রপ্তানিতে সুখবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজায় রাজায় যুদ্ধ হলে উলুখাগড়ার প্রাণ যায় বলে যে বাংলা প্রবাদটি আছে, বাংলাদেশের ক্ষেত্রে সেটি ভুল প্রমাণিত হয়েছে। বাণিজ্য নিয়ে বিশ্ব অর্থনীতির দুই মোড়ল যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সাম্প্রতিক কালে যে লড়াই চলছে, তা থেকে ইতিমধ্যে সুফল পেতে শুরু করেছে বাংলাদেশ। উল্লেখ করা প্রয়োজন যে চীন যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রও পাল্টা ব্যবস্থা হিসেবে ওই দেশটির পণ্যের ওপর আমদানি শুল্ক বাড়িয়ে দেয়। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ক্রেতারা চীনে না গিয়ে বাংলাদেশের দিকে ঝুঁকেছেন।

তৈরি পোশাক খাতে বাংলাদেশ তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হলেও প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা যথাক্রমে চীন ও ভিয়েতনাম থেকে এখনো অনেক পিছিয়ে আছে। যুক্তরাষ্ট্রে চীনা পণ্য রপ্তানি কমে যাওয়া এবং বাংলাদেশি পণ্যের রপ্তানি বেড়ে যাওয়া নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক। প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের বাজারে ৪১৬ কোটি ৮০ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এটি গত বছরের একই সময়ে রপ্তানি হওয়া ৩৯৩ কোটি ৮১ লাখ ডলারের চেয়ে ৫ দশমিক ৮৪ শতাংশ বেশি। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির ৬ দশমিক ৪১ শতাংশ দখলে ছিল বাংলাদেশের। আর গত সেপ্টেম্বর শেষে সেটি বেড়ে ৬ দশমিক ৪৬ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রে আমাদের বাণিজ্য হিস্যাও বেড়েছে। ভিয়েতনামের চেয়ে রপ্তানিতে আমরা পিছিয়ে থাকলেও বাংলাদেশ বাণিজ্য প্রবৃদ্ধিতে কাছাকাছি চলে এসেছে। গত জানুয়ারিতে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছিল আড়াই শতাংশ। আট মাসের ব্যবধানে তা দ্বিগুণ হয়েছে। নতুন ক্রেতা আসায় আমাদের তৈরি পোশাক রপ্তানি আরও বাড়বে।

তবে তৈরি পোশাক খাতে রপ্তানির এই প্রবৃদ্ধি ধরে রাখতে হলে পুরোনো বাজারে আমাদের অবস্থান সংহত করার পাশাপাশি নতুন বাজার ধরার বিকল্প নেই। একই সঙ্গে তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ আরও উন্নত করতে হবে। অনেক কারখানা এখনো নিয়মনীতি মানছে না। নিয়মিত বেতন-ভাতা না পাওয়ায় অনেক কারখানায় শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের ঘটনাও ঘটছে। অন্যদিকে শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ নিয়েও মালিক ও শ্রমিকপক্ষ মুখোমুখি অবস্থানে আছে। বিশেষজ্ঞরা বলছেন, পাঁচ বছর পর তৈরি পোশাক খাতের শ্রমিকদের যে মজুরি নির্ধারণ করা হয়েছে, তাতে প্রকৃত মজুরি বাড়েনি; অথচ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যেরই দাম বেড়েছে। তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ধরে রাখতেই অবিলম্বে মজুরি বিরোধের একটি যুক্তিসংগত সমাধান হওয়া জরুরি। যেকোনো শিল্পের বিকাশ নিশ্চিত করতে এবং কাঙ্ক্ষিত সাফল্য পেতে হলে শ্রমিকদের ন্যায্য মজুরি দিতেই হবে।

এদিকে ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নভুক্ত (ইইইউ) দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যগুলো শুল্কমুক্তভাবে প্রবেশের যে সুযোগ তৈরি হয়েছে, সেটিও আমাদের কাজে লাগাতে হবে। ইইইউভুক্ত পাঁচ দেশ হচ্ছে রাশিয়া, বেলারুশ, কাজাখস্তান, আর্মেনিয়া ও কিরগিজস্তান। এ ব্যাপারে গত সপ্তাহে মস্কোতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে একটি প্রটোকল সই হয়। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার সঙ্গে ব্যবসা-বাণিজ্যের গতি আনতে সুষ্ঠু ব্যাংক লেনদেন জরুরি, যা বর্তমানে নেই। ফলে বাংলাদেশের ব্যবসায়ীরা রাশিয়াসহ সিআইএসভুক্ত দেশগুলোর সঙ্গে ব্যবসা করতে অনেকটা নিরুৎসাহিত বোধ করেন। ব্যাংক লেনদেন চালু হলে তৃতীয় দেশ অর্থাৎ তুরস্ক, পোল্যান্ড—এসব দেশের ওপর আর নির্ভর করতে হবে না। ২০১৭ সালে বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল ১৬০ কোটি ডলার, আগামী তিন বছরের মধ্যেই এ বাণিজ্য  এক হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। তবে সে ক্ষেত্রে আমাদের বাণিজ্যিক কূটনীতি যেমন জোরদার করতে হবে, তেমনি অপ্রচলিত পণ্য রপ্তানির ওপরও বিশেষ জোর দিতে হবে।