ্রাম, সশস্ত্র মুক্তিযুদ্ধসহ ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়ে আমাদের পথ দেখিয়েছে একুশে ফেব্রুয়ারি।
আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে আত্মদানের এই দিবসটি একপর্যায়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। ২১ ফেব্রুয়ারি এখন শুধু আমাদের ভাষাশহীদ দিবস নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও বটে। মাতৃভাষার জন্য বাঙালির আত্মত্যাগের মহিমা ব্যাপ্ত হয়েছে পৃথিবীর সব জাতিগোষ্ঠীর মাতৃভাষার স্বীকৃতির মধ্য দিয়ে। বিশ্বের প্রতিটি জনগোষ্ঠীর নিজ নিজ মাতৃভাষা সংরক্ষণ ও বিকাশের বিষয়টি তাদের রাজনৈতিক অধিকারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। আমাদের এই দেশেও সংখ্যাগরিষ্ঠ বাঙালির ভাষা ও সংস্কৃতির পাশাপাশি সব সংখ্যালঘু জনগোষ্ঠীর মাতৃভাষা ও সংস্কৃতির স্বকীয়তা প্রকাশের সুযোগ অবারিত রাখা প্রয়োজন।
ফেব্রুয়ারি মাসজুড়ে সারা দেশে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন হয়। ঢাকায় মাসব্যাপী উৎসব চলে বাংলা একাডেমি আয়োজিত বইমেলা ঘিরে। ঢাকার বাইরে বিভিন্ন শহরেও নানা অনুষ্ঠানের মাধ্যমে আমরা ভাষাশহীদদের স্মরণ করি।
কিন্তু প্রতিবছরই আমরা বলি, আজও জাতীয় জীবনের সর্বস্তরে বাংলা ভাষার প্রবর্তন হলো না। সরকারি কাজকর্মে বাংলা চালু থাকলেও ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা, গবেষণাসহ নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইংরেজিরই প্রাধান্য। বাংলায় আইন প্রণীত হচ্ছে, কিন্তু উচ্চ আদালতে বাংলা চালু হয়নি। বিদ্যালয়ে বাংলা অবহেলিত; ইংরেজি মাধ্যমের প্রসার ঘটে চলেছে। শিক্ষাসহ জীবনের সর্বস্তরে বাংলা ভাষা চালু করার ব্যাপক উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রথমে প্রয়োজন একটি জাতীয় ভাষা-পরিকল্পনা। পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন বাংলা ভাষার বিকাশের লক্ষ্যে নিরন্তর কাজ করে যাওয়া।
একুশের চেতনা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখা চলে না। সর্বস্তরে মাতৃভাষার প্রচলনই হবে ভাষাশহীদদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন।