রজতরেখার উৎসমুখ দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

বাংলাদেশে নদী ও জীবন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। একসময় এ ভূখণ্ডে ১ হাজার ৩০০ নদ-নদী ছিল। এখন মাত্র ৪০৫টি টিকে আছে। অবাধ দখল, ভরাট করে স্থাপনা নির্মাণ এবং বর্জ্য ফেলে দূষণ অব্যাহত থাকায় সেগুলোর অনেকগুলোও মরতে বসেছে। নদী দখল ও দূষণের এ কাজে বেশির ভাগ ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিরা জড়িত। একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ভাইদের দখলে মুন্সিগঞ্জের রজতরেখা নদীটি মরতে বসেছে। নদীটির উৎসমুখে মাটির বাঁধ দিয়ে রাস্তা বানানো হয়েছে। ফলে নদীর প্রবাহই আটকে গেছে।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, পদ্মা নদী থেকে উৎপত্তি হয়েছে রজতরেখার। একসময় নদীটি ৪৮০ ফুটের মতো চওড়া ছিল। বর্ষাকালে কানায় কানায় পূর্ণ থাকত। দেশি মাছের বড় উৎস ছিল এই নদী। ছোট-বড় লঞ্চ-স্টিমার, ট্রলার, মালবাহী নৌকা চলাচল করত। বর্তমানে নদীটি মরা খালে পরিণত হয়েছে। নদীটি এখন কোথাও ৩০ ফুট, ৪০ ফুট বা ৫০ ফুটের মতো চওড়া। সেই নদীর উৎসমুখেই মাটি দিয়ে ভরাট করে চলাচলের রাস্তা বানানো হয়েছে। নদী থেকে অবাধে মাটি কেটে বিক্রি করা হচ্ছে।

অভিযোগ উঠেছে, মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেমের ছোট ভাই ইসমাইল ব্যাপারী নদীর উৎসমুখ ভরাট করেছেন। আর তাঁর চাচাতো ভাই শাহাদাত ব্যাপারী ও তাঁর অনুসারীরা নদীর দুই পাশ দখল করে চলেছেন। নিজেদের অপরাধের সাফাই গাইতে গিয়ে ইউপি চেয়ারম্যান ও তাঁর ভাইয়েরা রজতরেখার দখলকৃত অংশকে নিজেদের ‘রেকর্ডীয় সম্পদ’ বলে দাবি করেছেন।

নদীর বাঁচা-মরার ওপর বাংলাদেশের অস্তিত্ব জড়িত উল্লেখ করে ২০১৯ সালে উচ্চ আদালত নদীকে জীবন্ত সত্তা ঘোষণা দেন। দেশের সব নদ-নদীর দূষণ ও দখলমুক্ত করে সুরক্ষা, সংরক্ষণ ও উন্নয়নের নিমিত্তে ‘নদী রক্ষা কমিশন’ আইনগত অভিভাবক ঘোষণা করা হয়। নদ-নদীসংশ্লিষ্ট সব সংস্থা অধিদপ্তর ও মন্ত্রণালয় এ কাজে কমিশনকে সহযোগিতা করবে। নদী রক্ষায় এ রায় নিঃসন্দেহে যুগান্তকারী। প্রশ্ন হলো, এ রায়ের পরও রজতরেখার উৎসমুখ ভরাট ও দখলের মতো ঘটনা কী করে ঘটে?

পরিবেশবিদদের আশঙ্কা, নদীটির দখলকৃত অংশ যদি উচ্ছেদ করা না হয়, তাহলে নদীর প্রবাহ কমে গিয়ে দখলের পরিমাণ দিন দিন আরও বাড়বে। মুন্সিগঞ্জ জেলা প্রশাসক জানিয়েছেন, যারা নদী দখল ও মাটি বিক্রি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে নদী ও খালের প্রবাহ আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে।